আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই জানা যাবে বিগ বস বাংলার (Bigg Boss Bangla) এবারের বিজেতার নাম। আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে। দীর্ঘদিন ধরে একই ছাদের তলায় একসঙ্গে থাকতে থাকতে প্রতিযোগীদের মধ্যে তৈরি হয়েছে নানা সম্পর্ক, বন্ধুত্ব এবং মান-অভিমান। এবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় যত এগিয়ে আসছে, ততই আবেগপ্রবণ হয়ে পড়ছেন প্রতিযোগীরা। তবে ফাইনালের দৌড়ে এখনও বাকি রয়েছে কঠিন লড়াই। ইতিমধ্যেই প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজের জায়গা পাকা করেছেন জিতু কামাল। এরপর ফাইনালের টিকিট পেয়েছেন রাজবীর দে। অন্যদিকে নিরঞ্জন মণ্ডলের বিদায় নিয়েও তৈরি হয়েছে জল্পনা। সব মিলিয়ে কে শেষ পর্যন্ত বিজয়ীর ট্রফি হাতে তুলবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে চলছে জোর আলোচনা। কেউ মনামী ঘোষকে বিজয়ী হিসেবে দেখতে চাইছেন, কেউ আবার রাজবীর কিংবা জিতুর সমর্থনে সরব। আবার সৌরভ দাসের পক্ষেও রয়েছেন বহু দর্শক।
তবে সাধারণ দর্শকদের পাশাপাশি প্রাক্তন প্রতিযোগীরাও নিজেদের পছন্দের বিজয়ী নিয়ে মতামত জানাচ্ছেন। আর সেখানেই এবার বেশ স্পষ্ট বক্তব্য রাখলেন অভিনেতা ভরত কল। বিগ বসের ঘর থেকে আগেই বিদায় নিয়েছেন তিনি। কিন্তু শোয়ের প্রতিযোগীদের খেলা এখনও নিয়মিত দেখছেন অভিনেতা। সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়, এবারের বিগ বস বাংলার বিজয়ী হিসেবে কাকে দেখতে চান তিনি? উত্তরে কোনওরকম রাখঢাক না করেই নিজের পছন্দের কথা জানিয়ে দেন ভরত। অভিনেতা স্পষ্ট বলেন, জিতু কামাল, রাজবীর দে কিংবা মনামী ঘোষের মধ্যে যে কেউ একজন বিজয়ী হলে তিনি খুশি হবেন। কিন্তু সৌরভ দাসের হাতে ট্রফি দেখতে একেবারেই রাজি নন তিনি। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে সৌরভের মতো জনপ্রিয় প্রতিযোগীকে কেন বিজয়ী হিসেবে দেখতে চান না ভরত, সেই প্রশ্নই এখন ঘুরছে দর্শকদের মধ্যে।
সৌরভকে নিয়ে নিজের আপত্তির কারণও খোলাখুলি ব্যাখ্যা করেছেন ভরত কল। তাঁর বক্তব্য, সৌরভ অনেক পরে বিগ বসের ঘরে প্রবেশ করেছেন। অন্যদিকে প্রথম থেকেই যাঁরা এই প্রতিযোগিতায় রয়েছেন, তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম ও লড়াইয়ের মূল্য দেওয়া উচিত। অভিনেতার কথায়, ‘জীতু, রাজবীর বা মনামীর মধ্যে একজনকে আমি চাই বিগ বস উইনার হিসেবে দেখতে। কিন্তু আমি একেবারেই চাই না সৌরভ জিতুক। হয়তো দর্শনার খারাপ লাগতে পারে বা সৌরভের নিজেরও খারাপ লাগতে পারে কিন্তু এটা সত্যি। একজন মানুষ ৪৬ বাদে এসে একটা কম্পিটিশন জিতে যাবে আর যারা ১০০ দিন ধরে বাড়িতে রয়েছে তারা জিতবে না এটা হতে পারে না।’ অর্থাৎ সৌরভের ব্যক্তিগত খেলা বা পারফরম্যান্সের চেয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়কালকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভরত। তাঁর মতে, দীর্ঘদিন ধরে যাঁরা বাড়ির মধ্যে থেকে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করেছেন, তাঁদের সঙ্গে সমানভাবে তুলনা করা উচিত নয় অনেক পরে যোগ দেওয়া একজন প্রতিযোগীকে। তাই সৌরভের পরিবর্তে প্রথম থেকে লড়াই করা প্রতিযোগীদের মধ্যেই কাউকে বিজয়ী হিসেবে দেখতে চান তিনি।
