“লুজ টকের জন্য রাজবীরকে এতকিছু বলা হল, কিন্তু ওকে খু*ন করে দেব, মে*রে ফেলব, পুঁ*তে দেব….এই ধরনের গালাগাল করাদের কী শাস্তি হবে না?” “সবার জন্য যে নিয়ম, জিতু কমলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয় কেন?” শুধু নিয়ম রক্ষার জন্য হালকাভাবে হিং*সাত্মক ঘটনাগুলো ছুঁয়ে যাওয়াটা কি ঠিক? বিগ বস বাংলার পক্ষপাতিত্ব ও নিয়মাবলী নিয়ে প্রশ্ন তুললেন তাপস পাল-পত্নী নন্দিনী পাল, সৃজলার আচরণ নিয়েও করলেন কড়া সমালোচনা?

বিগ বস বাংলা ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। কখনও প্রতিযোগীদের আচরণ, কখনও টাস্কের নিয়ম, আবার কখনও শাস্তি দেওয়ার পদ্ধতি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। সম্প্রতি রাজবীর দে-কে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হতেই সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল। তিনি প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী এবং বিগ বস বাংলার প্রতিযোগী সোহিনী পালের মা। তবে শুধু মেয়ের অংশগ্রহণের জন্য নয়, প্রথম মরশুমের প্রতিযোগী হওয়ার সুবাদে বিগ বসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেই এখনও নিয়মিত এই শো দেখেন নন্দিনী। তাঁর কথায়, বিগ বসের নতুন মরশুম এলেই পুরনো স্মৃতি ফিরে আসে। সেই টান থেকেই শোয়ের বিভিন্ন ঘটনা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবারের মরশুমেও একাধিক ঘটনা তাঁর নজরে এসেছে, যার মধ্যে রাজবীরের শাস্তি এবং অন্য প্রতিযোগীদের আচরণ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে তাঁর।

রাজবীরের প্রসঙ্গে নন্দিনী জানান, প্রথম দিকে তাঁকে বেশ চঞ্চল এবং কিছুটা অস্থির মনে হলেও এখন নিজের খেলায় অনেকটাই মনোযোগী হয়েছেন তিনি। তাঁর মধ্যে আলাদা ধরনের উদ্যম রয়েছে বলেও মনে করেন নন্দিনী। তবে রাজবীরের ভুলকেও সমর্থন করেননি তিনি। টাস্ক চলাকালীন জিনিসপত্র ভাঙা এবং সীমা ছাড়িয়ে যাওয়ার মতো আচরণের জন্য রাজবীরকে এবারের দাদার দরবারে শেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এরপর এমন ঘটনা ঘটলে তাঁকে বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে। এর আগে দুর্নিবারকেও শারীরিক আক্রমণের অভিযোগে সতর্ক করা হয়েছিল এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে শো থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। নন্দিনীর মতে, রাজবীর ভুল করলে তাঁর শাস্তি হওয়া উচিত, কিন্তু সেই সঙ্গে অন্য প্রতিযোগীরা তাঁর উদ্দেশে যে ধরনের হিংসাত্মক কথা বলেছেন, সেগুলিও বিচার করা প্রয়োজন। তাঁর প্রশ্ন, কাউকে মেরে ফেলা, খুন করা বা পুঁতে দেওয়ার মতো কথা বলার পরেও কি সেই আচরণের কোনও শাস্তি হবে না? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে এমন মন্তব্য তাঁর চোখে পড়েছে বলেও জানিয়েছেন নন্দিনী।

নন্দিনী আরও বলেন, রাজবীরের কথার জন্য তাঁকে শাস্তি দেওয়া হলে, অন্যদের মুখে ব্যবহৃত এমন হিংসাত্মক ভাষার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত। তাঁর মতে, একজনের ভুলের বিচার হবে অথচ অন্যের একই ধরনের গুরুতর আচরণ শুধু নিয়মরক্ষার জন্য এড়িয়ে যাওয়া হবে, সেটা ঠিক নয়। বিগ বসের নিয়ম যদি সকলের জন্য সমান হয়, তাহলে প্রত্যেক প্রতিযোগীর ক্ষেত্রেই একই ব্যবস্থা থাকা উচিত। এই প্রসঙ্গে জিতু কমলের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নন্দিনীর দাবি, কনফেশন রুমে যাওয়ার আগে জিতু বিগ বসের বাড়ির কাচ ভেঙেছিলেন। সেই ঘটনায় তাঁকে কি রাজবীর বা দুর্নিবারের মতো শেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল? এবারের দাদার দরবারে সেই বিষয়টি কি তোলা হয়েছিল? নন্দিনী লিখেছেন, এই বিষয়ে তাঁর তথ্য ভুল হলে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নেবেন। তবে যদি অন্য প্রতিযোগীদের ক্ষেত্রে সম্পত্তি নষ্ট করা বা শারীরিক আক্রমণের ঘটনায় কড়া সতর্কবার্তা দেওয়া হয়ে থাকে, তাহলে জিতুর ক্ষেত্রেও একই নিয়ম থাকা উচিত বলে মনে করেন তিনি।

