“আমি ভক্তদের পরিবার ভাবি, কিন্তু বিশ্বাসভঙ্গ হলে…” হিয়া মুখার্জীর নাম সামনে আসতেই, ইঙ্গিতপূর্ণ পোস্ট সাহেবের? তাহলে কি নতুন ধারাবাহিক ও সাহেব-সুস্মিতা জুটি বিতর্কে ক্ষুব্ধ অনুরাগীদের উদ্দেশ্যেই বার্তা?

ছোটপর্দায় অভিনেতা ‘সাহেব ভট্টাচার্য’ (Saheb Bhattacharya) ফিরছেন, আর এই খবর ছড়াতেই স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। দীর্ঘদিন ধরেই দর্শকরা তাঁকে নতুন কোনও ধারাবাহিকে দেখার অপেক্ষায় ছিলেন। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, একটি নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে তাঁর নাম উঠে এসেছে এবং প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলা হয়েছে। লুক টেস্ট বাকি থাকলেও, সাহেবের কামব্যাক নিয়ে ভক্তরা ইতিমধ্যেই দিন গুনতে শুরু করেছেন।

তবে এই আনন্দের মধ্যেই তৈরি হয়েছে বিতর্ক! কারণ শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে সাহেবের বিপরীতে নায়িকা হিসেবে ভাবা হচ্ছে ‘হিয়া মুখার্জী’কে (Hiya Mukherjee)। হিয়ার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন না উঠলেও, দর্শকদের একাংশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাঁরা আবারও সাহেব-সুস্মিতা (Saheb-Susmita) জুটিকেই দেখতে চান। ‘কথা’ ধারাবাহিকের পর এই জুটির জনপ্রিয়তা যে ঠিক কতটা, তা সমাজ মাধ্যমের প্রতিক্রিয়াতেই বোঝা যাচ্ছে। অনেকেই বলছেন, সুস্মিতা না থাকলে তাঁরা এই নতুন ধারাবাহিক দেখতেই আগ্রহী নন।

এই দাবি একেবারেই অমূলক নয় বলেই মনে করছেন অনেকে। কারণ ‘কথা’ ধারাবাহিকেই প্রথমবার একসঙ্গে কাজ করে সাহেব এবং সুস্মিতা বিপুল ভালোবাসা পেয়েছিলেন। পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে বারবার চর্চা হয়েছে। মাঝেমধ্যেই তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যায়। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকরা নিয়মিত অনুরোধ জানিয়ে আসছেন, এই জুটিকে আবার নতুন কোনও প্রোজেক্টে ফেরানোর জন্য।

ঠিক এই আবহের মধ্যেই সাহেব ভট্টাচার্য নিজের সমাজ মাধ্যমে পাতায় একটি রহস্যময় পোস্ট করেন, যা ঘিরে আরও আলোচনা শুরু হয়েছে। সেখানে তিনি লেখেন, “আমি সবসময় আমার ভক্তদের নিজের পরিবারের মতোই দেখেছি। কিন্তু সেই বিশ্বাস যখন ভেঙে যায়, তখন সম্পর্কের সমীকরণও বদলে যায়।” এই বক্তব্যের নানান ব্যাখ্যা করছেন নেটিজেনরা। কেউ মনে করছেন, নতুন ধারাবাহিকে অন্য অভিনেত্রীর সম্ভাবনায় ভক্তদের ক্ষোভের জবাব হিসেবেই এই পোস্ট।

আরও পড়ুনঃ “সন্তানের প্রশ্ন আমাদের কাছে ছোট হলেও, ওদের জগতে সেটা বিশাল…আমি ওদের সম্মান করতে ভালোবাসি!” শিশুর ভাবনাকে ছোট করে দেখা উচিত নয়! আধুনিক মাতৃত্ব ও শিশুদের মানসিকতার বিকাশ নিয়ে কোয়েল মল্লিকের স্পষ্ট মতামত!

আবার কারও মতে, এখনও চূড়ান্ত কিছু না হওয়ায় উত্তেজিত অনুরাগীদের শান্ত করতেই এমন বার্তা দিয়েছেন অভিনেতা। সব মিলিয়ে সাহেবের নতুন ধারাবাহিক ঘিরে আগ্রহ যেমন তুঙ্গে, তেমনই প্রশ্নও কম নেই। কোন চ্যানেলে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে, নায়িকা কে হবেন কিংবা আদৌ এই প্রোজেক্ট কতটা এগোবে, সবই এখনও অনিশ্চিত। সম্ভাব্যভাবে স্টার জলসার নাম শোনা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আপাতত দর্শকরা অপেক্ষাতেই রয়েছেন, কারণ শেষ সিদ্ধান্ত যে সময়ই জানাবে।

You cannot copy content of this page