বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত মুখ ববি চক্রবর্তী গত প্রায় দুই দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করার পরেও অভিনয়ের প্রতি গভীর ভালোবাসাই তাঁকে টেনে নিয়ে আসে এই গ্ল্যামার জগতে। নিজের পরিশ্রম ও দক্ষতার জোরে তিনি বাংলা, হিন্দি এবং ইংরেজি, তিনটি ভাষাতেই অভিনয় করেছেন। বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘স্টেশন’ ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবনের সূচনা হয়। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। বিশেষ করে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলা’ তাঁকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। পাশাপাশি ‘অংশুমানের ছবি’ ও ‘কখন তোমার আসবে টেলিফোন’-এর মতো ছবিতেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।
অভিনয়ের পাশাপাশি ববি চক্রবর্তী সমাজের প্রতিও সমানভাবে দায়বদ্ধ। তিনি শুধু একজন অভিনেতাই নন, একজন সক্রিয় সমাজকর্মী হিসেবেও পরিচিত। যুব সমাজকে মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে তিনি ‘HCEP’ নামে একটি সচেতনতা কর্মসূচি চালাচ্ছেন। এছাড়াও তিনি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ‘মেথড অ্যাক্টিং’-এর শিক্ষক হিসেবে যুক্ত আছেন। নতুন প্রজন্মের শিল্পীদের হাতে-কলমে অভিনয়ের শিক্ষা দিচ্ছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি সমাজ গঠনের ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিজিটাল যুগে মানুষের আচরণ নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন ববি চক্রবর্তী। তাঁর মতে, আজকের দিনে মানুষ খুব সহজ একটি বিষয় ভুলে যাচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করা। তিনি বলেন, “ডিজিটাল যুগে আমি কাউকে একটা মেসেজ পাঠালাম, আর সে শুধু ‘সিন’ করে অর্থাৎ দেখে রেখে দিল এটা এখন নিত্যদিনের ঘটনা।” এই প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, “সভ্য মানুষের অসভ্যতা দেখে আমি বিতশ্রদ্ধ হয়ে গেছি,” অর্থাৎ শিক্ষিত মানুষের এই ধরনের অসভ্য আচরণ দেখে তিনি বিরক্ত ও ক্লান্ত। তাঁর মতে, একটি ছোট্ট রিপ্লাই বা ধন্যবাদ জানানো কোনও কঠিন কাজ নয়, বরং সেটাই হওয়া উচিত স্বাভাবিক সৌজন্য।তিনি আরও জানান, দর্শকদের কাছ থেকে তিনি প্রচুর ভালোবাসা ও সমর্থন পান এবং সেই জন্য তিনি কৃতজ্ঞ। হাজার হাজার কমেন্টের মধ্যেও তিনি যতটা সম্ভব সবার প্রতিক্রিয়াকে স্বীকার করার চেষ্টা করেন। তাঁর মতে, একজন শিল্পীর দায়িত্ব শুধু অভিনয় করা নয়, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “যারা আমাদের পর্দায় দেখেন, তাদের জন্য অন্তত এইটুকু আমরা করতে পারি তাদের ভালোবাসার সম্মান জানানো।”
আরও পড়ুনঃ ‘‘প্রথম কোনও হিরো আমায় এভাবে অপমান করেছে, আগে কোনও দিন এমন হয়নি’’ ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক শুরু হতে না হতেই রণজয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভীকা’র? নতুন জুটির অনস্ক্রিন রসায়নে জমে উঠেছে গল্প, অফস্ক্রিনে তিক্ততা? এতদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী!
তবে সব মত যে এক হবে, তা তিনি মানেন না। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারেন এটাকে তিনি স্বাভাবিক বলেই মনে করেন। কিন্তু তিনি লক্ষ্য করেছেন, অনেক সময় দর্শকরাই অন্যায় সমালোচনার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং ইতিবাচক বার্তাকে সমর্থন করেন। শেষমেশ ববি চক্রবর্তী সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজে এখনও এমন অনেক মানুষ আছেন, যারা ভদ্রতা ও মানবিক মূল্যবোধ ধরে রেখে চলতে চান আর তাঁদের ভালোবাসাই তাঁকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।






