ছোটপর্দার পরিচিত মুখ অনন্যা গুহ (Ananya Guha) এবং তাঁর কনটেন্ট ক্রিয়েটর স্বামী সুকান্ত কুণ্ডু (Sukanta Kundu) র বিয়ের অনুষ্ঠান এখন নেটদুনিয়ার অন্যতম আলোচনার বিষয়। বিয়ের দিন নতুন কনেকে ঘিরে বাউন্সারদের উপস্থিতি থেকেই শুরু হয় বিতর্ক। অনেকের মতে, পুরো আয়োজনেই ছিল এক ধরনের হাই প্রোফাইল আমেজ। তবে সেই জাঁকজমকের মধ্যেই নেটপাড়ায় শুরু হয় ট্রোলের ঝড়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন কেন এমন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল এবং তা কি আদৌ প্রয়োজন ছিল। শুধু সাধারণ দর্শকই নন, টলিউডের কিছু পরিচিত মুখও মজার ছলে এই বিয়ে নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে।
বিতর্ক আরও বাড়ে যখন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন ফটোগ্রাফারের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ সামনে আসে। দাবি করা হয়, ছবি তুলতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়েছিল এবং সেই সময় পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। যদিও এই বিষয়ে দম্পতির তরফে সরাসরি কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবু ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা শুরু হয়। অনেকে মনে করছেন, বিয়ের মতো আনন্দের অনুষ্ঠানে এমন ঘটনা না ঘটলেই ভাল হত। আবার অনেকে বলছেন, অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা এড়াতেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর মধ্যেই নতুন করে আলোচনায় আসে বিয়ের খাবারের মেনু। সাধারণত তারকাদের বিয়েতে কী কী খাবার পরিবেশন করা হয় তা নিয়ে দর্শকদের কৌতূহল থাকেই। সেই কৌতূহল থেকেই সামনে আসে অনন্যা ও সুকান্তর বিয়ের মেনু। সেখানে ছিল ফিশ ফ্রাই, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, সাদা ভাত, কাতলা কালিয়া, চিকেন বিরিয়ানি, মটন কষা, চাটনি, পাপড়, রসগোল্লা, মধু মালঞ্চ, আইসক্রিম এবং পান। এই তালিকাটি নিজেই তাঁর ভ্লগে শেয়ার করেছিলেন সুকান্ত, আর সেটিই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
মেনু সামনে আসতেই শুরু হয় তুমুল ট্রোল। অনেকেই মন্তব্য করেন যে এত বাউন্সার রাখা হলেও অতিথিদের জন্য দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি, যা নাকি তাঁদের মতে খুব সাধারণ মেনু। কেউ কেউ আবার মজা করে লিখেছেন, এত বড় আয়োজন অথচ মেনুতে তেমন বিলাসিতা নেই। এমনকি পোশাক, গয়না ও মেকআপ নিয়েও কটাক্ষ করা হয়েছে। যদিও অনেকেই আবার দম্পতির পক্ষ নিয়ে বলেছেন, বিয়ের খাবার নিয়ে এমন সমালোচনা করা একেবারেই অযৌক্তিক এবং ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা আলোচনা হওয়া উচিত নয়।
আরও পড়ুনঃ “দুই লাইন মুখস্থ করেই রেকর্ডিং! এতে কি গানের আত্মা বেঁচে থাকে?” বর্তমান সঙ্গীত চর্চা ও ‘প্যাচ রেকর্ডিং’ সংস্কৃতি নিয়ে আক্ষেপ কিংবদন্তি গায়িকা হৈমন্তী শুকলার! সত্যিই কি হারিয়ে যাচ্ছে শিল্পের প্রকৃত সাধনা, কী বললেন তিনি?
উল্লেখ্য, মাত্র ২২ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছেন অনন্যা গুহ। ছোটপর্দায় তিনি প্রথম পরিচিতি পান কৃষ্ণকলি ধারাবাহিকে মুন্নি চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং মিত্তির বাড়ি, সহ একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সুকান্ত ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে কর্পোরেট জগতে কাজ শুরু করলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন। জানা গিয়েছে, ২০২৫ সালেই তাঁরা বাগদান ও আইনি বিয়ে সারেন, যদিও সেই খবর অনেকটাই গোপন রেখেছিলেন দুজনেই।