যদিও বিগ বসের নিরপেক্ষতা নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করতে চাননি নন্দিনী। তাঁর বিশ্বাস, বিগ বস কখনও অন্যায় সিদ্ধান্ত নেন না এবং দাদার দরবারেও নিরপেক্ষ বিচার করা হয়। শোয়ের প্রতি তাঁর ব্যক্তিগত আবেগ ও শ্রদ্ধার কথাও জানিয়েছেন তিনি, কারণ প্রথম মরশুমে নিজেও এই প্রতিযোগিতার অংশ ছিলেন। কিন্তু জিতু কমলকে নিয়ে যে ধরনের প্রশংসা করা হচ্ছে, তা তাঁর কাছে স্পষ্ট নয়। নন্দিনীর কথায়, জিতুকে কখনও কড়া কথা বলা হলেও আবার পরক্ষণেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে। এমনকী তাঁর মধ্যে বিশেষ কী গুণ রয়েছে, যার জন্য এই ধরনের আচরণ দেখা যাচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। নিজের বক্তব্যে ইংরেজিতেও লেখেন, ‘He is doing something very, very special in the Bigg Boss house’। অর্থাৎ বিগ বসের বাড়িতে জিতু এমন কিছু করছেন, যা খুবই বিশেষ, কিন্তু সেই বিষয়টি তাঁর চোখে পড়ছে না। তাই শোয়ের নির্মাতাদের কাছে সেই কারণ জানতে চেয়েছেন নন্দিনী।

আরও পড়ুনঃ “৬ তারিখের পর সব সত্যি সামনে আসবে!” “নিউ ইয়ারে সবাই সেটা জানতে পারবে, তারপর জয় মা বলে টিকে গেলে ভালো!” কাদের ঘিরে এমন কোন সত্যি সামনে আসবে যা নাড়িয়ে দিতে পারে সম্পর্কের ভিত? বিগ বসের ঘরে থেকে বেরিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য রণিতা দাসের! ঠিক কী বললেন অভিনেত্রী?

রাজবীরের সঙ্গে নিজের মেয়ে সোহিনীর সম্পর্কের কথাও তুলে ধরেছেন নন্দিনী। তাঁর দাবি, সোহিনীর মুখে রাজবীরের নানা কাণ্ডকারখানার গল্প শুনেছেন তিনি। কখনও এমন কিছু করত, যার জন্য সোহিনী খুব রেগে যেত, আবার কিছুক্ষণ পরেই রাজবীর এসে তাঁর কাছে ক্রিম চাইত। তখন রাগ থাকা সত্ত্বেও সোহিনী তাকে না বলতে পারত না। তবে বিগ বসের বাড়িতে সোহিনী মাত্র এক মাস ছিল, তাই রাজবীরের সঙ্গে তাঁর খুব বেশি সময় কাটানো হয়নি। নন্দিনী স্পষ্ট করে জানিয়েছেন, রাজবীরের সব কাজ তিনি সমর্থন করেন না এবং ভুল করলে তার সমালোচনা হওয়াও উচিত। কিন্তু সেই কারণে তাঁকে গালাগাল করা বা রাজবীরের অনুরাগী বলে চিহ্নিত করা ঠিক নয়। তাঁর মেয়ে ইতিমধ্যেই শো থেকে বেরিয়ে গিয়েছে, তাই কাউকে খুশি করার জন্য রাজবীরের পক্ষ নেওয়ার কোনও কারণ নেই। বরং তাঁর মনে হয়েছে, রাজবীরের ভুলের জন্য যে শাস্তি দেওয়া হয়েছে, তা কিছুটা বেশি কঠোর হয়ে গেল কি না, সেটাও ভাবা প্রয়োজন। একই সঙ্গে এই মরশুমে রাজবীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা অস্বীকার করা যায় না বলেও জানিয়েছেন তিনি।

You cannot copy content of this page