বিনোদন জগতে কত শিল্পীই তো আসেন, নিজের প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করেন। কেউ সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার শিখরে পৌঁছন, আবার কেউ ধীরে ধীরে হারিয়ে যান বিস্মৃতির আড়ালে। কিন্তু এমন কিছু শিল্পী থাকেন, যাঁদের প্রতিভা কোনও জনপ্রিয়তা বা পারিশ্রমিকের মাপকাঠিতে বিচার করা যায় না। অভিনয়ের জন্য যাঁরা নিজেদের সবটুকু উজাড় করে দেন, অথচ জীবনের শেষ অধ্যায়ে তাঁদের কপালে জোটে অবহেলা আর অভাব। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তেমনই এক বিরল প্রতিভা ছিলেন কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তী। যাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়, অথচ সেই মানুষটিকেই জীবনের শেষ দিনগুলো কাটাতে হয়েছিল চরম আর্থিক অনটনের মধ্যে।
১৮৯৯ সালের ৩ মার্চ কৃষ্ণনগরের গোয়ারী গ্রামে জন্ম তুলসী চক্রবর্তীর। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে মা নিস্তারিণী দেবীকে নিয়ে কলকাতায় চলে আসেন তিনি। সংসারের দায়িত্ব সামলাতে কখনও মদের দোকানে কাজ, কখনও ঘড়ি সারানোর দোকানে কাজ, আবার কখনও ছাপাখানার কম্পোজিটর হিসেবে কাজ করেছেন। এমনকী একসময় বাড়ি থেকে পালিয়ে বর্মাগামী জাহাজে উঠে পড়েছিলেন। সেই জাহাজে থাকা বোসেস সার্কাস দলের সঙ্গে যুক্ত হয়ে প্রায় ছয় মাস কাজ করেন। মাঝেমধ্যে জোকারের সাজেও দর্শকদের হাসাতেন। পরবর্তীতে স্টার থিয়েটারে মাত্র আট টাকা মাইনের চাকরি নিয়ে অভিনয়ের জগতে পা রাখেন। ১৯২০ সালে মঞ্চে অভিনয় শুরু এবং ১৯৩২ সালে ‘পুনর্জন্ম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তাঁর।
এরপর কয়েক দশকে বাংলা ও হিন্দি মিলিয়ে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন এই শিল্পী। তবে তুলসী চক্রবর্তীর অভিনয় প্রতিভার সবচেয়ে বড় পরিচয় পাওয়া যায় তাঁর স্বাভাবিক অভিনয়ের মধ্যে। কোনও অতিরিক্ত মেকআপ বা কৃত্রিম অভিব্যক্তি ছাড়াই চরিত্রকে জীবন্ত করে তুলতে পারতেন তিনি। ‘পথের পাঁচালী’-তে প্রসন্ন গুরুমশাইয়ের চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সত্যজিৎ রায়। পরবর্তীতে ‘পরশ পাথর’-এর মুখ্য চরিত্রে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক। শোনা যায়, এই প্রস্তাব পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তুলসীবাবু। সত্যজিৎ রায় তাঁর অভিনয় সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করতেন।
একটি সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন, তুলসী চক্রবর্তীর মতো অভিনেতা আমেরিকায় জন্মালে হয়তো অস্কার পেতেন। অথচ ‘পরশ পাথর’-এর জন্য প্রতিদিন একশো টাকা পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও তিনি তা নিতে চাননি। তাঁর ভয় ছিল, এত টাকা পারিশ্রমিক নেওয়ার কথা ছড়িয়ে পড়লে অন্য ছবিতে কাজ পাওয়াই কঠিন হয়ে যাবে। একসময় নিজের অভিনয়ের স্বতঃস্ফূর্ততা বজায় রাখতে সত্যজিৎ রায়ের পাঠানো গাড়িতে যাতায়াত করতেও অস্বস্তি প্রকাশ করেছিলেন তিনি। ১৯৫৩ সালের ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে তুলসী চক্রবর্তী ও মলিনা দেবীর অভিনয় আজও বাঙালি দর্শকের মনে অমলিন। ছবিতে রজনীবাবু ও অন্নপূর্ণার চরিত্রে তাঁদের অসাধারণ রসায়ন দর্শকদের আলাদা করে মুগ্ধ করেছিল।
উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটির পাশাপাশি এই দুই শিল্পীর অভিনয়ও ছবিটির জনপ্রিয়তার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। অথচ এত প্রতিভা, এত কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও জীবনের শেষ দিকে আর্থিক অনটন থেকে মুক্তি পাননি তুলসীবাবু। নিজের প্রাপ্যের চেয়ে বেশি পারিশ্রমিক নিতে চাইতেন না। এমনকী সহকর্মীদের জামাকাপড় ছিঁড়ে গেলে নিজের হাতে সেলাই করে দিতেন। অবসর সময়ে পৌরোহিত্য করেও সংসার চালাতেন। কথিত আছে, জীবনের শেষ দিকে একবার নিজের শ্রাদ্ধের ভোজের আয়োজনের কথা বলেছিলেন তিনি। অথচ সেই সময় সংসারে চাল কেনার টাকাও ছিল না। প্রচলিত কাহিনি অনুযায়ী, মৃত্যুর আগে স্ত্রীর হাতে শ্রাদ্ধের ভোজ খেয়েও গিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ “এতদিন ধরে যাঁকে চিনতাম যেন আজ আর সেই মানুষটি নেই, কিন্তু ওঁর ক্ষেত্রে তেমনটা হয়নি!” “কখনও মতবিরোধ বা ঝামেলা, সব ক্ষেত্রেই অন্যদের সঙ্গে মানিয়ে নিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে!” মনামী ঘোষের বহু দিনের বন্ধু সৌম্য বন্দ্যোপাধ্যায়ের বিগ বসের ঘর প্রিয় প্রতিযোগী অন্য? রাজবীরকে নিয়ে কী বললেন? শেষমেশ বিজয়ীর ট্রফি কার হাতে দেখতে চান তিনি?
১৯৬১ সালের ১১ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই কিংবদন্তি। তাঁর মৃত্যুর পর স্ত্রী উষারাণীকে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হয়েছিল। এমনকী সংসার চালাতে তাঁর পাওয়া মেডেলও বিক্রি করতে হয়েছিল বলে জানা যায়। আজও ‘সাড়ে চুয়াত্তর’-এর হাসি কিংবা ‘পরশ পাথর’-এর অভিনয় মনে করিয়ে দেয়, তুলসী চক্রবর্তী শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলা সিনেমার এক অমূল্য সম্পদ। অথচ তাঁর প্রাপ্য সম্মান ও স্বচ্ছল জীবন জোটেনি। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু এমন একজন শিল্পীর নাম ও অবদান কি আমরা সত্যিই মনে রেখেছি?






