সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এখন যেন ঝড় বইছে সায়ক চক্রবর্তীকে ঘিরে। বিফ বিতর্কের পর থেকে তিনি কার্যত নিস্তব্ধ, নতুন কোনো ভিডিও নেই, প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু তাঁর নীরবতার মধ্যেই তীব্র আক্রমণের মুখে পড়ছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। বিশেষ করে যাঁরা নিয়মিত কনটেন্ট শেয়ার করছেন, তাঁদের কমেন্ট বক্স ভরে যাচ্ছে কটূক্তি আর অভিযোগে। সায়ক অনুরাগীদের একাংশ তাঁদের স্বার্থপর ও দাগাবাজ বলতেও পিছপা হচ্ছেন না, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
এই আবহেই প্রথমবার স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানালেন সুকান্ত। একটি ভিডিও বার্তায় তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন সমালোচকদের দিকে। তাঁর বক্তব্য, একজন বন্ধু কিছুদিন নিজেকে আড়ালে রাখতেই পারে, সেটাই কি অপরাধ। প্রত্যেক ভিডিওতে সায়ককে খোঁজা বা তাঁর অনুপস্থিতি নিয়ে চাপ সৃষ্টি করা কি সত্যিই যুক্তিযুক্ত। ব্যক্তিগত সময়, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং বন্ধুত্বের মর্যাদা নিয়ে তিনি দৃঢ় অবস্থান নেন।
সুকান্ত আরও বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে সবাই একসঙ্গে থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরিবার নিয়ে কোথাও যাওয়া হোক বা ব্যক্তিগত কোনো পরিকল্পনা, সেখানে বন্ধুর উপস্থিতি বাধ্যতামূলক হতে পারে না। তিনি বোঝানোর চেষ্টা করেন যে সোশ্যাল মিডিয়ার দর্শকরা অনেক সময় বাস্তব সম্পর্কের সূক্ষ্মতা বোঝেন না। বন্ধুত্ব মানে সবসময় প্রকাশ্যে একসঙ্গে থাকা নয়, বরং প্রয়োজনের সময় পাশে থাকা।
আসন্ন বিয়ের প্রসঙ্গ টেনে সুকান্ত বিষয়টিকে আরও স্পষ্ট করেন। তিনি জানান, আর এক মাসও বাকি নেই তাঁর বিয়ের। এই সময় যদি সায়ক জনসমক্ষে না আসার সিদ্ধান্ত নেয়, তবে কি বন্ধুকে জোর করে টেনে আনা উচিত। নাকি তাঁর ইচ্ছাকে সম্মান জানানোই প্রকৃত বন্ধুত্ব। দর্শকদের খুশি করার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলে ফেলা কখনোই সমাধান হতে পারে না বলেই তাঁর মত।
আরও পড়ুনঃ “নাম বলবি জিভ বার করেই…জিভ ভেতরে নিলে কমেডি মরে যায়!” কিংবদন্তির সামনে প্রথম অভিনয়, সেখানে পাওয়া শিক্ষাই বদলে দিয়েছিল জীবন! ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমূল্য মুহূর্তের স্মৃতিচারণায় আবেগঘন শুভাশিস মুখোপাধ্যায়!
নয়ই মার্চ সুকান্ত ও অনন্যার গাঁটছড়া বাঁধার কথা, আর সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এতদিন সায়কের ভিডিওতে এই বিয়ের প্রসঙ্গ বহুবার উঠে এসেছে, তাই স্বাভাবিকভাবেই অনুরাগীদের কৌতূহল প্রবল। তবে শেষ পর্যন্ত তিনি উপস্থিত থাকবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। বন্ধুত্বের বন্ধন আগের মতোই অটুট থাকবে, নাকি এই বিতর্কে ফাটল ধরবে, তা সময়ই বলবে।






