বিনোদন জগতের শিল্পীদের জীবন যতটা আলো-ঝলমলে, বাস্তবে ততটাই নানা অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হতে হয় তাঁদের। শুটিংয়ের ব্যস্ততা থেকে ব্যক্তিগত জীবন নানা ঘটনার মুখোমুখি হন তাঁরা। তবে আগের মতো আর সেই অভিজ্ঞতা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখেন না। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের সৌজন্যে শিল্পীরা খুব সহজেই সাধারণ মানুষের সামনে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অভিযোগ কিংবা সমাজের নানা অসঙ্গতির কথা তুলে ধরেন। কখনও সচেতনতার বার্তা দিতে, আবার কখনও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তাঁরা লাইভ ভিডিও বা পোস্টের মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ করেন। সম্প্রতি ঠিক এমনই এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরেছেন বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী সোমজিতা ভট্টাচার্য।
প্রায় দুই দশক ধরে বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ সোমজিতা ভট্টাচার্য। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা বিষয় নিয়েও খোলাখুলি মত প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এবারও নিজের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা ফেসবুক ভিডিওর মাধ্যমে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর দাবি, সদ্যোজাত শিশুকে কেন্দ্র করে বৃহন্নলাদের নামে কিছু মানুষের আচরণ তাঁদের গোটা পরিবারকে আতঙ্কিত করে তুলেছে।
অভিনেত্রী জানান, চলতি বছরের ১ মে তাঁর বোন ঈশিতা ভট্টাচার্যের একটি পুত্রসন্তান জন্মায়। সন্তানের জন্মের পর নিয়ম মেনেই বৃহন্নলাদের একটি দল তাঁদের বাড়িতে আসে। পরিবারের দাবি, সেই সময় প্রায় ২০ হাজার টাকা, একটি শাড়ি, তেল-সহ প্রচলিত কিছু সামগ্রী দেওয়া হয়। যিনি টাকা নিয়েছিলেন, তিনি নিজের পরিচয়পত্রসদৃশ একটি কার্ড এবং ফোন নম্বরও দিয়ে যান। সেই কার্ডে ‘শিশো হেনা কিন্নর’ নামে একজনের নাম লেখা ছিল। তাঁদের স্পষ্ট জানানো হয়েছিল, ভবিষ্যতে অন্য কোনও দল এলে এই নম্বরে যোগাযোগ করতে হবে এবং নতুন করে কাউকে কিছু দিতে হবে না। তাই বিষয়টি নিয়ে পরিবারের আর কোনও দুশ্চিন্তা ছিল না।
কিন্তু আড়াই মাস পর হঠাৎ একদিন দুপুরে যাদবপুরে অভিনেত্রীর বাবার বাড়িতে আবারও বৃহন্নলাদের আরেকটি দল হাজির হয়। অভিনেত্রীর অভিযোগ, ঘরে ঢুকেই তাঁরা গালিগালাজ শুরু করেন এবং দাবি করেন, শিশুর জন্ম হয়েছে মাত্র ১০ দিন আগে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুর বয়স ইতিমধ্যেই আড়াই মাস এবং আগের দলকে সবকিছু দেওয়া হয়েছে। কিন্তু সেই ব্যাখ্যা মানতে চাননি তাঁরা। বরং ২১ হাজার টাকা, সোনা, চাল, ডাল-সহ আরও নানা সামগ্রী দাবি করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে অভিনেত্রীর বোন প্রথমে ১ হাজার টাকা দিতে চাইলে তা ফিরিয়ে দেওয়া হয়। পরে ২ হাজার, আরও ২ হাজার, এরপর অভিনেত্রীর বাবা ১,৫০০ টাকা এবং শেষে আরও ৫০০ টাকা মিলিয়ে মোট ৬ হাজার টাকা দেওয়া হলেও অভিযোগ, সেই টাকাও নিতে অনীহা দেখিয়ে আরও অর্থ দাবি করা হয়। শুধু তাই নয়, পরিবারের অভিযোগ অনুযায়ী, একজন ঘরের ভেতরে ঢুকে অশালীন আচরণ করেন এবং ৭৫ বছর বয়সী অসুস্থ বৃদ্ধ বাবার সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এমনকি আগের দলের দেওয়া পরিচয়পত্রও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন অভিনেত্রী। পরে জোর করে সেই কার্ডটি ফেরত নেন তাঁর বোন।
আরও পড়ুনঃ গতকাল সকালবেলায় হঠাৎ বাড়িতেই হার্ট অ্যা’টাকে শি’কার হন সুমন্ত মুখোপাধ্যায়! আজ অ্যাঞ্জিওগ্রাফির পর বড় সিদ্ধান্ত চিকিৎসকদের! স্টেন্ট বসানো সম্ভব নয়! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা? কী জানালেন ছেলে শুভ্রজিৎ?
এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোমজিতা ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, বৃহন্নলা সম্প্রদায়ের প্রতি তাঁর কোনও বিরূপ মনোভাব নেই এবং তাঁদের সামাজিক সংগ্রামের বিষয়েও তিনি সচেতন। কিন্তু কিছু মানুষের এমন আচরণ পুরো সম্প্রদায়ের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে বলেই তাঁর মত। অভিনেত্রীর প্রশ্ন, যখন পরিচয়পত্র এবং নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে অর্থ সংগ্রহের নিয়ম রয়েছে, তখন একই পরিবার থেকে বারবার জোর করে টাকা দাবি করা কেন? এখন কোথায় অভিযোগ জানাবেন, সেটিও বুঝে উঠতে পারছেন না তিনি। আগের দলের দেওয়া কার্ডে হাওড়া পুলিশের উল্লেখ থাকলেও ঘটনাটি ঘটেছে কলকাতায়। তাই প্রশাসনের কাছে সঠিক পথনির্দেশ পাওয়ার আশাতেই তিনি ফেসবুক ভিডিওর মাধ্যমে গোটা ঘটনাটি প্রকাশ্যে এনেছেন। তাঁর এই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এমন ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।






