বিগ বস বাংলার ঘরে পা রাখার পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন গায়ক দুর্নিবার সাহা। এতদিন দর্শকের কাছে তাঁর মূল পরিচয় ছিল গানের জগতের পরিচিত মুখ হিসেবে। কিন্তু রিয়্যালিটি শোয়ের ঘরে এসে নিজের বুদ্ধি, ঠান্ডা মাথা এবং নানা কৌশলে প্রতিপক্ষদের টেক্কা দিচ্ছেন তিনি। কখনও কথার চাল, কখনও আবার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, সব মিলিয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছেন দুর্নিবার। এমনকী, সপ্তাহান্তে বিগ বসের ঘরে এসে যাঁরা প্রতিযোগীদের সমর্থন জানাতে বা তাঁদের নিয়ে কথা বলতে আসেন, তাঁদের মধ্যেও অনেককে দুর্নিবারের প্রশংসা করতে দেখা গিয়েছে। তবে তাঁর জনপ্রিয়তা বাড়লেও সমালোচকের সংখ্যাও কম নয়। নেটপাড়ার একাংশের মতে, দুর্নিবারের গানের গলা যতটা ভালো, মানুষ হিসেবে তাঁর ব্যবহার নাকি ততটা ভালো নয়। আর এবার তাঁকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করলেন তাঁরই একসময়ের সহ-প্রতিযোগী সৌম্য চক্রবর্তী।
সম্প্রতি বিগ বস বাংলায় হয়েছে পারিবারিক সপ্তাহ। সেই পর্বে দুর্নিবারের মা ডালিয়া সাহা ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে অন্য প্রতিযোগীদের পরিবারের সদস্যদের মতো তিনি সকলের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেননি বলেই মনে করছেন দর্শকদের একাংশ। বরং ছেলের পক্ষ নিয়ে জিতু কমল এবং সৃজলা গুহকে মিষ্টি কথায় খোঁচা দিতে দেখা যায় তাঁকে। এমনকী, দুর্নিবারের সঙ্গে আলোচনা করে রাজবীর দেকে ক্যাপ্টেন্সি প্রতিযোগী হিসেবেও বেছে নেন তিনি। জিতু যখন বাড়ির পরিবেশ নিয়ে দমবন্ধ পরিস্থিতির কথা বলছিলেন, তখন দুর্নিবার ও তাঁর মাকে একসঙ্গে হাসাহাসি করতে এবং হাই ফাইভ দিতে দেখা যায়। এই ঘটনাগুলি নিয়েই সমাজ মাধ্যমে সরব হয়েছেন অভিনেতা ভিভান ঘোষ। তিনি নিজের পোস্টে লিখেছেন, ‘#BiggBoss এ কালকের এপিসোড দেখলাম। এবং একটা কথা না বলে থাকতে পারছিনা। যদি ভুল বলি ক্ষমা করবেন, যেই জিতুক দুর্নিবার যেন না যেতে। গাছ ও খারাপ এবং ফল ও খারাপ। ব্যস এই টুকুই বলবো। বাকিটা মানুষ বিচার করুক।’ অর্থাৎ দুর্নিবারের পাশাপাশি তাঁর মায়ের আচরণ নিয়েও আপত্তি জানিয়েছেন অভিনেতা।
এবার দুর্নিবারকে নিয়ে মুখ খুললেন তাঁর সারেগামাপা-র সময়কার সহ-প্রতিযোগী সৌম্য চক্রবর্তী। এর আগেও একাধিকবার সমাজমাধ্যমে দুর্নিবারকে নিশানা করে পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। তবে সেই সময় তাঁর মন্তব্যের জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সৌম্যকে। এবার যেন সেই পুরনো সমালোচকদেরই জবাব দিলেন তিনি। নিজের ফেসবুক পোস্টে সৌম্য লেখেন, ‘লোকজনের বোধোদয় এত দেরিতে হয় যে হাসি পায়! যখন শুরুতেই আমি বলেছিলাম যে ও পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান… মুখে একটা ভোলা ভালা, ভাজা মাছ উল্টে খাই না এক্সপ্রেশান রেখে ঘোরে। ও আদতে কি সেটা আমরা জানি যারা একটা গোটা বছর সামনে থেকে দেখেছি। ওমা লোকজনের পাছায় আগুন লেগে গেল… এখন তারাই দেখি ওকে খিস্তি মারছে …!! গরীবের কথা বাসি হলে মিষ্টি হয়।’ অর্থাৎ সৌম্যর দাবি, দুর্নিবারের আসল স্বভাব সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন। তাঁর মতে, যাঁরা একসময় তাঁর কথার বিরোধিতা করেছিলেন, তাঁরাই এখন দুর্নিবারের সমালোচনা করছেন।
আরও পড়ুনঃ “একজন পুরুষের কাছ থেকে আসা এমন মন্তব্যকে অত্যন্ত অসম্মানজনক, জিতু কমল ও ভরত কলের আচরণ খুব খারাপ!” “বাবা-মা তুলে কথা বলা, বারবার নিজেকে সবচেয়ে কমবয়সি প্রমাণের চেষ্টা…বয়সে ছোট হলেই ভালো খেলোয়াড় হয় না!” নন্দিনীর খেলার ধরন থেকে অন্যান্য প্রতিযোগীদের আ’ক্রমণ, বিগ বসের ঘর দুই সপ্তাহের অভিজ্ঞতা নিয়ে বি*স্ফোরক অনুষ্কা ঘোষ! কাকে দেখছেন বিজয়ীর আসনে?
সৌম্য নিজের পোস্টে সরাসরি দুর্নিবারের নাম উল্লেখ না করলেও কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য, তা বুঝতে নেটিজেনদের অসুবিধা হয়নি। বিশেষ করে বিগ বসের সাম্প্রতিক পর্বগুলিতে দুর্নিবারের বিভিন্ন আচরণ নিয়ে যে আলোচনা চলছে, তার মধ্যেই সৌম্যর এই পোস্ট নতুন করে চর্চা তৈরি করেছে। পোস্টের মন্তব্যের ঘরেও সৌম্যর পাশে দাঁড়িয়েছেন নেটপাড়ার একাংশ। একজন নেটিজেন লিখেছেন, ‘তোমরা যারা ওখানে এক বছর ছিলে একসঙ্গে তাদের অনেকের থেকেই তোমার মতই কথা শুনেছি ওর ব্যাপারে। সবাই পাব্লিকলি বলতে সাহস পায় না, কিন্তু তুমি বলে দাও। এটাই পার্থক্য।’ অর্থাৎ যাঁরা দুর্নিবারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তাঁদের অনেকের মনেই নাকি একই ধরনের ধারণা রয়েছে বলে দাবি ওই নেটিজেনের। সব মিলিয়ে বিগ বসের ঘরে দুর্নিবারের খেলা যেমন দর্শকদের নজর কাড়ছে, তেমনই শোয়ের বাইরেও তাঁকে ঘিরে বিতর্ক থামার নাম নেই। এবার সৌম্যর এই নতুন মন্তব্যের পর সেই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।






