‘রণিতা একবার ফর্মে ফিরলে খুব ডেঞ্জারাস…’ চর্চিত প্রেমিকার খেলার প্রশংসায় পঞ্চমুখ সৌপ্তিক চক্রবর্তী, কাকে মনে করছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী? বিগ বসের ঘরে কার খেলা কতটা সাজানো, আচরণে প্রকাশ্যে আপত্তি? প্রতিযোগীদের নিয়ে একের পর এক বি*স্ফোরক মন্তব্য, কাকে বিজয়ী হিসেবে দেখছেন অভিনেতা?

একসময় বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী। ‘ধন্যি মেয়ে’, ‘জলনূপুর’, ‘সোহাগী সিঁদুর’ থেকে শুরু করে ‘বাবা লোকনাথ’ বিভিন্ন ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্র আজও মনে রেখেছেন দর্শকরা। বিশেষ করে ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের রিজু-কোয়েল জুটি এবং ‘জলনূপুর’-এর নীল চরিত্রের জন্য এখনও পরিচিত তিনি। তবে বেশ কিছুদিন তাঁকে বাংলা টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, আগামী দিনের কাজ এবং বাংলা টেলিভিশনের পরিবর্তন নিয়ে কথা বলার পাশাপাশি বাংলা বিগ বস নিয়েও একাধিক মন্তব্য করেছেন অভিনেতা।

টেলিভিশনে আবার নিয়মিত ফেরার বিষয়ে সৌপ্তিক জানান, আপাতত অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আকাশের একটি প্রজেক্টে ‘নলদময়ন্তী’তে রাজার চরিত্রে অভিনয় করছেন। এই কাজের মাধ্যমে নিজেকে আবার অভিনয়ের ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। পাশাপাশি তাঁর হাতে রয়েছে বেশ কিছু নতুন কাজ। গত বছর পুজোর আগে মুক্তি পাওয়া ‘দেবী’ ছবির সাফল্যেও তিনি খুশি। এছাড়া বাংলা ভূতেদের নিয়ে প্রায় ৪০-৫০টি ছোট ছবি তৈরি করেছেন তিনি, যেগুলি আগামী দিনে ইউটিউবে মুক্তি পাবে। একটি বড় চ্যানেলের সঙ্গে ওয়েব সিরিজের পরিকল্পনাও চলছে। অন্যদিকে বাংলা ধারাবাহিকের গল্পের ধরন নিয়েও নিজের মতামত জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, বর্তমানে ধারাবাহিকের ভিজ্যুয়াল মান অনেক উন্নত হলেও দর্শকের সঙ্গে চরিত্রের আগের মতো আত্মিক যোগাযোগ তৈরি হচ্ছে না।

সহজ গল্পকে জটিল করে তোলার প্রবণতা কমিয়ে দর্শকের সঙ্গে সংযোগ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি সিনেমার টিকিটের দাম কমানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি। তাঁর মতে, সাধারণ মানুষের নাগালের মধ্যে টিকিটের দাম থাকলে সিনেমা হলে দর্শক ফেরানো অনেক সহজ হবে। বাংলা বিগ বসের এবারের সিজন নিয়মিত দেখছেন সৌপ্তিক। প্রতিযোগীদের খেলা নিয়ে কথা বলতে গিয়ে বিশেষভাবে রণিতার প্রশংসা করেছেন তিনি। অভিনেতার মতে, রণিতা প্রথম থেকেই একটু বুঝেশুনে খেলেন। শুরুতে ধীরগতিতে এগোলেও একবার নিজের ছন্দে ফিরলে তিনি বেশ শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠতে পারেন। তবে শুধু ঝগড়া বা বিতর্ক নয়, নিজের সৃজনশীলতা এবং স্পষ্ট বক্তব্যের মাধ্যমেই দর্শকের মন জয় করার ক্ষমতা রয়েছে রণিতার।

