বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে প্রতিযোগীদের মধ্যে ঝামেলা নতুন কিছু নয়। তবে এবার সৃজলা গুহ ও রাজবীর দে-র (Rajveer Dey) মধ্যে বচসাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। সম্প্রতি জিতু কামাল ও সৃজলাকে নিয়ে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় রাজবীরকে। সেই কথোপকথনের বিষয়বস্তু পরে সৃজলাকে জানান নিরঞ্জন। এরপরই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেত্রী। রাজবীরের সঙ্গে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। শুধু তাই নয়, ঝগড়ার সময় নন্দিনী দত্তের (Nandini Dutta) প্রসঙ্গও টেনে আনেন সৃজলা। তাঁর অভিযোগ, রাজবীর অন্যদের নিজের মতোই নিচু মানসিকতার মানুষ বলে মনে করেন। এই মন্তব্যের পরেই নতুন করে আলোচনায় উঠে আসে রাজবীর ও নন্দিনীর পুরনো সমীকরণ। আর এবার গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে সৃজলাকে পাল্টা জবাব দিলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী নন্দিনী।
ভিডিওতে নন্দিনী প্রথমেই জানান, তিনি নিয়মিত বিগ বস বাংলা দেখেন এবং শুধু টেলিভিশনের পর্ব নয়, লাইভেও নজর রাখেন। ফলে বাড়ির ভিতরে কী ঘটছে, তা জানার চেষ্টা করেন নিয়মিত। তাঁর দাবি, সৃজলা ও রাজবীরকে নিয়ে যে কথোপকথনের প্রসঙ্গ উঠেছে, সেটি তিনি নিজেও দেখেছেন। কিন্তু সেখানে সৃজলার ঋতুস্রাব নিয়ে কোনও মন্তব্য তাঁর চোখে পড়েনি। নন্দিনী বলেন, “আমি আজকের এপিসোড দেখেছি। আমি জাস্ট এপিসোড দেখে রিভিউ দিই না। বিগ বস রীতিমত ফলো করি। লাইভেও যাতে কিছু মিস না করি, সেটা নিশ্চিত করি।” তাঁর বক্তব্য, আগের দিনের কথোপকথন দেখার পরও এমন কোনও বিষয় তিনি খুঁজে পাননি, যার জন্য রাজবীরকে দোষী বলা যায়। তাই পর্বে সেই সংক্রান্ত কোনও ঘটনা দেখানো হয় কি না, তা জানার জন্য সারাদিন অপেক্ষা করেছিলেন। কিন্তু তেমন কিছু দেখতে না পাওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি।
এরপরই আলোচনার বিষয়বস্তু নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নন্দিনী। তাঁর দাবি, রাজবীর একা গিয়ে কাউকে কিছু বলেননি। বাড়ির অন্যান্য সদস্যরাও সেই আলোচনায় অংশ নিয়েছিলেন এবং রাজবীরের কাছে জানতে চেয়েছিলেন তিনি কী দেখেছেন। সেই প্রশ্নের উত্তর দিতেই নিজের বক্তব্য জানিয়েছিলেন রাজবীর। তাই পুরো ঘটনাকে সৃজলার চরিত্র নিয়ে কথা বলা বা চরিত্রহনন হিসেবে দেখার বিরোধিতা করেছেন নন্দিনী। পাল্টা নিজের বিগ বসের অভিজ্ঞতার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। নন্দিনীর কথায়, “ওই আলোচনায় সবাই অংশ নিয়েছিল। সবাই ওর থেকে জানতে চেয়েছিল যে ও কী দেখেছে, তখনই ও জানিয়েছে। এটাকে যদি চরিত্রহনন করা বলে, তাহলে আমাকে এতগুলো দিন, ১০ সপ্তাহ ধরে যা যা বলা হয়েছে, আমার বিছানা শেয়ার করা থেকে আরও অনেক কিছু নিয়ে যে নোংরা মন্তব্য করা হয়েছে তাহলে সেগুলো কী? ওগুলো কি চরিত্রহনন করা নয়?” অর্থাৎ নিজের সম্পর্কে বাড়ির ভিতরে যে ধরনের আলোচনা ও মন্তব্য হয়েছিল, তার সঙ্গে বর্তমান ঘটনাটির তুলনা টেনেছেন তিনি।
