দল বিপাকে পড়তেই, দিদির ক্ষমতা খর্ব হতেই শিবির বদল দেবের! তারকা দিয়ে রাজনীতি হয় না! এবার কী তবে বুঝবেন মমতা? পুরনো খোঁচা ফের দিলেন কুণাল

পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলের পর নতুন করে আলোচনায় উঠে এলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, দলের একাংশের বিদ্রোহী সাংসদদের সঙ্গে নাম জড়িয়েছে দেবেরও। এই পরিস্থিতিতে আবার সামনে এসেছে তৃণমূল নেতা কুণাল ঘোষের পুরনো মন্তব্য। একসময় দেবকে নিয়ে তিনি যে সতর্কবার্তা দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে তা নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অতীতে একাধিকবার দেবকে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। কখনও তাঁর রাজনৈতিক অবস্থান, কখনও বা বিভিন্ন ইস্যুতে নিরপেক্ষ থাকার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই সময় কুণাল ব্যঙ্গ করে দেবকে “চৈতন্যদেব” এবং “দেবাদিদেব” বলেও উল্লেখ করেছিলেন। বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত কিছু অভিনেতার সঙ্গে দেবের কাজ করা নিয়েও আপত্তি তুলেছিলেন তিনি। এমনকি দলের অন্দরে বিষয়টি নিয়ে সতর্ক থাকার বার্তাও দিয়েছিলেন কুণাল। যদিও তখন সেই মন্তব্য নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি বলেই মনে করেছিলেন অনেকেই।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। বিধানসভায় বিরোধী শিবিরের উত্থানের পাশাপাশি তৃণমূলের একাংশের মধ্যে অসন্তোষও প্রকাশ্যে আসে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক বিধায়ক বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে খবর। একই সময়ে লোকসভাতেও নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূল সংসদীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজন সাংসদ। তাঁদের তরফে পৃথক রাজনৈতিক অবস্থান গ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

রাজনৈতিক সূত্রে দাবি, প্রায় কুড়ি জন সাংসদ একটি পৃথক ব্লক গঠনের লক্ষ্যে স্বাক্ষর করেছেন। সেই তালিকায় দেবের নামও রয়েছে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে। যদিও এই বিষয়ে সাংসদের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে টানা তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যানের বৈঠকে তাঁকে শেষবার সক্রিয়ভাবে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ সময় নিজের কেন্দ্রেও খুব একটা সক্রিয় দেখা যায়নি তাঁকে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।

আরও পড়ুনঃ “আমিও তো মা-ই, মাতৃত্বের গুণাবলীটাই আসল…ওই ছেলেমেয়েগুলো আমারই” সন্তানহীন জীবন বেছে নিয়েও কেন নিজেকে পূর্ণাঙ্গ মা বলে দাবি করেন সোহিনী সেনগুপ্ত? অভিনেত্রীর অভিজ্ঞতা থেকে উঠে এল অন্যরকম দর্শন! মাতৃত্ব কি শুধু জন্মদানেই, নাকি অন্তরে জন্ম নেওয়া এক উপলব্ধি?

এই পরিস্থিতিতে কুণাল ঘোষ ফের নিজের পুরনো অবস্থানের প্রসঙ্গ টেনে আনেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “দেব এক নম্বর অভিনেতা। তবে ওর রাজনীতি নিয়ে আমার বক্তব্য ঠিক ছিল কি না তা নেত্রী আজ বুঝবেন নিশ্চয়।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখেই পুরনো বক্তব্যের যথার্থতা তুলে ধরতে চেয়েছেন কুণাল। অন্যদিকে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

You cannot copy content of this page