হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে জয়ন্ত মুখার্জির (বাবু) মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। ছোটবেলা থেকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছেন তাঁকে। দীর্ঘদিনের পরিচয়, পারিবারিক সম্পর্ক এবং স্নেহের বন্ধনে বাঁধা ছিলেন তাঁরা। তাই বাবুর আকস্মিক প্রয়াণের খবর শুনে কার্যত স্তম্ভিত হয়ে যান অভিনেতা। মুম্বই থেকে স্মৃতিচারণা করতে গিয়ে আজকাল ডট ইন-কে বিশ্বজিৎ জানিয়েছেন, খবরটি পাওয়ার পর রাতের দিকে তিনি মৌসুমী চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। তাঁর কথায়, “গতকাল দুপুরে আমাদের হেমন্ত মুখার্জির ছেলে জয়ন্ত মুখার্জি, যাকে আমরা সবাই বাবু বলে চিনতাম, সে আর এই পৃথিবীতে নেই। ১২ তারিখ সন্ধেবেলায় ওর মৃত্যু হয়েছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না।” নিজের কাজ শেষ করেই রাতে গীতাঞ্জলিতে মৌসুমীর বাড়িতে পৌঁছে যান তিনি। সেখানে মৌসুমী ও তাঁর মেয়ে মেঘার সঙ্গে দেখা হয়। এত বড় শোকের মধ্যেও মৌসুমী যেভাবে নিজেকে সামলে রেখেছেন, তা দেখে অবাক হয়েছেন বিশ্বজিৎ।
কথা বলতে গিয়ে মৌসুমীর কাছ থেকেই জয়ন্তর শেষ সময়ের কথা জানতে পারেন অভিনেতা। তিনি জানতে পারেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জয়ন্ত। ধনতেরাসের দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু ১২ তারিখ হঠাৎ আবার শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। মাত্র আধঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে যায়। তবে বাবুর মৃত্যুর নেপথ্যে আরও একটি গভীর বেদনার কথা বিশ্বজিৎকে জানিয়েছিলেন মৌসুমী। তাঁদের মেয়ে পায়েলের মৃত্যুর পর থেকেই জয়ন্তর মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে, মেয়ের কাছে চলে গেলে হয়তো তিনি শান্তি পাবেন। পায়েলকে দেখার জন্য তাঁর মধ্যে প্রবল আকুলতা ছিল। মেয়েকে অসম্ভব ভালবাসতেন জয়ন্ত। মৌসুমীর বিশ্বাস, উপরওয়ালার ইচ্ছাতেই সব হয়েছে। মায়ের মুখে স্বামীর মনের এই অবস্থার কথা শুনে কার্যত নির্বাক হয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ। কী বলে তাঁকে সান্ত্বনা দেবেন, বুঝে উঠতে পারছিলেন না তিনি।
মৌসুমীর পাশে বসে প্রায় এক ঘণ্টা সময় কাটান বিশ্বজিৎ। অভিনেতার কথায়, “ওকে কী বলে সান্ত্বনা দেব, তার কোনও ভাষা আমার কাছে ছিল না। প্রায় এক ঘণ্টা ওর পাশে বসেছিলাম। শুধু শুনে গিয়েছি। এত বড় আঘাতের পরেও মৌসুমী এবং মেঘা যেভাবে নিজেদের শক্ত করে রেখেছে, তা দেখে অবাক হয়েছি। আজ মেঘা ছাড়া মৌসুমীর জীবনে আর কেউ নেই। ওকে দেখে আমার চোখে জল এসে গিয়েছিল।” এরপরই পুরনো দিনের নানা স্মৃতিতে ফিরে যান তিনি। বিশ্বজিতের কথায়, ছোটবেলা থেকেই মৌসুমীকে চিনতেন তিনি। তাঁর আসল নাম ছিল ইন্দিরা, ডাকনাম ইন্দু। সেই ছোট্ট ইন্দুকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছেন অভিনেতা। পরে পরিচালক তরুণ মজুমদার তাঁর নাম দেন মৌসুমী। ‘বালিকা বধূ’ ছবির নায়িকা হওয়ার পর অভিনয় জগতে তাঁর পরিচিতি বাড়তে শুরু করে। এরপর মুম্বইয়ে গিয়ে নিজের প্রতিভার জোরে প্রতিষ্ঠা পান তিনি। অভিনেতা জানিয়েছেন, পরিচালক শক্তি সামন্তই মৌসুমীকে মুম্বইয়ে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘদিনের পরিচিত এই অভিনেত্রীর জীবনে একের পর এক কঠিন সময় আসতে দেখেছেন বিশ্বজিৎ।
