‘বিগ বস বাংলা’র বাড়িতে একসময় মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী সোহিনী পাল এবং নন্দিনী দত্ত। দু’জনের মধ্যে একাধিকবার মতবিরোধ ও ঝামেলাও দেখা গিয়েছিল। যদিও তাঁদের বিগ বস সফর একইভাবে শেষ হয়নি। খেলার চতুর্থ সপ্তাহেই বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন সোহিনী। অন্যদিকে, সম্প্রতি রাজবীর দে-র সঙ্গে একাধিকবার বিবাদে জড়িয়ে শো থেকে বহিষ্কৃত হয়েছেন নন্দিনী দত্ত। বিশেষ করে রাজবীরের গায়ে বারবার হাত তোলার ঘটনায় দর্শকদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। শুধু তাই নয়, নন্দিনীর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর পরিবারের ভূমিকা নিয়েও। এবার সেই বিষয়েই সমাজ মাধ্যমে সরব হলেন সোহিনীর মা, অভিনেত্রী নন্দিনী পাল।
উল্লেখ্য, নন্দিনী পাল প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী। তাঁর মেয়ে সোহিনীও অভিনয় জগতের পরিচিত মুখ। ‘বিগ বস বাংলা’র প্রথম মরসুমেও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন নন্দিনী পাল। এবার মেয়ের বিগ বস সফর ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি। নন্দিনী দত্তের রাজবীরের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা এবং তার পরেও পরিবারের তরফে মেয়ের পাশে দাঁড়ানোর বিষয়টি নজর এড়ায়নি তাঁর। নন্দিনী দত্তের বাবা-মা সংবাদ মাধ্যমের সামনে মেয়ের আচরণকে খুব অস্বাভাবিক বলে মনে করেননি। বরং তাঁদের বক্তব্যে মেয়ের প্রতি সমর্থনের সুরই শোনা গিয়েছিল। এই পরিস্থিতিতেই অভিভাবকত্ব নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন নন্দিনী পাল।
সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। যদিও সেখানে কারও নাম সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী। তবে তাঁর বক্তব্যের সঙ্গে নন্দিনী দত্তের সাম্প্রতিক বিতর্কের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। পোস্টে নন্দিনী পাল লেখেন, “মেয়েটির এমন আচরণ আগেই টের পেয়েছিল আমার মেয়ে। যখন অন্য কেউ তেমন বুঝতেই পারেনি বিষয়টিকে। এখন সব কিছু নিজের চোখে দেখার পর করুণা হচ্ছে মেয়েটির জন্য।” এর পরেই অভিভাবকদের ভূমিকা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান তিনি। তাঁর বক্তব্য, এই ধরনের ব্যবহারকে সাধারণ ঘটনা হিসেবে মেনে নেওয়ার প্রবণতা তাঁকে আরও বেশি ভাবাচ্ছে। অর্থাৎ, শুধু সন্তানের পাশে দাঁড়ানো নয়, তার আচরণের ভুল দিকগুলিও বোঝা প্রয়োজন বলেই মনে করছেন তিনি।
নন্দিনী পালের মতে, সন্তান ভুল করলে বাবা-মায়ের দায়িত্ব শুধু তাকে নিঃশর্ত সমর্থন করা নয়। বরং কোনটা ঠিক এবং কোনটা ভুল, সেটাও সন্তানকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন। সন্তানদের ভুল শুধরে দেওয়ার দায়িত্বও অভিভাবকদেরই নিতে হয় বলে মনে করেন তিনি। ছোট থেকেই সন্তানদের মধ্যে সঠিক মূল্যবোধ তৈরি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি অন্যের প্রতি সম্মান দেখানো এবং নিজের আচরণের সীমা বুঝতে শেখাও অভিভাবকত্বের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বক্তব্যে স্পষ্ট, কোনও সম্পর্কের দোহাই দিয়ে অনুচিত আচরণকে স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত নয়। বিশেষত সন্তানদের ভুলকে সমর্থন করতে গিয়ে যদি সেই ভুলকেই স্বাভাবিক বলে তুলে ধরা হয়, তা হলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। সেই জায়গা থেকেই অভিভাবকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তাপস পালের স্ত্রী।
আরও পড়ুনঃ সন্তান যেমনই হোক কখনও হাত ছাড়েন না বাবা-মা! গোটা পৃথিবীর সমালোচনায় কান না দিয়ে কীভাবে সন্তানের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হয়, নন্দিনী দত্তের বাবা-মা যেন দেখিয়ে দিলেন সেই দৃষ্টান্তই? বিগ বসের ঘরে একের পর এক বিতর্কে মেয়ের হয়ে গলা ফাটিয়েছেন, প্রতিটি পদক্ষেপে জুগিয়েছেন সাহস! প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হলেও মেয়ের জন্য লড়ার যে জেদ ধরে রাখলেন দু’জনে, দাগ কেটেছে অনেকের মনে?
অন্যদিকে, নন্দিনী পালের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন মহলে। বিগ বসের বাড়িতে সোহিনী এবং নন্দিনী দত্ত একসময় প্রতিপক্ষ ছিলেন। এ বার তাঁদের মায়েদের বক্তব্য ঘিরেও যেন তৈরি হয়েছে নতুন সমীকরণ। যদিও নন্দিনী পাল কোথাও সরাসরি নন্দিনী দত্তের নাম উল্লেখ করেননি। তাঁর এই পোস্টের জবাবে এখনও পর্যন্ত নন্দিনী দত্ত কিংবা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে নন্দিনী নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন। তবে তাঁর বাবা-মায়ের বক্তব্য এবং নন্দিনী পালের এই মন্তব্যের পর বিতর্ক যে আরও বাড়তে পারে, তা বলাই যায়। এখন দেখার, এই বিষয়ে নন্দিনী দত্ত বা তাঁর পরিবারের কেউ প্রকাশ্যে কোনও উত্তর দেন কি না।






