বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় আজ ৮৯ বছর বয়সেও একইরকম প্রাণবন্ত এবং স্পষ্টভাষী। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনও আড়াল করেননি নিজের অনুভূতি। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের উদ্যোগে প্রবীণ শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মঞ্চেই সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ের এক মজার প্রশ্নের জবাবে এমন কিছু কথা বলেন সাবিত্রী, যা মুহূর্তের মধ্যেই উপস্থিত সকলের মুখে হাসি ফোটায়। তাঁর অকপট উত্তর আবারও মনে করিয়ে দিল, বয়স শুধু সংখ্যা, প্রাণের উচ্ছ্বাসই আসল পরিচয়।
অনুষ্ঠানে আবির চট্টোপাধ্যায় হালকা মেজাজে জানতে চান, এখনও কি তাঁর বিয়ে করার ইচ্ছে রয়েছে? প্রশ্ন শেষ হতেই একটুও না ভেবে সাবিত্রী চট্টোপাধ্যায় হেসে উত্তর দেন, “অবশ্যই আমি বিয়ে করতে চাই। আমার তো আর বিয়ে হয়ে যায়নি, তাই ইচ্ছে হতেই পারে। আমার কেন বিয়ে করার ইচ্ছে থাকবে না?” অভিনেত্রীর এই অকপট মন্তব্য শুনে উপস্থিত অতিথিরা হাততালিতে ফেটে পড়েন। তাঁর সহজ-সরল উত্তর মুহূর্তেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। এরপর আরও একটি মজার ঘটনা শোনান বর্ষীয়ান অভিনেত্রী।
তিনি বলেন, “বাড়িতে অতিথি জল না খেলে নাকি সেই বাড়িতে বিয়ে হয় না। তাই আমার বাড়িতে যেই আসুক না কেন, আমি বলি অন্তত জলটা খেয়ে যান, তাহলে যদি আমার বিয়ে হয়।” তাঁর এই মন্তব্যে গোটা হল হাসিতে ভরে ওঠে। নিজের জীবনের না-পাওয়াকেও যে এত সহজভাবে হাসির মোড়কে বলা যায়, সেটাই আবারও প্রমাণ করলেন সাবিত্রী। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরাও তাঁর রসবোধের প্রশংসা করেন। সাবিত্রী চট্টোপাধ্যায় এর আগেও একাধিক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।
তিনি জানিয়েছেন, জীবনে একাধিকবার প্রেম এলেও কোনও সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত পৌঁছয়নি। একবার মজার ছলে বলেছিলেন, প্রেম করতে গিয়ে পরে জানতে পেরেছিলেন সেই ব্যক্তির আগে থেকেই স্ত্রী রয়েছেন, তাই আর বিয়ে করা সম্ভব হয়নি। যদিও তিনি কখনও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি। তবে দীর্ঘদিন ধরেই এই মন্তব্য ঘিরে নানা জল্পনা রয়েছে এবং অনেকেই মনে করেন, তিনি সম্ভবত উত্তম কুমারের প্রসঙ্গই ইঙ্গিত করেছিলেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী কখনও সরাসরি কিছু বলেননি।
আরও পড়ুনঃ ‘এখনও অর্থনৈতিক স্থিতিশীলতার বড় অভাব…লবি বা তদবির নয়, যোগ্য মানুষকে…’ তুখোড় অভিনয়, তবুও সেভাবে কেন সুযোগ পান না সঞ্জীব সরকার? নতুন সরকারের কাছে দাবি জানিয়ে, বাংলা বিনোদন জগতের কোন অস্ব’স্তিকর বাস্তবতার পর্দা ফাঁস করলেন অভিনেতা?
প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। শেষবার তাঁকে দেখা গিয়েছিল বাংলা ধারাবাহিক ‘চিরসখা’-য়। তবে অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুর পর সেই ধারাবাহিক মাঝপথেই বন্ধ হয়ে যায়। তা সত্ত্বেও আজও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ আয়োজনে উপস্থিত থেকে দর্শকদের ভালোবাসা গ্রহণ করেন তিনি। ৮৯ বছর বয়সেও তাঁর প্রাণখোলা হাসি, স্পষ্ট বক্তব্য এবং রসবোধ বারবার প্রমাণ করে, তিনি এখনও একইভাবে সকলের প্রিয়।






