বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই সামনে এল নতুন স্বাস্থ্য আপডেট। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ক্ষেত্রে স্টেন্ট বসানো সম্ভব নয়। তাই তাঁকে সুস্থ করে তুলতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার অভিনেতা শুভ্রজিৎ দত্ত হাসপাতালে গিয়ে সুমন্তবাবুর সঙ্গে দেখা করার পর তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা সকলের সামনে তুলে ধরেন।
শুভ্রজিৎ দত্ত জানান, তিনি ছোটবেলা থেকেই সুমন্ত মুখোপাধ্যায়কে ‘মণ্টুকাকু’ বলে ডাকেন। বুধবার সকালে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অভিনেতার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। সেখানেই চিকিৎসকদের কাছ থেকে জানতে পারেন, অ্যাঞ্জিওগ্রাফির রিপোর্টে এমন কিছু বিষয় উঠে এসেছে, যার কারণে স্টেন্ট বসানো সম্ভব নয়। তাই চিকিৎসকদের মতে, বাইপাস সার্জারিই এখন একমাত্র উপযুক্ত চিকিৎসা পদ্ধতি।
তবে অস্ত্রোপচার এখনই করা যাচ্ছে না বলেও জানিয়েছেন শুভ্রজিৎ। তাঁর কথায়, “মণ্টুকাকুর সুগারের মাত্রা বেশি। ক্রিয়েটিনিনের মাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। শরীরের সব উপাদানের মাত্রা স্বাভাবিক না হলে সার্জারি সম্ভব নয়। এ কথা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আপাতত তাই হাসপাতালেই ভর্তি থাকতে হবে তাঁকে।” চিকিৎসকদের লক্ষ্য এখন প্রথমে তাঁর শারীরিক অবস্থাকে স্থিতিশীল করা। সমস্ত রিপোর্ট স্বাভাবিক হলে তবেই বাইপাস সার্জারির দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
স্বস্তির খবর, হৃদরোগে আক্রান্ত হলেও এই মুহূর্তে সুমন্ত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের বেড থেকেই সকলের সঙ্গে কথা বলছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের চিকিৎসক দল তাঁর প্রতিটি শারীরিক সূচকের উপর নজর রাখছেন, যাতে দ্রুত অস্ত্রোপচারের জন্য তাঁকে প্রস্তুত করা যায়। আপাতত তাঁকে হাসপাতালে রেখেই সমস্ত চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ “আর বোধহয় বাড়ি ফেরা হবে না, প্রতিটা মুহূর্তে ঠাকুরের নাম করছিলাম, সেদিন মনে হচ্ছিল…” জীবনের সবচেয়ে ভয়ংকর মুহূর্তের মুখোমুখি হয়ে কোনমতে প্রাণে বাঁচলেন বুলবুলি চৌবে পাঁজা! অপয়া ১৩-তে কী ঘটেছিল? অনুরাগীদের সঙ্গে প্রাণ সংশয়ের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী? এখন কেমন আছেন তিনি?
অভিনেতার পরিবারও সারাক্ষণ তাঁর পাশে রয়েছে। পরিচালক-কন্যা মধুবন্তী মুখোপাধ্যায় প্রতিদিন দু’বেলা হাসপাতালে এসে বাবার খোঁজ নিচ্ছেন। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত কথা বলে তিনি বাবার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানছেন এবং দ্রুত সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় পরামর্শও নিচ্ছেন। পরিবার, চিকিৎসক এবং শুভানুধ্যায়ীদের আশা, সব শারীরিক সূচক স্বাভাবিক হলেই সফলভাবে বাইপাস সার্জারি করা সম্ভব হবে এবং খুব শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বর্ষীয়ান অভিনেতা।






