বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী লাবনী সরকার। দীর্ঘ অভিনয় জীবনে তপন সিনহা, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষের মতো বিশিষ্ট পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচ, কবিতা, থিয়েটার এবং সমাজ-সংস্কৃতি নিয়েও তাঁর নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। বরাবরই নিজের স্বাধীন মতামত প্রকাশ করতে পিছপা হন না অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতি, টলিউডের শিল্পীদের রাজনৈতিক যোগদান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। বিশেষ করে শিল্পীদের দলবদল এবং রাজনীতিতে তাঁদের অংশগ্রহণ কীভাবে দর্শকের মনে প্রভাব ফেলেছে, তা নিয়ে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির কথা জানিয়েছেন লাবনী।
রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে লাবনী বলেন, “রাজনীতি প্রয়োজন ততটুকুই যতটুকু তা শিল্পকলাকে, মানুষের বেঁচে থাকাকে, মানুষের দর্শনকে, মানুষের জীবনযাপনকে নষ্ট না করে দিচ্ছে, ক্ষতি না করছে।” অর্থাৎ তাঁর মতে, রাজনীতির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন, কাজের স্বাধীনতা কিংবা শিল্প-সংস্কৃতির পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতা নিয়েও কটাক্ষ করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “এটা এমন একটা প্রফেশন তুমি যেকোনো কিছু বলে দিতে পারো, তুমি যেকোনো কিছু কমিট করে দিতে পারো কিন্তু তুমি না করলেও সেটা তো কোনও ব্যাপার না!” রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে এই পেশার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়নি।
বরং রাজনীতিতে প্রবেশের অন্যতম শর্ত হিসেবে প্রতিশ্রুতি দেওয়া এবং তা পূরণ না করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। স্পষ্ট ভাষায় লাবনীর মন্তব্য, “রাজনীতি করার প্রথম যে অস্ত্র সেটা হচ্ছে তোমাকে প্রচুর মিথ্যে বলতে হবে।” তাঁর মতে, বারবার প্রতিশ্রুতি দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করার এই প্রক্রিয়া তাঁর নিজস্ব মূল্যবোধের সঙ্গে মেলে না। টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে যোগদান এবং দলবদল নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন লাবনী। তাঁর মতে, সিনেমার পর্দায় শিল্পীদের একটি আলাদা ভাবমূর্তি তৈরি হয়। দর্শক তাঁদের ভালোবাসেন, বিশ্বাস করেন এবং অনেক সময় বাস্তব জীবনের থেকেও বড় করে দেখেন। কিন্তু সেই শিল্পীরাই যখন দুর্নীতিপরায়ণ রাজনীতির স্রোতে জড়িয়ে পড়েন, তখন দর্শকের মনে আঘাত লাগে।
অভিনেত্রীর কথায়, “শিল্পীরা না তাদের কল্পনায় একটা অদ্ভুত আসর নিয়ে থাকে… তো সেই জায়গা থেকে মানে এই যে দুর্নীতিপরায়ণ যে রাজনীতির স্রোতের মধ্যে ঢুকে পড়া আর্টিস্টদের, সেটা না গভীরভাবে আহত করেছে দর্শককে।” সহকর্মীদের একের পর এক রাজনৈতিক দলে যোগ দিতে দেখেও ব্যক্তিগতভাবে কষ্ট পান তিনি। পুরনো রাজনৈতিক অবস্থান ছেড়ে নতুন রাজনৈতিক শিবিরে যোগ দেওয়ার পিছনে কী কারণ রয়েছে, তা নিয়েও তাঁর মনে প্রশ্ন তৈরি হয়। যদিও প্রত্যেক শিল্পীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে বলে মেনে নিয়েছেন তিনি। তবে তাঁর পর্যবেক্ষণ, এই প্রবণতার ফলে দর্শকের মনে অভিনেতা-অভিনেত্রীদের দীর্ঘদিনের সম্মান ও বিশ্বাসে আঘাত লেগেছে। অন্যদিকে, নিজের পড়াশোনার স্মৃতি জড়িয়ে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ যে হাত ধরে ৫২ বছর কাটিয়েছেন, সেই জীবনসঙ্গীও আর পাশে নেই! মেয়েকে হারানোর শোক এখনও কাটেনি, এবার হারালেন শেষ আশ্রয়ও! স্বামীর শেষকৃত্যের পর প্রথমবার প্রকাশ্যে মৌসুমী চট্টোপাধ্যায়, দু’জনের সাহায্য ছাড়া হাঁটতেও পারছেন না বর্ষীয়ান অভিনেত্রী? কাছের মানুষদের মৃ’ত্যুর যন্ত্রণা বুকে নিয়েই কেমন আছেন? সামনে এল তাঁর শারীরিক অবস্থার যে ছবি, দেখে চোখে জল অনুরাগীদেরও!
তাঁর মতে, যাদবপুরের ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীনভাবে চিন্তা করা, নিজের মত প্রকাশ করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটা আলাদা মানসিকতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তাঁদের স্বাধীন চিন্তাভাবনা ও সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছে। রাজনৈতিক পালাবদলকেও যাদবপুরের নিজস্ব বৈশিষ্ট্যের একটি অংশ বলে মনে করেন তিনি। তবে যাদবপুরকে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের দুর্গ হিসেবে দেখতে চান না লাবনী। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়কে ঘিরে ভাইরাল হওয়া কিছু ভিডিও দেখে খারাপ লেগেছে বলেও জানিয়েছেন তিনি। তিনি চান, যে শিক্ষা, সংস্কৃতি, স্বাধীন চিন্তাভাবনা এবং সৃষ্টিশীলতার জন্য যাদবপুর পরিচিত, সেই পরিবেশ আরও উন্নত হোক। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল এসে বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিপত্য বিস্তার করুক, তা একেবারেই কাম্য নয় তাঁর।






