টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম ‘কোয়েল মল্লিক’ (Koel Mallick)। বড় পর্দায় একের পর এক সফল ছবির মাধ্যমে তিনি শুধু দর্শকের ভালোবাসাই পাননি, তৈরি করেছেন বিশাল এক ভক্তমহল যার প্রভাব এখনও স্পষ্ট বাংলা সিনেমার জগতে। আজও তাঁর ছবি ঘিরে আগের মতোই উন্মাদনা চোখে পড়ে। ঠিক যেমন গত বছরের ‘স্বার্থপর’ ছবির ক্ষেত্রে বা এই বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘মিতিন মাসী একটি খুনির সন্ধানে’ ছবির ক্ষেত্রেও দেখা গিয়েছিল। পর্দায় তিন ‘টলি কুইন’ তবে, এবার তাঁর নাম উঠে এসেছে সম্পূর্ণ অন্য পরিসরে।
প্রসঙ্গত, গত মাসেই জানা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার প্রার্থী হচ্ছে তিনি। আর তাঁর নাম ঘোষণার পর থেকেই টলিউড এবং রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল প্রবল উত্তেজনা। এই আবহে, এবার বাস্তব পদক্ষেপও নিতে দেখা গেল তাঁকে। এদিন বিধানসভায় গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন কোয়েল। তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং রানে এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজনৈতিক ময়দানে নতুন এই যাত্রা যে তাঁর কাছে একেবারেই আলাদা অভিজ্ঞতা, তা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট।
এদিন তিনি জানান, জীবনের একদম নতুন অধ্যায় শুরু হচ্ছে আর তার সঙ্গেই যুক্ত হচ্ছে আরও বড় দায়িত্ব। মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের কাজে নিজেকে যুক্ত করার সুযোগ পাওয়াকে তিনি নিজের বড় সৌভাগ্য বলেই মনে করছেন। ফলে, রাজনীতিতে আসার পরিকল্পনা আগে থেকে ছিল কি না, এই প্রশ্নও উঠেছে স্বাভাবিকভাবেই। সে প্রসঙ্গে কোয়েলের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিষয়টি নিয়ে আগে থেকে নির্দিষ্ট কোনও ভাবনা চিন্তা ছিল না। প্রস্তাব এলে, কি সিদ্ধান্ত নেবেন সেটাও জানতেন না বরং মানুষের সেবা করার সুযোগকে চেয়েছিলেন।
তাঁর মতে, সমাজ এবং দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়া জীবনের অন্যতম বড় দায়িত্ব আর সেই দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে তিনি সম্মানের বলেই দেখছেন। এদিন রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার দিনটি শুধু কোয়েলের জন্যই নয়, আরও কয়েকজন প্রার্থীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল। লোকসভা এবং বিধানসভা রাজনীতির অভিজ্ঞতার পর এবার রাজ্যসভায় যাওয়ার পথে বাবুল সুপ্রিয়ও মনোনয়নপত্র জমা দেন।
আরও পড়ুনঃ এবার ভোট ময়দানে ‘বাহামণি’! বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রণিতা দাস, নাম লেখাচ্ছেন রাজনীতিতে? ২০২৬ বিধানসভা ভোটের আগে জোর জল্পনা, কী উত্তর অভিনেত্রীর?
তিনিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিল্পী হিসেবে মানুষের সামনে মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতার সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, সংসদের মঞ্চটিও তাঁর কাছে এক ধরনের দায়িত্বপূর্ণ উপস্থাপনার জায়গা। একই দিনে অন্যান্য রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদিনের ঘটনায় যেমন রাজনৈতিক নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে, তেমনই পরিচিত মুখ কোয়েলের রাজনীতিতে প্রবেশ ঘিরে উৎসাহ, আলাদা করে নজর কেড়েছে।






