টলিউডের অভিনেতা কাঞ্চন মল্লিককে পর্দায় বরাবরই হাস্যরসাত্মক চরিত্রে দেখতে অভ্যস্ত দর্শক। তাঁর অভিনয়, মজার কথা এবং অকপট মন্তব্য বরাবরই আলোচনায় থাকে। তবে পর্দার বাইরেও তাঁর জীবনে রয়েছে নানা ওঠাপড়া, ব্যক্তিগত লড়াই এবং নিজেকে বদলে ফেলার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবন, মদ্যপান ও ধূমপানের অভ্যাস, বাবা-মাকে হারানোর পর একাকিত্ব এবং বর্তমান জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেতা। বিশেষ করে কীভাবে দীর্ঘদিনের নেশার অভ্যাস ছেড়ে ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন, সেই অভিজ্ঞতাই উঠে এসেছে তাঁর কথায়। কাঞ্চন জানান, একটা সময় তিনি নিয়মিত মদ্যপান করতেন। ধূমপানের অভ্যাসও ছিল প্রবল।
নিজের অতীতের কথা বলতে গিয়ে অভিনেতা স্বীকার করেন, তিনি একসময় অ্যালকোহলিক ছিলেন। পার্টি, আড্ডা এবং নিয়মিত মদ্যপান ছিল তাঁর জীবনেরই অংশ। কিন্তু একটা সময় শরীর তাঁকে সতর্ক করতে শুরু করে। তাঁর পেপটিক আলসার ধরা পড়ে। পাশাপাশি আশপাশে অনেকের অকালমৃত্যু দেখেও নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। কাঞ্চনের কথায়, একটা সময় তাঁর মনে হয়েছিল, তাঁকে বাঁচতে হবে। আর সেই উপলব্ধি থেকেই মদ ছাড়ার সিদ্ধান্ত নেন। অভিনেতার দাবি, মদ ছাড়ার প্রথম দু-তিন দিন ভীষণ কষ্ট হয়েছিল। উইথড্রয়াল বা নেশা ছাড়ার প্রতিক্রিয়াও অনুভব করেছিলেন। তবে সিদ্ধান্তে অনড় থাকায় ধীরে ধীরে সেই অভ্যাস থেকে বেরিয়ে আসেন। বর্তমানে প্রায় পাঁচ-ছয় বছর ধরে মদ্যপান করেন না তিনি।
তবে মদ ছাড়ার থেকেও ধূমপান ছাড়া অনেক বেশি কঠিন ছিল বলে জানিয়েছেন কাঞ্চন। তাঁর কথায়, নিকোটিনের প্রতি টান সামলানো ভীষণ কঠিন। শুটিংয়ের ফ্লোরে চারপাশের মানুষকে সিগারেট খেতে দেখেও নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে হয়েছে তাঁকে। কখনও চুইংগাম চিবিয়ে সেই তাগিদ সামলানোর চেষ্টা করেছেন। এমনকী, অন্যরা সিগারেট খাওয়ার সময় তাঁরও টান দেওয়ার ইচ্ছা হত। কিন্তু শেষ পর্যন্ত সেই অভ্যাস থেকেও নিজেকে সরিয়ে আনতে পেরেছেন। অভিনেতা জানান, মদ ও সিগারেট ছাড়ার পর তাঁর খিদে বেড়ে যায় এবং ওজনও কিছুটা বাড়ে। তবে শারীরিক পরিবর্তনের পাশাপাশি জীবনে ইতিবাচক প্রভাবও পড়ে। আগে সকালে এক কিলোমিটার হাঁটলেও হাঁপিয়ে যেতেন, কিন্তু ধূমপান ছাড়ার পর নিজের শরীরে অনেক বেশি দম অনুভব করেন। তাঁর মতে, মদ ছাড়ার পর সিগারেটের নেশা কাটানোই ছিল সবচেয়ে বড় লড়াই।
এই পরিবর্তনের পিছনে স্ত্রী শ্রীময়ীর অবদানের কথাও অকপটে স্বীকার করেছেন অভিনেতা। কাঞ্চনের কথায়, তিনি এমন একজন মানুষ, যাঁকে নিয়ন্ত্রণে রাখতে একটু অশান্তি করতে হয়। শ্রীময়ী তাঁকে সেই জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। অর্থাৎ শুধু নিজের ইচ্ছাশক্তি নয়, স্ত্রীর সহযোগিতাও তাঁর জীবন বদলের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মজার ছলে কাঞ্চন আরও বলেন, শ্রীময়ী পাশে না থাকলে তাঁকে সামলানো কিছুটা কঠিন হত। তবে তাঁর এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে স্পষ্ট, কাছের মানুষের ভালোবাসা এবং সহযোগিতা একজন মানুষকে খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে কতটা সাহায্য করতে পারে। একইসঙ্গে নিজের শরীরের যত্ন নেওয়া এবং সুস্থ থাকার গুরুত্বও নতুন করে উপলব্ধি করেছেন তিনি।
আরও পড়ুনঃ “খাবার নষ্ট নিয়ে এত জ্ঞান দেন, অথচ নিজেরাই সেটা করে আবার গলা উঁচিয়ে ঝগড়া করেন!” “অন্যের খাবার নষ্ট করার প্রবৃত্তিটা অসু’স্থ মানসিকতার পরিচয়, সৃজলার মানসিক সুস্থতা কামনা করি!” ৭১ দিন পর পাওয়া মাটনে মিষ্টির শিরা ঢেলে নষ্ট করার ফন্দি, তনুশ্রী সবাইকে জানাতেই ফের ‘সিম্প্যাথি কার্ড’ খেললেন সৃজলা! ক্ষু’ব্ধ বিগ বসের দর্শকরা, ধুয়ে দিলেন নায়িকাকে?
অন্যদিকে, বর্তমানে ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার প্রতিও ঝুঁকেছেন কাঞ্চন। একসময় যিনি ঠাকুর-দেবতা বা পুজো নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন না, এখন তিনিই পুজো করেন। হাতে আংটি পরা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা। তাঁর কথায়, পরিবারের মানুষ বা আশপাশের কেউ বিশ্বাস থেকে কিছু করতে বললে তিনি তাঁদের বিশ্বাসে আঘাত করতে চান না। তবে তাঁর কাছে আধ্যাত্মিকতার সবচেয়ে বড় জায়গা হল নিজের সঙ্গে নিজের কথা বলা। বাবা-মাকে হারানোর পর জীবনে যে গভীর একাকিত্ব তৈরি হয়েছিল, তা নিয়েও কথা বলেন তিনি। আগে বাড়ি ফিরলে বকাঝকা করার মতো মানুষ ছিলেন, এখন সেই মানুষগুলো আর নেই। সেই শূন্যতা তাঁকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। কাঞ্চনের কথায়, ঠাকুরের কাছে নিজের মনের কথা বলা যেন তাঁর কাছে এক ধরনের ‘কনফেশন বক্স’, যেখানে কাউকে ভয় না পেয়ে নিজের সব কথা বলা যায়। বিচার বা সমালোচনার ভয় ছাড়াই নিজের সঙ্গে কথা বলার এই জায়গাটাই এখন তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।






