“প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়” কিংবদন্তিকে ঘিরে নির্লজ্জ মিথ্যাচার! সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীনতার এই চরম উদাহরণ কতটা নিন্দনীয় হয়ে উঠছে দিনের পর দিন?

টলিউড জুড়ে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্যকর এক খবর প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়াতে থাকে এই গুজব। অনেকেই বিশ্বাসও করে ফেলেন যে প্রিয় এই কিংবদন্তি আর নেই। মুহূর্তের মধ্যেই শোকবার্তার বন্যা বইতে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে।

এই খবর ছড়িয়ে পড়তেই কার্যত স্তম্ভিত হয়ে পড়েন অনুরাগীরা থেকে শুরু করে টলিউডের শিল্পীমহল। বহু মানুষ উদ্বেগ নিয়ে অভিনেত্রীর বাড়িতে ফোন করতে শুরু করেন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে। স্টুডিও পাড়াতেও তৈরি হয় আতঙ্ক ও দুশ্চিন্তার পরিবেশ। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না, আবার কেউ কেউ ভেঙে পড়েছিলেন এই ভেবে যে বাংলা সিনেমার স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র হয়তো চিরতরে নিভে গেল।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল সত্যি। ‘প্রয়াত’ হওয়ার যে খবরটি ছড়ানো হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ মহল স্পষ্ট জানিয়ে দেন, সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিজের বাড়িতেই রয়েছেন। তাঁর সহকারীরাও এই গুজব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের কথায়, “একটা সুস্থ মানুষকে অসুস্থ বা মৃত বলে রটানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। সকাল থেকে ফোন সামলাতে গিয়ে আমরা কার্যত বিপর্যস্ত।”

এই ঘটনার পর প্রশ্ন উঠছে একজন প্রবীণ, সম্মানীয় শিল্পীকে নিয়ে এ ধরনের মিথ্যাচার ঠিক কতটা গ্রহণযোগ্য? সোশ্যাল মিডিয়ার এই অবাধ ব্যবহারের যুগে যাচাই না করেই খবর ছড়িয়ে দেওয়ার প্রবণতা যে কতটা বিপজ্জনক, তা আবারও সামনে এল। শুধু শিল্পী নন, তাঁর পরিবারকেও এই ধরনের গুজব মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

উল্লেখ্য, প্রায় ৯০-এর কাছাকাছি বয়স হলেও এখনও অভিনয়ের জগতে সক্রিয় রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। কিছু বছর আগে বার্ধক্যজনিত অসুস্থতা কাটিয়ে উঠে আবারও কাজ শুরু করেছিলেন তিনি। সম্প্রতি ছোটপর্দার ধারাবাহিক ‘চিরসখা’-তেও তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। বয়স বাড়লেও তাঁর অভিনয়ের জাদু এখনও অমলিন।

আরও পড়ুন: শিল্প না, অস’ভ্যতামি! ‘স্ট্রিট ফটোগ্রাফি’র নামে অচেনা মেয়েদের সম্মানহানি ও হেন’স্থার চেষ্টা! শহরের রাজপথে ‘স্ট্রেঞ্জার পোর্ট্রেট’ ফটোগ্রাফির বিরুদ্ধে সরব অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়!

এই ঘটনার পর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একজন কিংবদন্তি শিল্পীকে নিয়ে এমন ভুয়ো খবর রটানো কি শুধুই মজা, নাকি এটি এক ধরনের চরম অসচেতনতা? অনেকেই বলছেন, এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, এভাবে বারবার গুজব ছড়ালে শুধু শিল্পী নয়, পুরো সমাজই বিভ্রান্তির শিকার হবে।

You cannot copy content of this page