সৃজলার নাম সরাসরি না করলেও ভিডিওর পরবর্তী অংশে তাঁর উদ্দেশেই একাধিক প্রশ্ন ছুড়ে দেন নন্দিনী। তাঁর বক্তব্য, বিগ বসের ঘরে নিজেদের সম্পর্ক নিয়ে প্রতিযোগীরা যদি খোলাখুলি কিছু না বলেন, তার অর্থ এই নয় যে দর্শকরা কিছুই বুঝতে পারছেন না। জিতু ও সৃজলার মধ্যে বারবার ‘আই লাভ ইউ’ বলা এবং তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে যে আলোচনা চলছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি। নন্দিনীর কথায়, “তোমরা ওদের সামনে নিজেদের সম্পর্ক মানছ না, আর আমরা মেনেছিলাম। বাড়ির সবাই না দেখতে পেলেও, আমরা দর্শকরা দেখতে পাচ্ছি কিন্তু সবটা।” তাঁর মতে, বাড়ির ভিতরে কোনও বিষয় নিয়ে আলোচনা হলেই সেটিকে চরিত্রহনন বলে দাগিয়ে দেওয়া যায় না। বিশেষ করে যখন সেই আলোচনায় একাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন এবং তাঁরা নিজেরাই বিষয়টি জানতে চেয়েছিলেন। সৃজলা ও জিতুর সম্পর্ক নিয়ে বাইরে থেকে দর্শকদের যে নিজস্ব ধারণা তৈরি হয়েছে, সেটিও তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে।
এদিন রাজবীরের সঙ্গে ঝগড়ার সময় সৃজলা যে নন্দিনীর নাম উল্লেখ করেছিলেন, সেই বিষয়টিও ভালোভাবে নেননি প্রাক্তন প্রতিযোগী। নন্দিনীর বক্তব্য, তিনি ইতিমধ্যেই বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। তারপরেও তাঁকে বারবার আলোচনার মধ্যে টেনে আনার কোনও প্রয়োজন নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি গেম থেকে বেরিয়ে গিয়েছি, এখনও আমাকে টেনে কথা বলা হচ্ছে। আমায় নিয়ে অবসেসড পুরো। কিন্তু তুমি চাইলেও নন্দিনী হতে পারবে না।” একইসঙ্গে রাজবীরের হয়ে সাফাই দিয়ে তাঁর দাবি, রাজবীর যখন কোনও বিষয় দেখেছেন, তখন সেটি নিয়ে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। অন্যরাও সেই আলোচনায় অংশ নিয়েছিলেন। তাই একজন কিছু দেখলে বা কোনও ঘটনা নিয়ে নিজের বক্তব্য জানালে তা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। নন্দিনীর প্রশ্ন, এই ঘটনাকে কেন্দ্র করে এতটা উত্তেজিত হওয়ার কারণ কী? তাঁর মতে, পুরো বিষয়টি নিয়ে সৃজলার প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আরও পড়ুনঃ ‘না বলা সত্ত্বেও বারবার প্রেমের প্রস্তাব, সবার সঙ্গে সৃজলার মেশাতেও আপত্তি!’ ‘এটা প্রেম নয়, মানসিক চাপ তৈরি করা!’ ‘সৃজলার জীবনের শান্তি-অশান্তি উনি ঠিক করবেন কেন?’ বিগ বসের ঘরে জিতু কমলের আচরণ নিয়ে সরব দর্শকরা, উঠছে নার্সিসিস্টিক অ্যাবি*উজের অভিযোগ! কী এই মা’নসিক অসু’স্থতা, কেন তা নিয়ে উদ্বিগ্ন দর্শকদের একাংশ?
সব মিলিয়ে জিতু, সৃজলা ও রাজবীরকে ঘিরে বিগ বস বাংলার বাড়ির ভিতরের সমীকরণ এখন আরও জটিল হয়ে উঠেছে। একদিকে জিতুর সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে, অন্যদিকে রাজবীরের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বচসা। আর সেই ঝামেলায় পুরনো প্রতিযোগী নন্দিনীর নাম উঠে আসতেই মুখ খুলেছেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে সৃজলার অভিযোগের বিরোধিতা করেছেন নন্দিনী। বিশেষ করে বিগ বসের বাড়িতে টানা ১০ সপ্তাহ ধরে নিজের ব্যক্তিগত জীবন ও বিছানা ভাগ করে নেওয়া নিয়ে যে ধরনের মন্তব্য শুনতে হয়েছিল, সেগুলিকে তিনি চরিত্রহননের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে রাজবীরের বক্তব্য নিয়ে সৃজলার ক্ষোভও কমেনি। ফলে এই বিতর্কে কে কতটা সঠিক, তা নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নানা মত। আগামী পর্বগুলিতে এই পুরনো ঝামেলার রেশ আরও কতটা এগোয়, এখন সেটাই দেখার।
View this post on Instagram






