ছোটপর্দার পরিচিত মুখ সুস্মিতা দে এবার নতুন যাত্রা শুরু করতে চলেছেন ওটিটির পর্দায়। স্টার জলসা র জনপ্রিয় ধারাবাহিক কথা তাঁকে পৌঁছে দিয়েছিল দর্শকের ঘরে ঘরে। এবার তিনি অভিনয় করতে চলেছেন হইচই এর নতুন সিরিজ কুহেলি তে। পরিচালনায় রয়েছেন অদিতি রায়। গল্পটি আবর্তিত হবে তিন বোনের জীবনকে ঘিরে, যেখানে সম্পর্ক, রহস্য আর আবেগ মিলেমিশে তৈরি করবে নতুন নাটকীয়তা।
এই সিরিজে সুস্মিতা একা নন, তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমা ঘোষ এবং অঙ্গনা রায় কে। তিন বোনের সম্পর্ক, টানাপোড়েন এবং অজানা রহস্যকে কেন্দ্র করেই এগোবে গল্প। পাহাড়ি প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সব ঘটনা গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।
সবচেয়ে বড় চমক, সুস্মিতার বিপরীতে দেখা যেতে চলেছে বর্ষীয়ান অভিনেতা কৌশিক সেন কে। তাঁদের সম্পর্ক কী রূপ নেবে তা এখনও স্পষ্ট নয়। এটি কি অসমবয়সি প্রেমের গল্প, নাকি রহস্যঘেরা থ্রিলারের অংশ, তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের। অন্যদিকে অঙ্গনার বিপরীতে দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায় কে, যা নতুন জুটির প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
যদিও সিরিজের মূল আকর্ষণ রহস্য, তবু সুস্মিতা ও কৌশিকের সম্ভাব্য রসায়ন নিয়েই ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। এর আগে অসমবয়সি প্রেমের গল্পে দর্শক কৌশিককে দেখেছিলেন গোধূলী আলাপ ধারাবাহিকে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন সমু সরকার। সেই অভিজ্ঞতা নতুন সিরিজের প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ ‘জনগণমন’ নয়, ‘বন্দে মাতরম’কে জাতীয় সংগীত বললেন রচনা বন্দ্যোপাধ্যায়! বিভ্রান্তি না গুরুতর ভুল? চন্দননগরের অনুষ্ঠানে করা মন্তব্যে, নির্বাচনের প্রাক্কালে তীব্র বিতর্কের মুখে অভিনেত্রী-সাংসদ?
অন্যদিকে ছোটপর্দায় সুস্মিতার সঙ্গে সাহেব ভট্টাচার্য র জুটিও এখনও দর্শকের মনে তাজা। তাই তাঁর নতুন কাজ নিয়ে কৌতূহলও স্বাভাবিকভাবেই বেশি। রহস্য, সম্পর্ক আর নতুন জুটির সমীকরণ মিলিয়ে কুহেলি দর্শকের মনে কতটা ছাপ ফেলতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা। পাহাড়ি পটভূমিতে গড়ে ওঠা এই গল্প নতুন উত্তেজনা তৈরি করতে চলেছে বলেই মনে করছেন অনুরাগীরা।






