বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী চাঁদনী সাহা। দীর্ঘদিন ধরে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের কাছে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-তে। অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়। তবে এবার ব্যক্তিগত একটি অত্যন্ত অস্বস্তিকর অভিজ্ঞতা প্রকাশ্যে এনে আলোচনায় উঠে এলেন অভিনেত্রী। গতকাল রাতে নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানান।
পোস্টে চাঁদনী সাহা লেখেন, গত কয়েক মাস ধরে ‘রিক চক্রবর্তী’ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। অভিনেত্রীর দাবি, ওই ব্যক্তি যাত্রা প্রযোজনার শিল্পীদের সঙ্গে সমন্বয়ের কাজ করেন এবং একটি যাত্রা প্রজেক্টের বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছিল। কিন্তু আগে থেকেই অন্য কাজের প্রতিশ্রুতি থাকায় তিনি সেই প্রস্তাব গ্রহণ করতে পারেননি। অভিনেত্রীর কথায়, এতদিন পর্যন্ত তাঁদের সমস্ত কথোপকথন ছিল সম্পূর্ণ ভদ্র ও পেশাদার। ওই ব্যক্তি তাঁকে সবসময় ‘দিদি’ বলে সম্বোধন করতেন এবং কোনও দিনই কোনও অশালীন বা আপত্তিকর আচরণ করেননি।
কিন্তু অভিনেত্রীর অভিযোগ, গতকাল সন্ধ্যায় আচমকাই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তাঁর দাবি, কোনও পূর্বাভাস ছাড়াই ওই ব্যক্তি নিজের নম্বর থেকে তাঁকে একাধিক অশ্লীল নগ্ন ছবি পাঠান। শুধু তাই নয়, তার পরপরই একাধিক হুমকিমূলক ভয়েস নোটও পাঠানো হয়। এই ঘটনায় তিনি গভীরভাবে বিস্মিত, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত এবং ঘৃণাবোধ করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন। বিষয়টি যাতে চাপা না পড়ে যায়, সেই কারণেই তিনি সংশ্লিষ্ট ব্যক্তির দুটি ফোন নম্বরও প্রকাশ্যে আনেন এবং জানান, এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অপেশাদার ও নিন্দনীয়।

চাঁদনী সাহা আরও জানান, অশ্লীল ছবি ও ভয়েস নোট পাঠানোর পর অভিযুক্ত ব্যক্তি তাঁকে ব্লক করে দেন। অভিনেত্রীর দাবি, তাঁদের চ্যাটে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’-এর অপশন চালু ছিল। তবে ঘটনার পরপরই তিনি সেই সেটিংস বন্ধ করে দেন, যাতে যতটুকু প্রমাণ অবশিষ্ট রয়েছে তা সংরক্ষণ করা যায়। পোস্টে তিনি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের পাশাপাশি অভিনেতা রুদ্রনীল ঘোষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
আরও পড়ুনঃ “কেন যে ওকে করতে বললাম ওটা, আরও কিছুক্ষণ হয়তো…” “ভগবান খুব নি’ষ্ঠুর, আমার সামনে পারলেন না বলে…” স্বামী ফিরোজের শেষ সময়ের স্মৃতি ভাগ করতে গিয়ে আবেগপ্রবণ সুভদ্রা মুখোপাধ্যায়! কোন আক্ষেপ আজও বয়ে বেড়াচ্ছেন তিনি? স্বামীর মৃ’ত্যুর সেই ভ’য়াবহ সকাল নিয়ে মুখ খুলতেই কেঁ’দে ফেললেন অভিনেত্রী! সেদিন কী এমন ঘটেছিল?
নিজের পোস্টের শেষে অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, কোনও মহিলারই এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া উচিত নয়। তাঁর বিশ্বাস, এই ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনও নারী একই পরিস্থিতির শিকার না হন। সমাজমাধ্যমে তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া বা পদক্ষেপ সামনে আসে কি না।