তবে ভরত কলের এই মতামতের সঙ্গে সবাই একমত নন। সৌরভ দাস বিগ বসের ঘরে প্রবেশ করার পর থেকেই নিজের খেলার মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। শোয়ে যোগ দেওয়ার পর থেকে একের পর এক টাস্কে তাঁর পারফরম্যান্স প্রশংসা পেয়েছে। অনেক দর্শকের মতে, দেরিতে প্রবেশ করলেও সৌরভ নিজের যোগ্যতায় প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছেন। ফলে শুধুমাত্র পরে এসেছেন বলে তাঁকে বিজয়ী হওয়ার দৌড় থেকে বাদ দেওয়া ঠিক নয়। বরং বাড়িতে প্রবেশের পর থেকে তিনি কীভাবে খেলছেন, কতটা ভালো পারফর্ম করছেন এবং দর্শকদের কতটা মন জয় করতে পেরেছেন, সেটাই হওয়া উচিত বিচার করার মাপকাঠি। ভরত কলের মন্তব্যের পরেও সৌরভের সমর্থকদের মধ্যে এই মতামতই বেশি করে উঠে আসছে। ফলে প্রাক্তন প্রতিযোগীর বক্তব্য ঘিরে নতুন করে তৈরি হয়েছে দুই ধরনের মত। একদিকে দীর্ঘদিনের প্রতিযোগীদের পরিশ্রমের মূল্য দেওয়ার দাবি, অন্যদিকে দেরিতে এসেও নিজের খেলার মাধ্যমে জায়গা তৈরি করে নেওয়ার যুক্তি।
আরও পড়ুনঃ “বাবার নামে আজ পর্যন্ত কোনও বিশেষ পুরস্কার চালু হল না, কোনও অনুষ্ঠানও আয়োজন করা হল না!” “উত্তম কুমারের মৃ’ত্যুর পর বহুদিন বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গিয়েছেন সুখেন দাস!” অথচ প্রাপ্য সম্মানটুকুও পেলেন না? বাবার অবদান নিয়ে ফের সরব পিয়া সেনগুপ্ত! সরকার থেকে আর্টিস্ট ফোরাম, কারও উদ্যোগেই কেন যথাযথ স্বীকৃতি পেলেন না কিংবদন্তি শিল্পী? এতটা সহজে তাঁকে কেন ভুলে গেল ইন্ডাস্ট্রি?
এদিকে সৌরভের বিগ বসে প্রবেশের পিছনেও ছিল বিশেষ কারণ। প্রথম থেকেই শোয়ে যোগ দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কিছু সমস্যার জন্য নির্দিষ্ট সময়ে তাঁর পক্ষে বাড়িতে প্রবেশ করা সম্ভব হয়নি। বিশেষ করে তাঁর মায়ের অসুস্থতার কারণে বিগ বসে আসা পিছিয়ে যায়। মা সুস্থ হওয়ার পরেই শোয়ে যোগ দেন সৌরভ। তাঁর সঙ্গে বাড়িতে প্রবেশ করেছিলেন রণিতা দাসও। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে অনেক পরে প্রতিযোগিতায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি সৌরভ। বরং পারিবারিক পরিস্থিতির কারণেই তাঁকে অপেক্ষা করতে হয়েছিল। যদিও ভরত কলের বক্তব্যে সেই বিষয়টির কোনও আলাদা উল্লেখ নেই, তবে সৌরভের দেরিতে প্রবেশের নেপথ্যে এই কারণটিও গুরুত্বপূর্ণ। এখন দেখার, শেষ পর্যন্ত দর্শকদের ভোটে কে বিজয়ীর ট্রফি জেতেন। ভরত কলের পছন্দের তালিকায় রয়েছেন জিতু, রাজবীর ও মনামী। অন্যদিকে সৌরভের সমর্থকরাও তাঁকে নিয়ে আশাবাদী। আগামী ৬ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালের মঞ্চেই মিলবে সমস্ত প্রশ্নের উত্তর।






“রাজবীর সবার সঙ্গেই এমন…ওর একটা নিজস্ব ধরন আছে!” “ঘরে থাকতে হয়তো আমিই ওকে বেশি…” নন্দিনী বেরিয়ে আসতেই সৃজলার সঙ্গে রাজবীরের বাড়তি কথাবার্তা ও ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের জল্পনা, তবে কি বিগ বসের ঘরের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে? এবার রাজবীরের স্বভাব নিয়ে মুখ খুলে ভিতরের সমীকরণে নতুন ব্যাখ্যা দিলেন নন্দিনী দত্ত! প্রেমিককে নিয়ে কী জানালেন অভিনেত্রী?