বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তৃণা সাহা। পর্দায় তাঁর অভিনয় দেখলে দর্শকের হাততালি থামে না। তটিনী হোক কিংবা অন্য কোনও চরিত্র, নিজের স্বাভাবিক অভিনয়ে তিনি সহজেই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। কিন্তু অভিনয়ের এই উজ্জ্বল সাফল্যের মাঝেও ব্যক্তিগত জীবনের এক অপ্রকাশিত কষ্টের কথা সম্প্রতি সামনে এনেছেন তৃণা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয় পেশা বেছে নেওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। এত বছর কেটে গেলেও সেই মানসিক দূরত্ব পুরোপুরি কাটেনি বলেই দাবি অভিনেত্রীর।
তৃণা জানিয়েছেন, ছোটবেলায় কখনওই তিনি ভাবেননি যে একদিন অভিনয়ই তাঁর পেশা হবে। তাঁর পরিবারে বিনোদন জগতের সঙ্গে যুক্ত কেউ নেই। তাই যখন তিনি অভিনয়ের পথে পা বাড়ান, তখন তাঁর বাবা মা একেবারেই তা মেনে নিতে পারেননি। বরং শুরু থেকেই তাঁরা এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তৃণার জনপ্রিয়তা বেড়েছে, কাজের সংখ্যা বেড়েছে, দর্শকের ভালবাসাও পেয়েছেন তিনি। কিন্তু এত কিছুর পরেও তাঁর বাবা মায়ের দৃষ্টিভঙ্গিতে খুব একটা বদল আসেনি বলেই জানিয়েছেন অভিনেত্রী।
এখনও নাকি সেই মান অভিমান রয়ে গেছে সংসারে। তৃণা নিজেই আক্ষেপের সুরে বলেন, বাবা মা এখনও তাঁর কাজের সময়সূচি নিয়ে অসন্তুষ্ট থাকেন। শুটিং বা কাজের কারণে দেরি করে বাড়ি ফিরলে তাঁরা কথা বলেন না বলেই জানিয়েছেন তিনি। বিশেষ করে রাতে কাজ শেষে দেরিতে বাড়ি ফিরলে বাবা মায়ের কাছ থেকে এখনও শুনতে হয় প্রশ্ন। কী করিস এসব। এই কথাগুলোই নাকি তাঁকে বারবার মনে করিয়ে দেয় যে তাঁর পেশা এখনও পুরোপুরি মেনে নিতে পারেননি পরিবার।
এই পরিস্থিতি কীভাবে সামলান তৃণা। অভিনেত্রীর মতে সম্পর্কের টানাপোড়েন সামলাতে সবচেয়ে জরুরি বিষয় হল স্পেস দেওয়া। তিনি মনে করেন কেউ রেগে থাকলে তখন তাকে বোঝানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই তিনি নিজেও কিছুটা দূরত্ব রাখেন এবং সময়কে নিজের মতো কাজ করতে দেন। তৃণার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে অনেক সমস্যাই নিজের থেকেই মিটে যায়। তাই তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন এমন এক দিনের জন্য, যখন তাঁর কাজ দেখে হয়তো বাবা মা নিজেরাই গর্ব অনুভব করবেন।
আরও পড়ুনঃ “ঈশ্বরের আশীর্বাদ পেলাম” পাঁচ বছর পরেও অম্বরীশের জন্মদিনে, বার্তা পাঠাতে ভুল হয় না অমিতাভ বচ্চনের! কীভাবে তৈরি হয়েছে ‘বিগ বি’র সঙ্গে এমন সম্পর্ক? বিশেষ দিনে কোন গল্প শোনালেন অভিনেতা?
অন্যদিকে পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন তৃণা। নীল ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্ক এবং দাম্পত্য নিয়ে নানা জল্পনা রয়েছে। দুজনের মধ্যে সৌজন্য ও বন্ধুত্ব বজায় থাকলেও তাঁরা একসঙ্গে থাকেন না বলেই আভাস দিয়েছেন অভিনেত্রী। তবুও অভিনয়ের জগতে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। খোকাবাবু থেকে খড়কুটো পর্যন্ত একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে দর্শকের মন জয় করেছেন তৃণা। তবুও তাঁর মনে একটাই আক্ষেপ রয়ে গেছে। জীবনের এই দীর্ঘ পথচলায় পরিবারের নিঃশর্ত সমর্থন এখনও পুরোপুরি পাননি তিনি।






