ছোটপর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য আবারও প্রমাণ করলেন তাঁদের সম্পর্কের রসায়ন ঠিক কতটা প্রাণখোলা। সদ্য শেষ হয়েছে তুই আমার হিরো ধারাবাহিকের শুটিং, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রুবেল। দীর্ঘ শুটিং শিডিউলের কারণে বিয়ের পর খুব বেশি সময় স্ত্রীকে দিতে পারেননি তিনি। অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে শেষ হওয়ার পর আপাতত খানিকটা অবসরেই রয়েছেন শ্বেতা। সংসার সামলানো আর ব্লগিং মিলিয়ে কাটছে তাঁর দিন। সেই ফাঁকেই একদিন হঠাৎ ফুচকা খেতে বেরিয়ে পড়লেন দুজনে, আর সেখানেই ঘটল মজার এক কাণ্ড।
আমি আমার আমাদের নামের একটি পেজ থেকে শেয়ার হওয়া ভিডিওতেই ধরা পড়েছে পুরো ঘটনাটি। রাস্তার ধারে ফুচকার গাড়ির সামনে দাঁড়িয়ে দুজনের হাসি মজায় ভরা মুহূর্ত মুহূর্তেই বদলে গেল বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে। প্রশ্ন একটাই কে বিল দেবে। স্ক্যানার সামনে রেখে দুজনেই ফোন বাড়াচ্ছেন, কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। রুবেল টাকা দিতে চাইলে শ্বেতা সরিয়ে দিচ্ছেন তাঁর হাত, আবার শ্বেতা ফোন তুলতেই রুবেল বলছেন তিনি দেবেন। পুরো দৃশ্যটাই যেন রোমান্টিক কমেডির এক জীবন্ত দৃশ্য।
একসময় শ্বেতা মজা করেই বলে ওঠেন আমি দিচ্ছি। সঙ্গে সঙ্গে রুবেল প্রতিবাদ করে বলেন তিনি দেবেন। তখনই হেসে কিন্তু দৃঢ় গলায় শ্বেতার সেই সংলাপ আরে সরো না লোকে কী ভাববে আমার দিব্যি তুমি দেবে না টাকা। আশপাশের মানুষও হাসিতে ফেটে পড়েন। তাঁদের এই টুকরো খুনসুটি যে নিছকই ভালোবাসার প্রকাশ তা বোঝা যায় চোখের চাহনিতেই। জনসমক্ষে এমন সহজ স্বতঃস্ফূর্ত মুহূর্ত খুব কম তারকাই ভাগ করে নিতে পারেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভেসে আসে মজার সব মন্তব্য। কেউ লিখেছেন আপনাদের মধ্যেও এমন হয় নাকি, কেউ আবার দিব্যি দেওয়া নিয়ে মজা করেছেন। একজনের মন্তব্য ফুচকা দাদা ভাবছে শেষে টাকা পেলেই হল, পড়েই নেটিজেনরা হেসে লুটোপুটি। আবার কেউ লিখেছেন এমন বউ সবার কপালে জোটে না। ভক্তদের কাছে এই জুটি যে শুধু পর্দার নয় বাস্তবেও প্রিয়, তা স্পষ্ট।
আরও পড়ুনঃ গ্যালারি ভর্তি মানুষ, মাঠে নামতেই ছক্কা হাঁকালেন এক সাহসিনী! প্রথম ঝলকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে! সব বাধা পেরিয়ে স্বপ্ন ছুঁড়ে দেখার গল্প, স্টার জলসার ‘ঘূর্ণি’তে নায়িকা হতে চলেছেন কে?
তারকাদের ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তই কখনও কখনও তাঁদের আরও আপন করে তোলে। রুবেল আর শ্বেতার এই ফুচকা অধ্যায় তেমনই এক মিষ্টি স্মৃতি, যেখানে নেই কোনও বিতর্ক বা নাটকীয়তা, আছে শুধু সঙ্গীর প্রতি আদর আর সমান তালে ভালোবাসা দেখানোর ইচ্ছে। মাঝরাস্তায় দাঁড়িয়ে বলা সেই লোকে কী ভাববে সংলাপ তাই এখন ভক্তদের কাছে এক নতুন রোমান্টিক ক্যাচফ্রেজ হয়ে উঠেছে।






