আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই উত্তপ্ত। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি বাড়াতে নানা কৌশল নিচ্ছে, আর তারই একটি বড় অংশ হয়ে উঠেছেন তারকারা। চলচ্চিত্র এবং টেলিভিশনের জনপ্রিয় মুখদের রাজনীতিতে যোগ দেওয়ার খবর এখন প্রায়ই শোনা যায়। সম্প্রতি যেমন তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করে চমক দিয়েছেন কোয়েল মল্লিক। আবার কিছুদিন আগে শোনা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তও নাকি রাজনীতিতে নামতে পারেন। যদিও সেই জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। এরই মাঝে নতুন করে আলোচনায় উঠে এল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহার নাম।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সেখানে অনামিকা সাহাকে সরাসরি প্রশ্ন করা হয় তিনি কি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। প্রশ্ন শুনে অভিনেত্রী অকপটভাবেই নিজের মতামত প্রকাশ করেন। তিনি জানান, রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব তাঁর কাছে নতুন নয়। প্রায় পাঁচ বছর আগেও এমন একটি প্রস্তাব এসেছিল তাঁর কাছে। তবে তখনও তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। অভিনেত্রীর কথায়, জীবনের অনেক সিদ্ধান্ত তিনি পরিবারকে গুরুত্ব দিয়েই নেন, আর সেই কারণেই রাজনীতির প্রস্তাব থেকেও নিজেকে দূরে রেখেছেন।
অনামিকা সাহা আরও জানান, সেই সময় তাঁর মেয়ের প্রতিক্রিয়াই ছিল সবচেয়ে বড় কারণ। অভিনেত্রী বলেন, তাঁর মেয়ে সরাসরি বলেছিল, যদি তিনি রাজনীতিতে যান তবে তাকে আর মা বলে ডাকবে না। নিজের একমাত্র সন্তানের মুখে এমন কথা শোনার পর তিনি আর সেই পথে এগোনোর কথা ভাবতেই পারেননি। অনামিকার মতে, সন্তানের অনুভূতি তাঁর কাছে সবকিছুর উপরে। পরিবারের শান্তি এবং সম্পর্কের মূল্য তিনি সব সময়ই রাজনীতির চেয়ে বেশি গুরুত্ব দেন।
এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। রাজনীতি সম্পর্কে নিজের ব্যক্তিগত অনুভূতিও স্পষ্ট করে জানান তিনি। অনামিকার কথায়, রাজনীতির জটিল সমীকরণ বা কৌশল তাঁর কাছে কখনওই খুব স্বাভাবিক মনে হয়নি। তিনি নিজেকে একজন সহজ সরল মানুষ বলেই মনে করেন। তাঁর মতে, রাজনীতির নানা ঘাত প্রতিঘাত বোঝার মতো মানসিক প্রস্তুতি বা আগ্রহ কোনোটাই তাঁর মধ্যে নেই। তাই রাজনীতির পথে হাঁটার চিন্তা তাঁর ভেতর থেকে কখনও আসে না।
আরও পড়ুনঃ “মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এনিগম্যাটিক এবং ক্যারিসম্যাটিক মানুষ খুব কমই দেখেছি” ভোটের মুখে হঠাৎ কেন এমন মন্তব্য রাহুল বন্দ্যোপাধ্যায়ের? অভিনেতার কথায় কি শুধুই ব্যক্তিগত স্মৃতিচারণ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ইঙ্গিত?
বরং অভিনয়ই তাঁর জীবনের আসল ভালোবাসা। অনামিকা বলেন, তাঁকে যদি একটি ভালো চরিত্র দেওয়া হয়, তিনি সেটাকে নিয়েই ভাবতে চান, সেটাকেই নিজের সবটুকু দিয়ে ফুটিয়ে তুলতে চান। অভিনয়ের প্রতি তাঁর এই গভীর টানই তাঁকে এখনও পর্দার সঙ্গেই বেঁধে রেখেছে। তাই আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলেই স্পষ্ট করে দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর এই অকপট বক্তব্যই এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।






