ছোটপর্দার শুটিং করতে গিয়ে নানা সময়ে অভিনেতা-অভিনেত্রীদের দুর্ঘটনার মুখে পড়ার খবর সামনে এসেছে। এবার সেই তালিকায় নাম জুড়ল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সোমা ব্যানার্জির। ধারাবাহিকে ‘অন্ন মা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়েই গুরুতর চোট পান অভিনেত্রী। পরে জানা যায়, তাঁর হাতের আঙুলের হাড় সরে গিয়ে ভেঙে যায়। যদিও সেই অবস্থাতেও কাজ থামাননি তিনি। বরং পেশাদারিত্বের পরিচয় দিয়ে শুটিং চালিয়ে গিয়েছেন, যা জেনে অনেকেই তাঁর প্রশংসা করছেন।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যায়, বড় মেয়ে স্বাতীকে সঙ্গে নিয়ে টাকা নিয়ে ফিরছিল অন্নপূর্ণা। সেই সময় পথেই ছিনতাইকারীদের হামলার মুখে পড়ে সব টাকা হারাতে হয় তাঁকে। এই দৃশ্যের শুটিংয়ের সময়ই ঘটে বিপত্তি। আজকাল ডট ইনকে সোমা ব্যানার্জি বলেন, “হাতটা সত্যিই ভেঙেছে। সেদিন যে টাকার প্যাকেট ছিনতাইয়ের দৃশ্য ছিল সেটা করার সময়ই ঘটনাটা ঘটে। আমার হাতে প্যাকেটটা জড়ানো ছিল। আর বাইকটা তো ফোর্সে বেরিয়েছে ওটা টেনে নিয়ে, যেমন দৃশ্যের প্রয়োজন ছিল, তাতেই আঙুলের হাড় সম্পূর্ণ সরে গিয়েছে।” এই ঘটনাতেই তাঁর হাতে গুরুতর আঘাত লাগে।
আঘাত পাওয়ার পরও সেদিনের শুটিং শেষ করেন সোমা। পরে পরদিন এক্স-রে করিয়ে চিকিৎসা শুরু হয়। হাতে ক্লিপিং করাতে হয়েছে তাঁকে। তবে ধারাবাহিকের চরিত্রের সঙ্গে সেই চিকিৎসার চিহ্ন যেন না দেখা যায়, তাই শুটিংয়ের সময় ক্লিপিং ঢাকতে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার করছেন অভিনেত্রী। তিনি জানান, এই কঠিন সময়ে শুটিং ফ্লোরে উপস্থিত সহকর্মীরা তাঁকে যথেষ্ট সাহায্য করেছেন। তাঁদের সহযোগিতার জন্য কাজ চালিয়ে যেতে অনেকটাই সুবিধা হয়েছে বলেও জানান তিনি।
শুধু শুটিংই নয়, আহত অবস্থাতেও নিজের দৈনন্দিন অভ্যাসে কোনও পরিবর্তন আনেননি সোমা ব্যানার্জি। ভাঙা হাত নিয়েই নিয়মিত সেটে উপস্থিত হচ্ছেন। এমনকি সহ-অভিনেতা ও কলাকুশলীদের জন্য বাড়ি থেকে রান্না করে খাবারও নিয়ে আসছেন। তাঁর এই মানসিকতা এবং কাজের প্রতি নিষ্ঠা ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। কঠিন শারীরিক অবস্থার মধ্যেও যে তিনি দায়িত্ব থেকে একটুও পিছিয়ে যাননি, সেটাই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ “মমতা বন্দ্যোপাধ্যায়কে দয়া করে অক’থ্য ভাষায় আ’ক্রমণ করবেন না, উনি তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন!” “ডিম ছুঁড়ে মারা বাংলার সংস্কৃতি নয়, এইসবের সমর্থক আমি নই!” বাংলায় রাজনৈতিক উ’ত্তাপের মাঝেই ব্যতিক্রম, বিরোধিতা করেও সম্মান দেওয়া নিয়ে কী বার্তা রূপা গঙ্গোপাধ্যায়ের?
প্রসঙ্গত, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে চলতি মাসের ১ জুন থেকে। সোমা ব্যানার্জির পাশাপাশি বড় মেয়ে স্বাতীর চরিত্রে অভিনয় করছেন ইপ্সিতা মুখার্জি, মেজ মেয়ে স্নেহার ভূমিকায় রয়েছেন স্বস্তিকা ঘোষ এবং ছোট মেয়ে সোমার চরিত্রে দেখা যাচ্ছে প্রিয়দর্শিনীকে। ধারাবাহিকের নায়ক রাজা চরিত্রে অভিনয় করছেন সৌম্যদীপ মুখার্জি। প্রতিদিন সন্ধ্যা ৭টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই নতুন ধারাবাহিক, যার শুরুতেই এমন দুর্ঘটনার খবর দর্শকদেরও চিন্তায় ফেলেছে।






