“সুরুচি সংঘের কার্তিক…লোভটা একই থাকবে, পাল্টাবে শুধু ‘বিশ্বাস’!” স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বি’স্ফোরক ঋদ্ধি সেন! কাঠগড়ায় শুধু প্রাক্তন ফেডারেশন প্রধান নন, অভিনেতার অভিযোগের তির কার দিকে?

টলিউডের প্রভাবশালী মুখ স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) গ্রেফতার করার পর থেকেই বাংলা বিনোদন জগতে শুরু হয়েছে জোর চর্চা। নিউ আলিপুর থানার করা মামলায় তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক গুরুতর অভিযোগের তদন্ত চলছে। এই ঘটনার পর অনেকেই সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে সবার নজর কেড়েছে অভিনেতা ঋদ্ধি সেনের (Riddhi Sen) দীর্ঘ পোস্ট। বরাবরের মতোই সরাসরি ভাষায় তিনি নিজের বক্তব্য তুলে ধরেছেন এবং শুধুমাত্র স্বরূপ বিশ্বাসকে নয়, তাঁকে ঘিরে তৈরি হওয়া ক্ষমতার বলয় নিয়েও প্রশ্ন তুলেছেন।

ঋদ্ধি তাঁর পোস্টের শুরুতেই লেখেন, “বিশ্বাস বাবু আজকে গুপী হলেন, হওয়ারই কথা, কিন্তু বাঘাদের আনন্দ দেখে বেশ মজা লাগছে।” এরপর তিনি কটাক্ষ করে বলেন, শিল্পীদের ঘরবন্দি করার অভিযোগ থেকে শুরু করে আজ নিজে জেলবন্দি হওয়ার পরিস্থিতি পর্যন্ত স্বরূপ বিশ্বাসের এই যাত্রা তাঁর কাছে অত্যন্ত হাস্যকর বলেই মনে হয়েছে। অভিনেতার দাবি, দু’বছর আগেও তিনি স্বরূপ বিশ্বাসকে ব্যক্তিগতভাবে চিনতেন না বা চেনার প্রয়োজন বোধ করেননি। তবে তাঁর ভাষায়, তিনি শুধু জানতেন, “সুরুচি সংঘের কার্তিকের গোঁফ অনুকরণ করে নাকের নীচে এক জোড়া গাম্ভীর্য লালন করার কাজ যত্ন নিয়ে করতেন তিনি।”

পোস্টের পরবর্তী অংশে ঋদ্ধি আরও তীব্র ভাষায় লেখেন, “আগেও মনে হতো,এখনো মনে হয়,গোঁফ ছুরি নিয়ে নিত্যদিন হল্লা করেন যিনি তার জন্য সংবাদ মাধ্যমে হোক বা স্বপ্ন মাধ্যমে কোথাওই দুটো শব্দ ব্যয় করা অপ্রয়োজনীয় এবং ক্লান্তিকর,কারণ উনি সত্যি বড়োই অকিঞ্চিৎকর”। তাঁর বক্তব্য, ব্যক্তিগতভাবে তিনি স্বরূপ বিশ্বাসকে কখনও এত গুরুত্বপূর্ণ মনে করেননি। কিন্তু তবুও বাংলা চলচ্চিত্র জগতের বহু মানুষকে তিনি বিশ্বাস করাতে পেরেছিলেন যে তাঁর কথাই শেষ কথা। কীভাবে এমন প্রভাব তৈরি হল, সেই প্রশ্নও তুলেছেন অভিনেতা। যদিও সেই প্রশ্নের উত্তর তিনি খোলাখুলি দেননি, বরং ইঙ্গিতপূর্ণ ভাষাতেই নিজের মত প্রকাশ করেছেন।

ঋদ্ধির মতে, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় প্রশ্ন হল গত দেড় দশক ধরে তাঁর পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের ভূমিকা। তিনি লিখেছেন, “বিশ্বাস বাবু আজকে গ্রেফতার হলেন,কিন্তু বিগত ১৫ বছর ধরে গোঁফ চুরি গেছে বলে যে গর্জন তিনি করেছেন এবং সেই গর্জনের সাথে যারা গলা মিলিয়ে দিনের পর দিন থানায় গোঁফ চুরির FIR লেখাতে গেছিলেন তারা কারা?” অভিনেতার দাবি, রাজনৈতিক সুবিধা ও ব্যক্তিগত স্বার্থের হিসেবেই অনেকের অবস্থান বদলায়। তাই আজ কেউ উল্লাস করছেন, কেউ আবার দুঃখ প্রকাশ করছেন, কিন্তু অতীতে কারা এই পরিস্থিতি তৈরি হতে সাহায্য করেছিলেন, সেই প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ “ওকে ছাড়া কিছুই সম্ভব নয়, ওই অবলম্বন” বউ প্রিয়াঙ্কার জন্যই অনস্ক্রিন বউ দীপান্বিতার সঙ্গে কোন‌ও রসায়ন নেই, দাবি দর্শকদের! হঠাৎই বউয়ের হয়ে কী সাফাই দিলেন শুভ্রজিৎ?

পোস্টের শেষে ঋদ্ধি সেন আরও লেখেন, “বিশ্বাস বাবুর ভয় দেখানোর গল্পটা অনেকটা হরর কমেডির মতো” এবং সেই গল্পকে সফল করে তুলতে বহু মানুষ সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলেও তাঁর অভিযোগ। তাঁর কথায়, ক্ষমতা ও প্রভাব একা কোনও ব্যক্তির হাতে তৈরি হয় না, তার পিছনে থাকে এক বড় সমর্থন ব্যবস্থা। তাই আজ স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যাঁরা আনন্দ বা হতাশা প্রকাশ করছেন, তাঁদের একাংশও এই পরিস্থিতির জন্য দায় এড়াতে পারেন না বলে মনে করেন অভিনেতা। পোস্টের শেষ লাইনে ঋদ্ধি লেখেন, “লোভটা একই থাকবে,পাল্টাবে শুধু ‘বিশ্বাস’।” আর এই মন্তব্য ঘিরেই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে।

You cannot copy content of this page