“আমি কাজ ছাড়া খেজুরি করতে পছন্দ করি না” টলিউডে ক্ষমতার রাজনীতির ভিড়ে কাজের জোরে মানুষের মনে জায়গা করে নিতে চাইছেন রূপা গাঙ্গুলী! ব্যান কালচারের বিরুদ্ধে বাংলা বিনোদনের নতুন অধ্যায়ের শুরু হবে তাঁর হাত ধরেই

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শুধু প্রশাসনিক ক্ষেত্রেই নয়, প্রভাব পড়তে শুরু করেছে বিনোদন জগতেও। দীর্ঘদিন ধরে টলিউডে যে অঘোষিত নিয়ন্ত্রণ, পক্ষপাতিত্ব এবং ভয়ের পরিবেশ ছিল বলে অভিযোগ উঠত, এবার সেই বিষয়গুলো একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর টলিউডের বিভিন্ন সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গাঙ্গুলী, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরন চ্যাটার্জী-দের উপর। অন্যদিকে দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী বলে পরিচিত অরূপ ও স্বরূপ বিশ্বাসকে কার্যত দায়িত্বমুক্ত করা হয়েছে বলেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সরকার বদলের পর থেকেই টলিউডের অন্দরমহলের নানা অভিযোগ সামনে আসতে শুরু করেছে। বহু শিল্পী ও কলাকুশলীর দাবি, এতদিন ইন্ডাস্ট্রিতে একটি অঘোষিত ‘ব্যান কালচার’ চলত। রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে অনেক অভিনেতা-অভিনেত্রীকে কাজ থেকে দূরে রাখা হত বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে বিজেপি ঘনিষ্ঠ শিল্পীদের বিরুদ্ধে নাকি অদৃশ্য চাপ তৈরি করা হত। ছবি মুক্তি আটকে যাওয়ার ভয়, প্রযোজকদের উপর চাপ এবং বিভিন্ন সংগঠনের দাদাগিরির মতো অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে নতুন সরকার আসার পর শিল্পীদের স্বাধীনভাবে কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে। এমনকি ইন্ডাস্ট্রির একাধিক সংগঠনের কাঠামোতেও বদল আনার ইঙ্গিত মিলেছে। ফলে টলিউডে এখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলেই মনে করছেন অনেকে।

এই আবহেই দীর্ঘদিন পর নন্দনে নিজের ছবির প্রদর্শনীতে উপস্থিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রূপা গাঙ্গুলী, সমর্পণ সেনগুপ্ত পরিচালিত ‘প্রত্যাবর্তন’ ছবির প্রদর্শনের মাধ্যমে প্রায় ১০ বছর পরে নন্দনে পা রাখেন তিনি। সেখানে দাঁড়িয়েই টলিউডের পুরনো অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। তাঁর কথায়, সরাসরি কাউকে কাজ করতে বাধা দেওয়া না হলেও একটা অদৃশ্য ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। বহু প্রযোজক, পরিচালক, এমনকি প্রশাসনিক আধিকারিকরাও প্রকাশ্যে তাঁদের সঙ্গে কথা বলতে ভয় পেতেন বলে দাবি করেন রূপা। তিনি বলেন, ছবি রিলিজ আটকে যেতে পারে এই আশঙ্কাই ছিল সবচেয়ে বড় সমস্যা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নাকি খুব কাছের মানুষদেরও দূরে সরে যেতে দেখেছেন।

আরও পড়ুন: মাকে হারানোর যন্ত্রণা আজও তাজা! দুঃসহ স্মৃতি বুকে নিয়েই, ৫ বছর পর অদিতি সিংয়ের মৃ’ত্যুবার্ষিকীতে ফের ব্যতিক্রমী উদ্যোগে নজির গড়লেন অরিজিৎ সিং!

অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন রূপা গাঙ্গুলী, বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই তিনি সমান জনপ্রিয়। বি আর চোপড়ার বিখ্যাত ধারাবাহিক ‘মহাভারতে’ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করে তিনি দেশজুড়ে পরিচিতি পান। তাঁর অভিনয় আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে। শুধু অভিনয় নয়, গান গেয়েও জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকেই এবার টলিউড নিয়ে খোলাখুলি মুখ খুলতে শুরু করেছেন অভিনেত্রী। তাঁর মতে, ইন্ডাস্ট্রিকে আবার নতুনভাবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রূপা আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে সম্বর্ধনা বা বাড়তি প্রচার পছন্দ করেন না। তাঁর স্পষ্ট বক্তব্য, কাজই একজন শিল্পীর আসল পরিচয় হওয়া উচিত। “আমি কাজ ছাড়া খেজুরি করতে পছন্দ করি না” এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে, ব্যক্তিগত প্রচারের চেয়ে কাজের মাধ্যমেই মানুষের মনে জায়গা করে নিতে চান তিনি। টলিউডে নতুন অধ্যায় শুরু হওয়ার এই সময়ে রূপার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, দীর্ঘদিনের ক্ষোভ ও অভিজ্ঞতার কথাই এবার প্রকাশ্যে আনছেন অভিনেত্রী।

You cannot copy content of this page