তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন জগত সর্বত্রই শুরু হয়েছে জোর চর্চা। রাজ্যসভার সদস্য হিসেবে বিজেপির হয়ে দায়িত্ব নেওয়ার পর তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্নও উঠছে। কেন রাজনীতির ময়দানে এলেন কোয়েল? মানুষের জন্য কী করতে চান তিনি? এই আবহেই এবার কোয়েল মল্লিকের দলবদল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
কোয়েলের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি খুব খুশি কোয়েল মল্লিক জয়েন করেছে। কারণ রাজ্যসভার এতগুলো সিট রয়েছে, তার মধ্যে একটি সিটও যদি মানুষের কথা ভাবে, তাতেই সাধারণ মানুষের লাভ। চারদিকে এত দুর্নীতি হচ্ছে, তার মধ্যে ৫ শতাংশ যদি একটি সিটে বসে ভালো কাজ করা যায়, সেটাই অনেক।” অর্থাৎ দল বা রাজনৈতিক পরিচয়ের থেকেও রাজ্যসভার একজন সদস্য সাধারণ মানুষের জন্য কতটা কাজ করতে পারছেন, সেটাকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। সেই জায়গা থেকেই কোয়েলের নতুন রাজনৈতিক ভূমিকা নিয়ে আশাবাদী কনীনিকা।
কোয়েলকে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে চেনেন বলেও জানিয়েছেন কনীনিকা। তাঁর কথায়, “আমি কোয়েলকে অনেকদিন থেকে চিনি। ও খুব শান্ত স্বভাবের এবং বুদ্ধিজীবী মানুষ।” একইসঙ্গে তৃণমূল বা বিজেপির রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে কোয়েলকে বিচার করার পক্ষেও নন তিনি। কনীনিকার বক্তব্য, “ওর কাছে তৃণমূল যা, ওর কাছে বিজেপি তাই। এগুলো শুধুমাত্র একটি গোষ্ঠী যারা মানুষের জন্য কাজ করছে। এই সব গোষ্ঠীর নীতি, দুর্নীতি, মূলনীতি এসব নিয়ে কথা বলে লাভ নেই, কারণ নীতি বদলাতে থাকে।” তাঁর মতে, শেষ পর্যন্ত কোন নীতি সাধারণ মানুষের জন্য কার্যকর হচ্ছে, সেটাই আসল বিষয়।
রাজ্যসভায় কোয়েলের মতো একজন মানুষের প্রয়োজন ছিল বলেও মনে করেন কনীনিকা। তিনি বলেন, “আমি কোয়েলের জন্য খুব খুশি। কারণ ওই সিটে একজন ঠিকঠাক মানুষের দরকার ছিল, যে মানুষের কথা বলবে। কোয়েল মল্লিক খুব নিরপেক্ষ। আশা করি, সে ভবিষ্যতে ভালো কাজ করবে।” ফলে কোয়েলের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তনের থেকেও তাঁর কাজের দিকেই নজর দিতে চাইছেন কনীনিকা। বিশেষ করে সাধারণ মানুষের হয়ে কথা বলা এবং তাঁদের জন্য কাজ করার ক্ষেত্রে কোয়েল কতটা ভূমিকা নিতে পারেন, তা নিয়েই এখন প্রত্যাশা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ “সাবিত্রী আন্টির সঙ্গে তো ৫ মিনিট বসেও কথা বলা যায় না”, “মাধবী আন্টির সঙ্গে আমার সম্পর্ক ঐতিহাসিক, প্রথম ওঁনাকে ‘মা’ আমিই ডেকেছি!” স্মৃতির ঝাঁপি খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! শৈশব থেকে আজকের দিন, দুই কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অজানা সমীকরণ ভাগ করে একি বললেন বুম্বাদা?
এর পাশাপাশি কোয়েল মল্লিকের সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের কথাও জানান কনীনিকা। তিনি দাবি করেন, কোয়েল তাঁকে জানিয়েছেন যে তিনি বিশেষভাবে নারী ও শিশুদের জন্য কাজ করতে চান। ফলে রাজ্যসভার মঞ্চে কোয়েল মল্লিক ভবিষ্যতে নারী ও শিশুদের স্বার্থে কী ধরনের উদ্যোগ নেন, সেদিকেও নজর থাকবে। বিনোদন জগতের পরিচিত মুখ থেকে এবার সংসদীয় রাজনীতির দায়িত্ব এই নতুন ভূমিকায় কোয়েল কতটা মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেটাই সময়ের সঙ্গে স্পষ্ট হবে।






