“কিচ্ছু আর চাই না…শুধু গান গাইতে দিন, আমি গায়িকা!” উন্নয়নের পাঁচালী থেকে বঙ্গবিভূষণ বিতর্ক, বিধানসভা নির্বাচনে শাসকদলের তালিকা প্রকাশ হতেই নেই নাম, সব রাজনৈতিক জল্পনায় ইতি টানলেন ইমন চক্রবর্তী!

বর্তমানের বাংলার সঙ্গীতজগতে গায়িকাদের মধ্যে ‘ইমন চক্রবর্তী’ (Iman Chakraborty) মানেই এক আলাদা আবেগের স্পর্শ। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল একাধিক বিতর্ক। সূত্রপাত ঘটে এই উন্নয়নের পাঁচালী গাওয়া থেকে, তারপর শাপে বর হয় বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপ্তি! এরপর আর কী? গান নয়, বরং রাজনীতির ময়দানে তাঁর সম্ভাব্য প্রবেশ নিয়ে হঠাৎ করেই জোর জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল, হুগলির উত্তরপাড়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করার কথা ভাবছে রাজ্যের শাসকদল।

সাংস্কৃতিক পরিচিত মুখ হিসেবে তাঁর নাম সামনে আসতেই কৌতূহল যেমন বাড়ে, তেমনই অনেকের মনে প্রশ্নও ওঠে, তিনি কি সত্যিই সেই পথে হাঁটবেন? এই জল্পনার মধ্যে ব্যক্তিগত এক অস্বস্তির কথাও সামনে আসে। উত্তরপাড়ায় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম, যিনি ইমনের পরিচিত পরিসরের মানুষ। সেই সম্পর্কের জায়গা থেকেই রাজনৈতিক লড়াইয়ে নামা নিয়ে তিনি স্বচ্ছন্দ ছিলেন না বলেই ঘনিষ্ঠ মহলে আলোচনা চলছিল। ফলে বিষয়টি শুধু রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না।

ব্যক্তিগত সমীকরণও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অন্যদিকে, রাজনৈতিক শিবিরের তরফে চেষ্টা থেমে থাকেনি বলেই খবর। উত্তরপাড়া না হলে অন্য কোনও আসন থেকেও তাঁকে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সংস্কৃতি জগতের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন আর সেই পরিসরে ইমনও পরিচিত মুখ। বিভিন্ন সরকারি অনুষ্ঠান বা সাংস্কৃতিক মঞ্চে তাঁর উপস্থিতি আগেও দেখা গিয়েছে।

তাই এই প্রস্তাবটা পুরোপুরি অপ্রত্যাশিতও ছিল না। তবে, শেষ পর্যন্ত আজ সব জল্পনার ইতি টানেন ইমন নিজেই। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর আগ্রহ রাজনীতিতে নয়, বরং তিনি নিজের গানের জগতেই থাকতে চান। আলো আর মঞ্চ তাঁর জীবনের অংশ হলেও, সেই মঞ্চটি রাজনৈতিক নয়! গায়িকার ভাষায়, “কিচ্ছু চাই না, শুধু গান গাইতে চাই!” এই কথাই যেন তাঁর অবস্থানকে পরিষ্কার করে দিয়েছে।

আরও পড়ুনঃ “মায়ের কাছেই পেয়েছি আসল শিক্ষা…স্কুল নয়” ‘জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পরিবার থেকেই শিখি’ জানালেন বরুণ চন্দ! বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থার ধারণা নিয়ে প্রশ্ন তুলে কি জানালেন তিনি?

এরপর সামাজিক মাধ্যমে তাঁর একটি পোস্টও বিশেষভাবে নজর কেড়েছে। খানিক রসিকতার সুরে তিনি লিখেছিলেন, গত কয়েক মাস ধরে তাঁকে নানান জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল। উত্তরপাড়া থেকে শুরু আমতলা, জামতলা করে আরও অনেক নাম উল্লেখ করে তিনি বিষয়টিকে এবার থামানোর আর্জি করেন। কিন্তু সেই কথার মধ্যেই ছিল একটি স্পষ্ট বার্তা, তিনি নিজের পথ নিজেই ঠিক করতে চান। তাই রাজনীতির আলোচনায় নাম জড়ালেও, ইমন জনপ্রিয়তা খুঁজে নিতে চান সুরের মধ্যেই, যেখানে তাঁর আসল পরিচয়।

You cannot copy content of this page