আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরই নতুন জীবনের পথে হাঁটবেন ‘সুকান্ত কুণ্ডু’ (Sukanta Kundu) এবং ‘অনন্যা গুহ’ (Ananya Guha)। ৯ মার্চ তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছে, আর তার আগেই দু’জনের বাড়িতে শুরু হয়ে গেছে বিয়ের আচার-অনুষ্ঠান। বিয়ের আগে বাঙালি ঘরে যে বিশেষ আচারটি সবচেয়ে আবেগের সঙ্গে পালন করা হয়, সেই আইবুড়োভাতও সেরে ফেললেন সুকান্ত। নিজের বাড়িতে পরিবারের সবার উপস্থিতিতে এই আয়োজনের মুহূর্তগুলো তিনি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
এদিন তাঁর পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, ঐতিহ্যবাহী সাজেই আচার পালন করছেন তিনি। সাদা পাজামার সঙ্গে পাঞ্জাবি পরে একেবারে বাঙালি বাবুর সাজে বসেছেন আইবুড়োভাত খেতে। পরিবারের সদস্যরা ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করছেন, সেই দৃশ্যও ধরা পড়েছে ছবিতে। মায়ের হাতে ভাত মেখে খাওয়ানোর মুহূর্তে যেন আলাদা এক আবেগ কাজ করেছে। ছোটবেলার স্মৃতি আর মায়ের স্নেহ, এই দুয়ের মিশ্রণেই যেন তৈরি হয়েছে সেই বিশেষ মুহূর্ত।
খাবারের পাতটাও ছিল একেবারে খাঁটি বাঙালি আয়োজনে সাজানো! পোলাও থেকে শুরু করে নানান রকম ভাজা, পটল, আলু, বেগুন, ঢেঁড়স, কুমড়ো সবই ছিল থালায়। সঙ্গে ছিল ডাল, তরকারি, সর্ষে দিয়ে মাছের ঝাল এবং মাংসের পদ। খাওয়ার শেষে চাটনি, চালের পায়েস, সেমাইয়ের পায়েস এবং নানান রকম মিষ্টি দিয়ে সম্পূর্ণ হয় এই আইবুড়োভাতের আয়োজন। সব মিলিয়ে পুরো মেনুতেই ছিল বাড়ির রান্না, তবে ঐতিহ্যবাহী স্বাদ।
এই বিশেষ দিনের অনুভূতি নিয়েও নিজের মতো করে একটি পোস্টে লিখেছেন সুকান্ত। বিয়ের আগে মায়ের হাতে খাওয়া ভাতের স্বাদ তাঁর কাছে শুধু খাবারের নয়, বরং বড় হয়ে ওঠার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক অনুভূতি। ছোটবেলা থেকে জীবনের নানান মুহূর্তে মায়ের হাতেই ভাত খেয়ে বড় হওয়ার কথা মনে করিয়ে দিয়েছে এই দিন। তাই আইবুড়োভাতের এই আয়োজন তাঁর কাছে শুধুই একটি প্রথা নয়, বরং পরিবারের ভালোবাসা আর আশীর্বাদের স্মৃতি হয়ে রয়ে যাবে বলেই তিনি মনে করেন।
আরও পড়ুনঃ “গান চু’রিটা বাকি ছিল, এবার সেটাও হয়ে গেল!” “পকেট হবে ভর্তি, টাকায় হবে পথ চেনা!” অন্য রাজনৈতিক আদর্শের গান এখানে কেন? ধর্মতলার ধর্নামঞ্চে ‘পথে এবার নামো সাথী’ গাইতেই, কবীর সুমনকে নিয়ে তীব্র সমালোচনা নেটিজেনদের!
উল্লেখযোগ্য বিষয় হল, সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়ার হলেও ইউটিউবার হিসেবেই নিজেকে পরিচয় দেন। বর্তমানে চাকরি ছেড়ে কনটেন্ট ক্রিয়েশনেই মন দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের নানান মুহূর্ত তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। প্রেমের সম্পর্কও তাঁদের বেশ পুরনো, অনন্যার সঙ্গে কম বয়সেই তাঁর পরিচয় ও ভালোবাসার শুরু। গত বছরের ২৫ ফেব্রুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের আংটি বদল হয়েছিল। আর এবার বাঙালি নিয়ম মেনেই সম্পূর্ণ ঐতিহ্যবাহী আয়োজনে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।






