টলিউডে হঠাৎই নতুন চর্চার কেন্দ্রে রুক্মিণী মৈত্র। কোনও নতুন ছবি নয়, কোনও সম্পর্কের খবরও নয়, বরং নিজের নাম নিয়েই আলোচনায় উঠে এলেন অভিনেত্রী। আচমকা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় নিজের নামের বানানে বদল এনেছেন তিনি। সেই পরিবর্তন চোখে পড়তেই অবাক হয়েছেন অনুরাগীরা। কেন এই সিদ্ধান্ত নিলেন রুক্মিণী, তা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন ব্যক্তিগত কারণ, কেউ আবার ভাবছেন নতুন কেরিয়ার পরিকল্পনার অংশ এটি। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অভিনেত্রীর তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি। ফলে রহস্য আরও বেড়েছে। নেটমাধ্যমে এখন একটাই প্রশ্ন, হঠাৎ কেন এমন পদক্ষেপ নিলেন দেবের ঘনিষ্ঠ এই তারকা?
দেবের বিপরীতে নায়িকা হিসেবেই বাংলা ছবিতে রুক্মিণীর যাত্রা শুরু। দীর্ঘদিন তাঁকে দেবের সঙ্গে জুটি বেঁধেই বড় পর্দায় বেশি দেখা গিয়েছে। তবে সময়ের সঙ্গে তিনি নিজের আলাদা পরিচয়ও তৈরি করেছেন। শুধু দেবের ছবিতে সীমাবদ্ধ না থেকে অন্য নায়কদের সঙ্গেও কাজ করেছেন রুক্মিণী। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ‘সুইজারল্যান্ড’ ছবিতে। আবার জিৎ-এর সঙ্গে অভিনয় করেছেন ‘বুমেরাং’-এ। ফলে ধীরে ধীরে নিজের কেরিয়ারকে অন্য পথে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। এখন আর শুধু কোনও জনপ্রিয় জুটির অংশ নন, বরং স্বতন্ত্র অভিনেত্রী হিসেবেও জায়গা তৈরি করেছেন রুক্মিণী।
শুধু বাণিজ্যিক ছবিই নয়, বিষয়ভিত্তিক সিনেমাতেও নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। নারী কেন্দ্রিক ছবি ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান’-এ নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকের মতে, এই ছবিই তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক। অভিনয়ের পাশাপাশি চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও রুক্মিণী যে নতুন পথে হাঁটছেন, তা এই কাজেই স্পষ্ট। তাই নামের বানান বদলের সিদ্ধান্তকেও অনেকেই তাঁর নতুন অধ্যায়ের অংশ হিসেবে দেখছেন। যদিও এসব জল্পনার কোনও উত্তর এখনও মেলেনি। ফলে রহস্য বজায় রেখেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী।
এবার আসা যাক আসল ঘটনায়। ইংরেজিতে নিজের পদবীর বানান পরিবর্তন করেছেন রুক্মিণী। আগে যেখানে তাঁর নাম লেখা হত “MAITRA”, এখন সেখানে লেখা হচ্ছে “MITR”। অর্থাৎ পদবী থেকে একটি অক্ষর বাদ দিয়েছেন তিনি। কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে অনেকের ধারণা, নিউমরোলজির কারণেই এই পরিবর্তন। তারকাদের মধ্যে নামের বানান বদলের ঘটনা নতুন নয়। অনেক অভিনেতা-অভিনেত্রীরাই এমন করে থাকেন। প্রসঙ্গত, মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন রুক্মিণী।
আরও পড়ুনঃ “দাঁতে দাঁত চেপে সহ্য করতে শিখেছি মায়ের থেকে, নিজের অভাব নিয়ে অভিযোগ না করে চেষ্টা চালিয়ে যেতে শিখিয়েছে মা!” জীবনের কঠিন সময়, অপমান, লড়াই আর সাফল্য নিয়ে অকপট সুদীপ্তা ব্যানার্জি!
২০১৭ সালে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ ঘটে তাঁর। একই বছরে ‘চ্যাম্প’ ও ‘ককপিট’-এর জন্য জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট-এ ‘সেরা ডেবিউ (মহিলা)’ পুরস্কার পান তিনি। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’, ‘সুইজারল্যান্ড’, ‘কিশমিশ’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’, এবং ‘বুমেরাং’-এ অভিনয় করেছেন। বিদ্যুৎ জাম্মওয়ালের বিপরীতে ‘সনক’ দিয়ে বলিউডে পা রাখেন। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতে। সামনে দেবের সঙ্গে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ এবং রামকমল মুখোপাধ্যায়ের ‘দ্রোপদী’-তে দেখা যাবে তাঁকে।






