লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ঘিরে শুরুতেই বড় বিতর্ক সামনে এল। সূত্রের খবর, এই ধারাবাহিকের অন্যতম মুখ্য অভিনেতা রোহিত চন্দেলকে এক ১৬ বছরের নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ প্রকাশ্যে আসতেই টেলিভিশন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ধারাবাহিকের প্রযোজক ও কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগকারী নাবালিকার দাবি, দীর্ঘদিন ধরেই রোহিত চন্দেল তাঁকে ফোন করে বিরক্ত করতেন। শুধু তাই নয়, সমাজমাধ্যমেও বারবার যোগাযোগের চেষ্টা করতেন এবং তাঁকে অনুসরণ করতেন বলে অভিযোগ। নাবালিকার বক্তব্য, অভিনেতা তাঁকে অশালীন প্রস্তাবও দিয়েছেন। পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। লিখিত অভিযোগে এই সমস্ত বিষয়ই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু করেছে বলে জানা গিয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ জুলাই নাবালিকা নিজের বাড়ির সামনে পৌঁছালে রোহিত চন্দেল তাঁর পথ আটকে দাঁড়ান। এরপর তিনি ওই কিশোরীকে ধাওয়া করেন, তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং গালিগালাজ করেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, শারীরিকভাবে আঘাত করার অভিযোগও রয়েছে অভিনেতার বিরুদ্ধে। এই ঘটনার পরই নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতেই শুক্রবার দহিসারে অবস্থিত নিজের বাসভবন থেকে রোহিতকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর অভিনেতাকে বিশেষ পকসো আদালতে তোলা হলে আদালত আরও তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ বা পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৭৮ এবং ১১৫(২) ধারাও যুক্ত করা হয়েছে। এই ধারাগুলি মূলত কাউকে অনুসরণ করা, শারীরিকভাবে আঘাত করা এবং নিগ্রহের মতো অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য। বর্তমানে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ ‘পুরুষতন্ত্র শুধু নারীদেরই ঠ’কায়নি, দায়িত্ববোধও কেড়ে নিয়েছে…’ ঘর ভাঙছে রাজ-শুভশ্রীর? অন্তর্ধানে স্বামী, লেডি সুপারস্টারের ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা! বিচ্ছেদের পথে হাঁটছে, টলিপাড়ার ‘পাওয়ার কাপল’?
রোহিত চন্দেলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সামনে আসার পর টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও শুরু হয়েছে নানা আলোচনা। অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন দাবি এখনও করা হয়নি। তবে নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতেই আইন অনুযায়ী মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো ঘটনার সত্যতা আদালতের বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই স্পষ্ট হবে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন হিন্দি ধারাবাহিকও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এখন তদন্তের অগ্রগতির দিকেই নজর সকলের।






