ভোটের ফল ঘোষণার আর মাত্র দু’দিন বাকি, তার মধ্যেই অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহার একটি মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি নিজের বামপন্থী অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। বিভিন্ন সময়ে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও দেখা গিয়েছে তাঁকে। এবারের বিধানসভা ভোটেও বামেদের হয়ে প্রচারে সক্রিয় ছিলেন মানসী। সেই কারণেই প্রিমিয়ার অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক মন্তব্য ঘিরে আগ্রহ ছিল বেশি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আচমকাই বলে ফেলেন, “লাল জিতবে।” এই এক লাইনের মন্তব্য মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ঘটনাটি ঘটে তাঁর নতুন ছবি প্রত্যাবর্তন-এর প্রিমিয়ার অনুষ্ঠানে। সেখানে ভোটের অঙ্ক, সবুজ ও গেরুয়া শিবিরের লড়াই এবং সম্ভাব্য ফলাফল নিয়ে প্রশ্ন করা হয় মানসীকে। উত্তেজনার মাঝেই তিনি প্রথমে বলেন, “লাল জিতবে।” কথা বলার পরই তিনি বুঝতে পারেন মন্তব্যটি কীভাবে ধরা পড়তে পারে। সঙ্গে সঙ্গেই খানিক হেসে নিজেকে সামলে নেন।
পরে জিভ কেটে বক্তব্যে সংশোধন আনেন। তাঁর এই আচমকা প্রতিক্রিয়াও উপস্থিতদের নজর কাড়ে। এরপর তিনি স্পষ্ট করে বলেন, “দেখো, আমায় যদি ব্যক্তিগতভাবে জিগ্গেস করো, তবে সিপিএম এবার সরকার গড়তে পারবে না। কিন্তু নিঃসন্দেহে বেশ কয়েকটি সিট তারা পাবে। এবার ঘুরে দাঁড়ানোর পালা।” মানসীর এই বক্তব্যে পরিষ্কার, তিনি সরকার গঠনের সম্ভাবনা না দেখলেও বামেদের ফল ভাল হবে বলেই বিশ্বাস করছেন। তাঁর মতে, এতদিনের ধাক্কা কাটিয়ে এবার বিধানসভায় বামেদের উপস্থিতি বাড়তে পারে।
এই মন্তব্যে বাম সমর্থকদের একাংশও নতুন করে আশাবাদী হয়েছেন। মানসী আরও ইঙ্গিত দেন, মূল লড়াই এবারও তৃণমূল ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ। তবে সেই লড়াইয়ের মাঝেও বামেরা হারিয়ে যাওয়া জমি কিছুটা ফিরে পেতে পারে বলে তাঁর ধারণা। বহুদিন ধরে শূন্য বা খুব কম আসনে আটকে থাকা বাম শিবিরের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তিনি। নতুন প্রজন্মের কয়েকজন মুখ যেমন দীপ্সিতা, কলতানদের নামও এখন আলোচনায়। মানসীর মতে, ফলাফলে বড় পরিবর্তন না এলেও আসন সংখ্যা বাড়া বামেদের জন্য বড় বার্তা হতে পারে।
আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ পৌষালী বন্দ্যোপাধ্যায়! গভীর রাতে তড়িঘড়ি ভর্তি হন হাসপাতালে, হঠাৎ কী হল জনপ্রিয় গায়িকার? কী জানাল পরিবার?
ভোটের আগে তাঁর এই ‘স্লিপ অফ টাং’ নিয়েও এখন রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা চলছে। কেউ বলছেন, এটি বামপন্থী সমর্থকদের আত্মবিশ্বাসের প্রতিফলন। আবার অন্য অংশের মত, আবেগের বশে বাস্তব পরিস্থিতির বাইরে গিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী। তবে একটি বিষয় স্পষ্ট, ভোটের ফল প্রকাশের আগে তাঁর এই মন্তব্য নতুন করে চর্চার পারদ বাড়িয়ে দিয়েছে। এখন নজর ৪ মে-র ফলাফলের দিকে। মানসীর ভবিষ্যদ্বাণী কতটা মেলে, তা জানাবে সময়ই।






“লাল জিতবে” বলেই জিভ কাটলেন মানসী সিনহা! বিধানসভা ভোটের ফল ঘোষণার বাকি আর দু’দিন, বামেদের নিয়ে আত্মবিশ্বাসের ভবিষ্যদ্বাণী ঘিরে ফের শিরোনামে অভিনেত্রী!