“সমর্থন ব্যক্তিগত, নিজের দক্ষতায়…” জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার পরই জল্পনা! এবার ভোটে প্রার্থী হচ্ছেন অপরাজিতা আঢ্য? বিধানসভা নির্বাচনে শাসকদলের হয়ে লড়াইয়ের প্রশ্নে, কী বললেন অভিনেত্রী?

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা আর তারকাদের ঘিরে কৌতূহল। বিভিন্ন দলের প্রচারে ইতিমধ্যেই দেখা যাচ্ছে পরিচিত মুখদের। এই আবহেই শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য নাকি এ বার শাসকদলের পছন্দের প্রার্থী তালিকায় রয়েছেন। টেলিভিশন ও বড়পর্দার অত্যন্ত পরিচিত এই মুখকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। তবে এ বিষয়ে মুখ খুলে নিজেই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও প্রস্তাব আসেনি এবং রাজনীতিতে যোগ দেওয়ারও কোনও পরিকল্পনা নেই।

দীর্ঘ অভিনয়জীবনে অপরাজিতা আঢ্য বাংলার দর্শকের ঘরের মানুষ হয়ে উঠেছেন। টেলিভিশনের অন্যতম সফল ও উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী তিনি। অতীতে বহু তারকা ভোটের আগে রাজনীতিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন, কেউ কেউ জিতেও গিয়েছেন। সেই উদাহরণ সামনে রেখেই তাঁর নাম ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। কিন্তু অভিনেত্রী জানালেন, রাজনীতি তাঁর বিষয় নয়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও শুভাকাঙ্ক্ষী, তবে সেই সমর্থন ব্যক্তিগত অনুভূতির জায়গায় সীমাবদ্ধ।

আরও পড়ুনঃ “মানুষ ও সম্পর্ক বদলায়, স্মৃতি থেকে যায়…তোর এমএলএ/এমপি হওয়ার স্বপ্ন পূরণ হোক!” সৌমিতৃষার জন্মদিনে আবেগঘন পোস্ট সায়ক চক্রবর্তী! কিন্তু কেন কয়েক ঘণ্টার মধ্যেই তা মুছে ফেললেন?

প্রস্তাব এলেও কি রাজনীতিতে আসবেন না? এই প্রশ্নে অপরাজিতা একেবারে খোলামেলা। তাঁর কথায়, রাজনীতিতে আসতে গেলে যে পড়াশোনা, জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োজন, তা তাঁর নেই। নাচ, গান, অভিনয়ই তাঁর চর্চার ক্ষেত্র এবং সেখানেই নিজেকে গড়ে তুলেছেন। যাঁরা রাজনীতিতে গিয়েছেন, তাঁরা নিশ্চয়ই বিষয়টি বোঝেন ও ভালবাসেন বলেই গিয়েছেন। নিজের দক্ষতা ও আগ্রহের জায়গাতেই থাকতে চান তিনি।

You cannot copy content of this page