ছোটপর্দায় ‘মহাপীঠ তারাপীঠ’-এ বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। এবার বড়পর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিতে সেই চরিত্রেই ফিরেছেন তিনি। তবে এই ছবিতে শুধু অভিনয়ই নয়, চিত্রনাট্য লেখা এবং সৃজনশীল পরিচালনার দায়িত্বও সামলেছেন অভিনেতা। প্রায় দু’বছরের পরিশ্রম, দীর্ঘ গবেষণা এবং চরিত্রের জন্য প্রায় ২০ কেজি ওজন বৃদ্ধি সব মিলিয়ে ছবিটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, একাকিত্ব, আধ্যাত্মিক বিশ্বাস এবং বামাক্ষ্যাপা হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন সব্যসাচী।
নিজের জীবনযাপন সম্পর্কে অভিনেতা জানান, ছোটবেলা থেকেই বেলুড়ের গঙ্গার পরিবেশের সঙ্গে তাঁর গভীর পরিচয়। বাড়ির সামনেই গঙ্গা হওয়ায় সেই পরিবেশের মধ্যেই বড় হয়ে ওঠা। এখনও সময় পেলেই সেখানে যান। একা সময় কাটাতে তিনি অত্যন্ত ভালোবাসেন। একটা সময় নিয়মিত সোলো ট্রিপও করতেন। তাঁর মতে, প্রত্যেক মানুষেরই নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো উচিত। কারণ, একা থাকলে অনেক নতুন চিন্তা মাথায় আসে, সৃজনশীল ভাবনাও তৈরি হয়। বাড়িতে থাকলে সিনেমা দেখা, বই পড়া এবং গেম খেলাই তাঁর পছন্দের কাজ। আবার বাইরে বেরোলে বাইক চালাতে ভালোবাসেন। নির্দিষ্ট কয়েকটি ক্যাফেতে বসেও সময় কাটান। তাঁর কথায়, বাড়িতে থাকলে অনেক সময় মন অন্যদিকে চলে যায়, কিন্তু বাইরে বসলে গুছিয়ে লেখা কিংবা নিজের কাজ করা যায়।
পাহাড় বা সমুদ্রের তুলনায় রাস্তা তাঁর বেশি পছন্দের। মন খারাপ হলেও বাইক কিংবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের চাওয়া-পাওয়া নিয়ে সব্যসাচীর বক্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি ধর্মান্ধ নন। নিয়ম মেনে পুজো করা কিংবা ধর্মীয় আচার পালনের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ নেই। তবে আধ্যাত্মিক শক্তিতে তাঁর বিশ্বাস রয়েছে। ঈশ্বরের কাছে কোনও বিশেষ চাওয়া-পাওয়াও নেই তাঁর। তারাপীঠে পুজো দিতে গিয়েও নিজের জন্য কিংবা ছবির সাফল্যের জন্য কিছু চাননি। বরং নিজের পরিশ্রমের কথাই জানিয়েছেন। তাঁর বক্তব্য, তিনি সৎভাবে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের কথা অন্য কেউ জানুক বা না জানুক, তিনি নিজে জানেন।
তাই ঈশ্বরের কাছে চাওয়ার মতো আলাদা কিছু নেই। অর্থাৎ জীবনে প্রাপ্তি কিংবা সাফল্যের জন্য কোনও বিশেষ আবদার নয়, নিজের কাজের প্রতি সততা এবং পরিশ্রমকেই বেশি গুরুত্ব দেন অভিনেতা। অন্যদিকে, সব্যসাচীর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর বেদনার অধ্যায়। দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা অজানা নয় কারও। ক্যানসারের বিরুদ্ধে দু’বার লড়াই করে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। সেই কঠিন চিকিৎসার সময় সব্যসাচী সবসময় তাঁর পাশে ছিলেন। একবার ঐন্দ্রিলা নিজেই জানিয়েছিলেন, দিল্লিতে কেমোথেরাপি চলাকালীন চোখ খুলে সামনে সব্যসাচীকে দেখে তাঁর মনে অদ্ভুত শান্তি এসেছিল। কিন্তু ২০২২ সালের ২০ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ ও একাধিক শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী।
ঐন্দ্রিলাকে হারানোর পর দীর্ঘদিন নিজেকে আড়ালে রেখেছিলেন সব্যসাচী। সাক্ষাৎকারে অবশ্য প্রেমিকা বা তাঁর মৃত্যুর প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি অভিনেতা। তবে ব্যক্তিগত জীবনের এই শোকের অধ্যায় তাঁর জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। অভিনয়জীবনের শুরুতে পৌরাণিক চরিত্র বেছে নেওয়ার সুযোগ তাঁর কাছে ছিল না বলেই জানিয়েছেন সব্যসাচী। ২০১৫ সালে ছোট চরিত্র দিয়ে অভিনয় শুরু করেছিলেন তিনি। পরে যুধিষ্ঠির-সহ একাধিক পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গিয়ে গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়। ‘মহাপীঠ তারাপীঠ’-এ প্রায় তিন বছর দুই মাস বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয়ের সুবাদে তারাপীঠের মন্দির কমিটি এবং আটলা গ্রামের মানুষের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ ‘খারিজ’ ও ‘পদ্মা নদীর মাঝি’র মতো ছবিতে অভিনয়, কখনও হাসিয়েছেন বা কাঁদিয়েছেন অগণিত দর্শককে, অথচ বাস্তব জীবনে ক’ষ্টের কথা শোনারও কেউ ছিল না! বাস-ট্রামে চেপে ঘুরতেন এদিক ওদিক, যক্ষ্মায় ভুগে গড়িয়ার ভাড়া বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ! মৃ’ত্যুর পর শেষ শ্রদ্ধা জানাতেও কেন এলেন না ইন্ডাস্ট্রির কেউ? কী নিদারুণ পরিণতি হয়েছিল স্বর্ণযুগের অভিনেতা সুনীল মুখোপাধ্যায়ের?
তাঁদের কাছ থেকেই বিভিন্ন গবেষণার উপাদান সংগ্রহ করেছেন। নতুন ছবিতে বামাক্ষ্যাপার শৈশব, সাধনার পথে যাত্রা, সিদ্ধিলাভ এবং জীবনের শেষ পর্যায়কে চারটি ভাগে তুলে ধরেছেন। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে চুল-দাড়ি, পোশাক, চালচলন থেকে শুরু করে শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন। ছবির গান ও আবহসংগীতের জন্য ইন্দ্রদীপ দাশগুপ্তের কাজেরও প্রশংসা করেছেন তিনি। সব্যসাচীর কথায়, কিছু ছবি নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হয় না, সারা বছর এমনকী সারা জীবন দর্শকের মনে থেকে যায়।