অন্যদিকে রাজবীরের খেলা নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সৌপ্তিক। তাঁর মতে, রাজবীর অত্যন্ত স্মার্ট এবং নিজের জায়গা তৈরি করতে জানেন। আগে জাতীয় স্তরের রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকায় ক্যামেরার সামনে কীভাবে নিজেকে তুলে ধরতে হয়, তা তাঁর জানা। তবে নন্দিনীর সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অভিনেতা। সৌপ্তিকের মতে, রাজবীর-নন্দিনীর রোম্যান্সের মধ্যে গেমের কৌশলও থাকতে পারে। কারণ, রিয়েলিটি শোয়ে জুটি তৈরি হলে দর্শকের নজর এবং প্রচার দুটোই পাওয়া যায়। অন্য প্রতিযোগীদের নিয়েও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা। সৌরভকে বরাবরের মতোই একজন এন্টারটেইনার বলে মনে করেন তিনি।

তবে কিছু ক্ষেত্রে সৌরভ নিজেকে আটকে রাখছেন বলেও তাঁর ধারণা। জিতুর বিষয়ে সৌপ্তিকের বক্তব্য, বরাবরই নিজের অবস্থান স্পষ্ট রাখতে জানেন তিনি। শুরুতে জিতুর আচরণে পরিবর্তন দেখা গেলেও পরে তিনি আবার নিজের স্বাভাবিক খেলায় ফিরে এসেছেন। মনামিকে নিয়ে তাঁর মন্তব্য, তিনি অনেকটা দাবা খেলার মতো কৌশলে এগোচ্ছেন। কখন কোথায় নিজের অবস্থান শক্ত করতে হবে, তা ভালোভাবেই বোঝেন। সোনামনিকে মিষ্টি ও ঘরোয়া স্বভাবের প্রতিযোগী বললেও তাঁকে আরও ভালো খেলার পরামর্শ দিয়েছেন। নিরঞ্জনের খেলাতেও পরিবর্তন লক্ষ্য করেছেন সৌপ্তিক। আগে দলবদ্ধভাবে খেললেও এখন ব্যক্তিগতভাবে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে শ্রীজলার বিষয়ে অভিনেতার মত, তাঁকে নিয়ে যতক্ষণ আলোচনা হচ্ছে, ততক্ষণ তিনি খেলার ফ্রেমে থাকছেন। তনুশ্রীর প্রতি দর্শকের সমর্থন এবং বারবার বেঁচে যাওয়াকেও প্রতিযোগীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন তিনি। নন্দিনীকে নিয়ে অবশ্য কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন সৌপ্তিক। তাঁর মতে, নন্দিনী সব ক্ষেত্রেই সবার উপরে থাকার চেষ্টা করছেন। বিশেষ করে রাজবীরের সঙ্গে তাঁর কিছু আচরণ অভিনেতার পছন্দ হয়নি। সৌপ্তিক স্পষ্ট জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই একজন পুরুষের গায়ে হাত তোলা সমর্থনযোগ্য নয়। যেমন একজন পুরুষের একজন নারীকে সম্মান করা উচিত, তেমনই একজন নারীরও একজন পুরুষকে সম্মান করা প্রয়োজন।

আরও পড়ুনঃ ‘বাজি ফাটালে অসুখ-বিসুখ সেরে যায়’, এমন মন্তব্য করে বিতর্কে পাপিয়া অধিকারী! সমালোচনার মুখে পড়ে সুর বদল, বিজ্ঞান ও পূর্বপুরুষদের দোহাই দিয়ে কী সাফাই দিলেন বিজেপির তারকা বিধায়ক?

অন্যদিকে বিগ বসের সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, সৌরভ নিজের স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতেই প্রতিযোগীদের সামলাচ্ছেন এবং যেখানে যা বলার, সেখানে সেটাই বলছেন। শেষ পর্যন্ত নিজের পছন্দের বিজয়ী হিসেবে রণিতার নাম জানিয়েছেন সৌপ্তিক। তবে রণিতাকে বাদ দিলে জিতু ও সৌরভের মধ্যে কেউ একজন বিজয়ী হতে পারেন বলেই মনে করছেন অভিনেতা। এখন দেখার, সৌপ্তিকের এই অনুমান কতটা মেলে বিগ বসের চূড়ান্ত ফলাফলের সঙ্গে।

You cannot copy content of this page