বিনোদন জগতে কাজের চাপ, তারকা-ইমেজ আর প্রযোজকদের বিনিয়োগ—সব মিলিয়ে সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। সিনেমা হোক বা ধারাবাহিক, শুটিং ফ্লোরে মতবিরোধ মাঝেমধ্যেই সামনে আসে। অনেক সময় সেই বিবাদ আড়ালেই থেকে যায়, আবার কখনও তা প্রকাশ্যে এসে তৈরি করে নতুন বিতর্ক। এই মুহূর্তে টলিউডে তেমনই এক চর্চার কেন্দ্রে অভিনেতা জিতু কমল এবং ‘এরাও মানুষ’ ছবির প্রযোজক-পরিচালক সাঁইপ্রকাশ লাহিড়ি।
প্রযোজকের অভিযোগ, ছবির শুটিং শেষ করতে জিতুর আরও দু’দিন সময় প্রয়োজন ছিল। সেই অনুযায়ী ১৫ ও ১৬ মার্চ শুটিংয়ের তারিখও নাকি দিয়েছিলেন অভিনেতা। কিন্তু নির্দিষ্ট দিনে কাজ সম্পূর্ণ করেননি, এমনকি অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন প্রযোজক দাবি করেন, জিতুর জন্য শুটিং বারবার আটকে গিয়েছে।
অসুস্থতা কাটিয়ে অভিনেতা অন্য কাজ করলেও এই ছবির কাজ শেষ করতে দেরি করেছেন বলেও তাঁর বক্তব্য। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ‘বডি ডাবল’ ব্যবহার করে শুটিং শেষ করা হয় এবং জিতুকে ডাবিং থেকেও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখান থেকেই ঝামেলা তীব্র আকার নেয়। সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করে পাল্টা অভিযোগ তুলেছেন জিতু কমল।
প্রযোজকের একটি মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে তিনি সরাসরি প্রশ্ন তোলেন—তাঁর চিকিৎসার খরচ আদৌ কেউ বহন করেছেন কি না। অভিনেতার দাবি, অসুস্থ অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়লেও তাঁকে ন্যূনতম সাহায্য করা হয়নি। নিজের পোস্টে জিতু লেখেন, “চিকিৎসার খরচ আপনি দিয়েছেন?? একটা জলের বোতল পর্যন্ত এগিয়ে দেননি, যখন আমি অজ্ঞান হয়ে পড়ি।”
আরও পড়ুনঃ “বিয়ে করলাম…আশীর্বাদ করুন” গত বছর সব্যসাচীর সঙ্গে দাম্পত্য ভাঙার পর, দ্বিতীয়বার বিয়ে করলেন সুস্মিতা রায়! মা হওয়ার ইচ্ছায় নতুন জীবনের শুরু, পাত্রের পরিচয় কী? কোথায় আলাপ দু’জনের?
একই সঙ্গে নিজের প্রেসক্রিপশন ও চিকিৎসার বিলও শেয়ার করেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট ক্ষোভ—“দ্বিচারিতা আর মিথ্যাবাদীদের সঙ্গে কোনো সমঝোতা নয়… আপনাকেও পালাতে দেব না।” এই পোস্ট সামনে আসতেই টলিউডে নতুন করে বিতর্ক তুঙ্গে। একদিকে প্রযোজকের অভিযোগ, অন্যদিকে অভিনেতার পাল্টা বিস্ফোরক দাবি—দুই পক্ষের এই সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।






