বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। দীর্ঘদিনের অভিনয় জীবনে নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। জি বাংলার ‘সিঁদুরখেলা’ ধারাবাহিকের হাত ধরে বড়সড় পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। এরপর ‘তুমি রবে নীরবে’, ‘জড়োয়ার ঝুমকো’ থেকে হিন্দিতে ‘জয় কানহাইয়া লাল কি’, একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয়ের পরিচয় দিয়েছেন শ্বেতা। দেবের বিপরীতে ‘প্রজাপতি’ ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নাচ ও অভিনয়ের জগতে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী।
তবে বছরের শুরুতেই শ্বেতার জীবনে হঠাৎ শারীরিক সমস্যার খবর সামনে এসেছিল। মেকআপ করার সময় অসাবধানতাবশত কোনওভাবে তাঁর চোখে মেকআপের কণা ঢুকে যায় বলে জানিয়েছিলেন অভিনেত্রী। প্রথম দিকে বিষয়টিকে খুব গুরুতর বলে মনে করেননি তিনি। চোখের উপরের পাতায় ফোলাভাব দেখা দেওয়ায় প্রথমে সেটিকে আঞ্জনি বলেই ভেবেছিলেন শ্বেতা। সেই মতো চিকিৎসকের পরামর্শ নেন এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করান। ওষুধ খাওয়ার পর একটা সময় ব্যথা কিছুটা কমেছিল এবং পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছিল। এরপর সব ঠিকঠাক চলছিল বলেই ফের নতুন করে এমন সমস্যার মুখে পড়তে হবে, তা হয়তো ভাবেননি অভিনেত্রী।
কিন্তু আচমকাই সেই পুরনো সমস্যাই আবার বড় আকার নিয়েছে। আজ সকালে একটি ভিডিও প্রকাশ করেন শ্বেতা, যেখানে তাঁকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। অভিনেত্রী নিজেই জানান, খুব এলোমেলো অবস্থায় বাধ্য হয়েই তিনি ভিডিওটি করছেন। বছরের শুরুতে যে ফোলাভাব ও ব্যথা নিয়ে চিকিৎসা শুরু করেছিলেন, বর্তমানে সেই যন্ত্রণা অনেকটাই বেড়ে গিয়েছে। চোখের উপরের পাতার ফোলাভাবও এখন আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি ফের চিকিৎসকের কাছে গেলে তাঁকে জানানো হয়, মেকআপ তোলার সময় কোনওভাবে ঢুকে যাওয়া মেকআপের কণা থেকেই সেটি সিস্টে পরিণত হয়েছে। চিকিৎসক সেই কারণেই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন বলে ভিডিওতে জানিয়েছেন শ্বেতা।
তবে অস্ত্রোপচারের কথা শুনেই বেশ ভয় পেয়ে গিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে নিজের সমস্যার কথা বলতে গিয়ে শ্বেতা স্পষ্ট জানান, তিনি অপারেশনকে ভীষণ ভয় পান। তাই হঠাৎ করে অস্ত্রোপচার করাতেও তিনি চাইছেন না। তাঁর কথায়, “আমি অপারেশনকে প্রচন্ড ভয় পাই আর হুট করে করতেও চাইছি না।” এরপর নিজের বর্তমান কষ্টের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, “চোখে অসহ্য যন্ত্রণা আমার, আপনার একটু সাহায্য করুন।” শুধু নিজের সমস্যার কথা জানানো নয়, চিকিৎসার বিকল্প পথ খুঁজতেও দর্শকদের সাহায্য চেয়েছেন তিনি। শ্বেতার আবেদন, “কারোর কাছে কোনও ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ বা যোগাযোগের নাম্বার থাকলে আমাকে দয়া করে পাঠান।”
আরও পড়ুনঃ ‘দাদাগিরি’র মতো জমল না মহারাজের সঞ্চালনা? বারবার দর্শকের সমালোচনায় ‘দাদার দরবার’, মন জয় করতে ব্যর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়? অবশেষে বদলাচ্ছে বিগ বস বাংলার সঞ্চালক? নতুন সঞ্চালকের ভূমিকায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? এলো বড় আপডেট!
বর্তমানে যন্ত্রণার কারণে ঠিকমতো চোখ খুলতেও পারছেন না বলে জানিয়েছেন শ্বেতা। ভিডিওর শেষেও অভিনেত্রী বলেন, “খুব যন্ত্রণা ঠিক মতো চোখটাও খুলতে পারছি না।” তাঁর এই কথাতেই বোঝা যাচ্ছে, সমস্যাটি ফের কতটা কষ্টকর হয়ে উঠেছে। এর আগে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকেও দর্শক তাঁকে দেখেছেন, যদিও সেই ধারাবাহিক বছর খানেক আগেই শেষ হয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়েও এগিয়ে চলছিলেন শ্বেতা। তার মধ্যেই পুরনো শারীরিক সমস্যা ফের দেখা দেওয়ায় নতুন করে প্রতিকূলতার মুখে পড়েছেন তিনি। অভিনেত্রীর এই ভিডিও প্রকাশ্যে আসার পর তাঁর অনুরাগীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে এবং দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন তাঁরা।






