২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রধান প্রচারক হিসেবে বাংলাজুড়ে প্রচারে দেখা গিয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। প্রবল গরম উপেক্ষা করেই একের পর এক সভা, রোড শো এবং প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের পর বাংলায় বিজেপির জয়কে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চায় উঠে এসেছে তাঁর ভূমিকা।
নির্বাচনের পর এবার নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে আলোচনা হয়। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনাও শুরু হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মিঠুনের সম্পর্ক এবং তাঁর সক্রিয় ভূমিকা নিয়েও আলোচনা চলছে।
মিঠুনকে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গত কয়েক বছরে বাংলার রাজনৈতিক পরিবেশ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। শুধু বিজেপির সমর্থকদের মধ্যেই নয়, সাধারণ মানুষের কাছেও তাঁর জনপ্রিয়তা রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে চলেছেন মিঠুন চক্রবর্তী।
মুখ্যমন্ত্রী আরও জানান, মিঠুন নিজে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তিনি উল্টে অভিনেতার বাড়িতেই যাওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে ছোটবেলা থেকেই মিঠুনের সিনেমা দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শুভেন্দু। তাঁর মতে, অভিনয় জগত এবং জনমানসে মিঠুনের জায়গা সবসময়ই আলাদা ছিল।
আরও পড়ুনঃ ‘অনেক সময় ডেকে তারপরেই বাদ দেওয়া হয়েছে, দীর্ঘদিন মেলেনি কাজ!’ নতুন সরকার ইন্ডাস্ট্রির উন্নতি করুক! টলিউডে বদলের হাওয়ায় অকপট পায়েল সরকার!
অন্যদিকে শুভেন্দু অধিকারীকেও প্রশংসায় ভরিয়ে দেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য এর থেকে ভালো মুখ্যমন্ত্রী আর হতে পারে না। শপথ নেওয়ার পর থেকেই শুভেন্দু কাজ শুরু করেছেন বলেও মন্তব্য করেন অভিনেতা। পাশাপাশি তিনি জানান, মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করতেই হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও তাঁদের আলোচনায় উঠে এসেছে।