অন্যদিকে, জয়ন্ত মুখার্জির সঙ্গেও বিশ্বজিতের সম্পর্ক ছিল বহুদিনের। ভবানীপুরের বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলের পৈতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পরবর্তী সময়ে বাবু যখন ‘রিতেশ’ নাম নিয়ে অভিনয় শুরু করেন, সেই সময়ের কথাও মনে পড়েছে তাঁর। হেমন্ত মুখোপাধ্যায় নিজেই ছেলেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ‘বিশ সাল বাদ’ এবং ‘বিশ সাল পহেলে’ ছবির সঙ্গেও জড়িয়ে রয়েছে বাবুর স্মৃতি। শুধু অভিনয় নয়, বিয়েসহ জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছিলেন বিশ্বজিৎ। একসঙ্গে আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার স্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি। মৌসুমী তাঁর সঙ্গে আমেরিকায় গিয়েছিলেন এবং বাবুও সেখানে বিভিন্ন জায়গায় তাঁদের সঙ্গ দিতেন। বিশ্বজিতের ঘরে এসে রাত পর্যন্ত গল্প করতেন জয়ন্ত। কলকাতায় আত্মীয়ের বিয়েবাড়িতেও একসঙ্গে দেখা হয়েছে তাঁদের। সেখানে খাওয়াদাওয়া এবং আড্ডাও চলত। এমনকি হেমন্ত মুখোপাধ্যায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্র নিয়েও বাবু নিজে বিশ্বজিতের কাছে এসেছিলেন। এত বছরের সম্পর্কের স্মৃতি আজ অভিনেতাকে আরও বেশি আবেগপ্রবণ করে তুলেছে।
বাবুর সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে বিশ্বজিৎ জানিয়েছেন, তাঁকে কোনও দিন কাকা বলে ডাকতেন না জয়ন্ত। কারণ তাঁর কাকা অমল মুখোপাধ্যায় ছিলেন বিশ্বজিতের বন্ধু। তাই বরাবর তাঁকে বিশ্বজিৎ দা বলেই সম্বোধন করতেন বাবু। অভিনেতার স্ত্রীকেও বৌদি বলে ডাকতেন তিনি। বাবুর ব্যবহার, নম্রতা এবং সকলের সঙ্গে মিশে যাওয়ার স্বভাবের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বিশ্বজিৎ। তাঁর কথায়, “বাবু আমাকে কোনও দিন কাকা বলত না। ওর কাকা অমল মুখোপাধ্যায় আমার বন্ধু ছিলেন। আমাকে সবসময় বিশ্বজিৎ দা বলে ডাকত, আমার স্ত্রীকে বলত বৌদি। এত ভাল ছেলে, এত অমায়িক, এত ভাল ব্যবহার ছিল ওর! বাবু আমার খুব ভালবাসার পাত্র ছিল। ওকে কোনও দিন ভুলতে পারব না।” একইসঙ্গে মৌসুমী ও মেঘার আগামী দিনের কথা ভেবেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মেয়ে পায়েলকে হারানোর পর এবার স্বামী জয়ন্তকেও হারাতে হল মৌসুমীকে। পরিবারের তরফে রবিবার একটি স্মরণসভার আয়োজন করা হবে বলে বিশ্বজিৎকে জানিয়েছেন অভিনেত্রী। সেখানে তাঁকে উপস্থিত থাকার অনুরোধও করেছেন।
আরও পড়ুনঃ আনা হয় সাদা পদ্ম, সঙ্গে রাখা হয় এক পেগ হুইস্কি! কেন আজও শুভেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে হয় ‘উত্তম’ পুজো? মহানায়ককে ঘিরে কোন আবেগে শুরু হয়েছিল এই বিশেষ রীতি? জানলে অবাক হবেন আপনিও!
জয়ন্তর মৃত্যুর খবর এবং মৌসুমীর সঙ্গে দেখা করার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত বিশ্বজিৎ। অভিনেতা জানিয়েছেন, রাতে ঠিকমতো ঘুমোতে পারেননি তিনি। বারবার ঘুম ভেঙে গিয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে রানু মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে। অপারেশন হওয়ার কারণে হেমন্তপুত্রের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি। জয়ন্তর প্রয়াণে শোকপ্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অভিনেতা। তাঁর বিশ্বাস, বাবু হয়তো তাঁর অত্যন্ত প্রিয় মেয়ে পায়েলের কাছেই ফিরে গিয়েছেন। অন্যদিকে, জীবনের এই কঠিন সময়ে মৌসুমী ও মেঘা যাতে নিজেদের সামলে রাখতে পারেন, সেই প্রার্থনাও করেছেন তিনি। মা ও মেয়ের জন্য ঈশ্বরের কাছে শক্তি এবং সাহস চেয়েছেন বিশ্বজিৎ। দীর্ঘদিনের পরিচিত একটি পরিবারের এমন পরপর শোকের ঘটনায় তিনিও গভীরভাবে মর্মাহত। বাবুর সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি যে তাঁর মনে থেকে যাবে, তা স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা।






