‘আরেকটু ওপরে…’, দশমীতে সুস্মিতাকে সিঁদুর দিলেন সাহেব! বিয়ের আগে কি সেরে ফেললেন শুভকাজ?

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কখনও একে অপরের সঙ্গে সাজ মিলিয়ে পুজোয় হাজির হওয়া, কখনও আবার পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানো সবেতেই নতুন করে চর্চা শুরু হয় তাঁদের বিয়ে নিয়ে। এবার বিজয়া দশমীর সিঁদুর খেলার মুহূর্ত যেন সেই জল্পনাতেই আরও খানিকটা রং চড়াল। দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে সুস্মিতার গালে সিঁদুর পরিয়ে দিলেন সাহেব। আর সেই দৃশ্য দেখেই উপস্থিত সাংবাদিকদের মজার মন্তব্য, ‘সাহেব, আরেকটু ওপরে!’

ঐতিহ্যবাহী সাজে এদিন নজর কাড়েন সুস্মিতা। লালপাড় সাদা শাড়ি, গলায় সোনালি হার, খোঁপায় ফুলের মালা দশমীর সাজে অভিনেত্রীকে দেখাচ্ছিল বেশ সুন্দর। অন্যদিকে হালকা রঙের কুর্তার সঙ্গে লালচে জ্যাকেটে ধরা দেন সাহেব। প্রতিমার সামনে দু’জনের এই মুহূর্তে চোখে পড়ে তাঁদের পারস্পরিক বোঝাপড়া ও স্বচ্ছন্দতা। সিঁদুর খেলার সময় সুস্মিতার গালে সিঁদুর লাগিয়ে দেন সাহেব। আর তা দেখেই মজা করতে শুরু করেন সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

সাহেব-সুস্মিতার বিয়ে নিয়ে অবশ্য এই প্রথম আলোচনা হচ্ছে না। বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি চার হাত এক হতে পারে এই জুটির। অষ্টমীর দিনেও বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসতে দেখা গিয়েছিল দু’জনকে। সুস্মিতা জানিয়েছিলেন, গরমকালে বিয়ে করতে চান না তিনি। অন্যদিকে সাহেবও বিয়ের দিনক্ষণ নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করেননি। ফলে তাঁদের সাম্প্রতিক সিঁদুর খেলার মুহূর্ত ঘিরে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।

‘কথা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই সাহেব ও সুস্মিতাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন শুরু হয়। বর্তমানে দু’জনকে আলাদা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেলেও তাঁদের ব্যক্তিগত সমীকরণ নিয়ে চর্চা থামেনি। পুজোর বিভিন্ন মুহূর্তেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এমনকী সাহেবের পরিবারের সঙ্গেও সুস্মিতার ঘনিষ্ঠতা অনুরাগীদের নজর এড়ায়নি। সব মিলিয়ে বিয়ের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে।

আরও পড়ুনঃ “মা দুর্গার কাছে নিজের মায়ের মতোই প্রার্থনা করি, বিজয়া এলেই খুব মনে পড়ে মায়ের কথা” স্মৃতিতে আবেগপ্রবণ মানালি দে! দশমীর বরণ থেকে সিঁদুর খেলা, মাকে হারানোর পরও আজও পুজো এলেই সেই দিনগুলিতে ফিরে যান অভিনেত্রী!

তবে দশমীর সিঁদুর খেলা কি সত্যিই তাঁদের বিয়ের কোনও ইঙ্গিত, নাকি নিছকই পুজোর আনন্দে ভাগ করে নেওয়া একটি সুন্দর মুহূর্ত? সেই উত্তর এখনও দেননি সাহেব বা সুস্মিতা। তাঁদের বিয়ের দিনক্ষণও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই আপাতত অনুরাগীদের অপেক্ষা, কবে নিজেদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলবেন এই তারকা জুটি।

You cannot copy content of this page