শিক্ষক ও ছাত্রের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস, সম্মান এবং নিষ্ঠা। বিশেষ করে শাস্ত্রীয় সংগীতের জগতে গুরু-শিষ্যের সম্পর্ককে বরাবরই অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার চোখে দেখা হয়। একজন শিষ্যকে গুরুর প্রতি কতটা নিবেদিত হতে হবে, কতটা পরিশ্রম করতে হবে, কতটা নিয়ম মেনে চলতে হবে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়। কিন্তু এই সম্পর্কের অন্য দিকটি, অর্থাৎ একজন গুরুর দায়িত্ব এবং তাঁর আচরণ কেমন হওয়া উচিত, সেই প্রশ্ন অনেক সময়ই আড়ালে থেকে যায়। আর সেই বিষয়টিকেই সামনে এনে এবার শাস্ত্রীয় সংগীতের জগতের প্রচলিত ধারণা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন গায়িকা কৌশিকী চক্রবর্তী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাস্ত্রীয় সংগীতের জগতে গুরু-শিষ্যের সম্পর্ক, শোষণ এবং অনৈতিক আচরণ নিয়ে অকপটে কথা বলেছেন কৌশিকী। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম পরিচিত মুখ তিনি। প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বড় হয়েছেন। দীর্ঘদিনের সাধনা, কঠোর অনুশীলন এবং নিজস্ব প্রতিভার জোরে দেশ-বিদেশে পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে সংগীতের এই জগতের উজ্জ্বল দিকের পাশাপাশি তার অস্বস্তিকর বাস্তবতাগুলিও যে তিনি দেখেছেন, সাক্ষাৎকারে সেই কথাই স্পষ্ট করেছেন গায়িকা। কৌশিকীর কথায়, আমরা সবসময় আলোচনা করি একজন ছাত্র কেমন হবেন। তিনি গুরুর প্রতি নিবেদিত থাকবেন, গুরুর কথা মেনে চলবেন এবং নিজের জীবন সংগীতের সাধনায় উৎসর্গ করবেন।
কিন্তু একজন গুরু কী করবেন, তাঁর কী করা উচিত নয়, সেই নিয়ে যথেষ্ট আলোচনা হয় না। তাঁর স্পষ্ট বক্তব্য, কোনও গুরু যেন নিজের ছাত্রকে শোষণ না করেন, কিংবা তাঁকে দিয়ে বাড়ির বাজার করানোর মতো ব্যক্তিগত কাজ না করান। এমনকী নাড়া বাঁধার অনুষ্ঠানে সোনার গয়না না দিলে সেই অনুষ্ঠান ঠিকভাবে সম্পন্ন হবে না, এমন চাপও কোনও ছাত্রের উপর তৈরি করা উচিত নয়। গুরুর মর্যাদার আড়ালে এই ধরনের দাবি বা আচরণকে স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না বলেই তাঁর বক্তব্য। শুধু আর্থিক বা ব্যক্তিগত কাজের চাপ নয়, গুরু-শিষ্যের সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার উপরেও বিশেষ গুরুত্ব দিয়েছেন কৌশিকী।
বিশেষ করে কোনও পুরুষ গুরু যখন একজন মহিলা ছাত্রীকে সংগীত শেখাবেন, তখন তাঁর আচরণে যথেষ্ট সংযম ও সচেতনতা থাকা জরুরি। এমন কোনও ব্যবহার করা উচিত নয়, যাতে ছাত্রীর আত্মসম্মানে আঘাত লাগে। এমনকী কোনও ছাত্র বা ছাত্রীর পরিবারের আর্থিক কিংবা সামাজিক অবস্থান নিয়ে অপমানজনক মন্তব্য করাও অনুচিত। কারণ সংগীত শেখার জন্য একজন শিক্ষার্থী যখন গুরুর কাছে আসেন, তখন তাঁর আত্মসম্মান ও ব্যক্তিগত মর্যাদাটুকু রক্ষা করার দায়িত্বও গুরুর রয়েছে। এরপরই শাস্ত্রীয় সংগীতের জগতের তথাকথিত পবিত্রতার ধারণা নিয়ে প্রশ্ন তোলেন গায়িকা।
আরও পড়ুনঃ “দাদাকে একদম কেউ ভালোবাসত না!” বাংলা সিনেমার সর্বকালের সেরা তারকার জীবনেও ছিল কতটা একাকিত্ব, জানিয়েছিলেন মৃণাল মুখোপাধ্যায়? উত্তম কুমারের সঙ্গে রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও কেন নিজের পরিচয় গোপন করেছিলেন অভিনেতা? ১৩ বছর পর সত্যিটা জানার পর কী প্রতিক্রিয়া ছিল মহানায়কের? জানেন, গায়িকা জোজোর বাবা কে হয় তাঁর?
তাঁর বক্তব্য, এই জগৎ যদি সত্যিই এতটা পবিত্র ও ঐশ্বরিক হতো, তাহলে ‘মি টু’-এর মতো অভিযোগে কেন বারবার গুরুরাই নিশানায় আসতেন? তাঁর মতে, সংগীতের জগতও অন্য সব জগতের মতোই মানুষের তৈরি একটি পরিসর। সেখানে রাজনীতি, নিরাপত্তাহীনতা, স্বার্থের সংঘাত এবং শোষণের মতো ঘটনা ঘটতে পারে। তাই সবকিছুর উপরে পবিত্রতার তকমা চাপিয়ে বাস্তবকে আড়াল করার কোনও অর্থ নেই। বরং ভুলকে ভুল হিসেবে স্বীকার করলেই এই জগত আরও স্বচ্ছ হয়ে উঠবে। কৌশিকীর এই বক্তব্যে শাস্ত্রীয় সংগীতের গুরু-শিষ্য সম্পর্কের প্রচলিত ধারণা নিয়ে নতুন করে আলোচনার অবকাশ তৈরি হয়েছে।






