টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমের পরিচিত মুখ অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে গত কয়েক মাস ধরে পর্দায় বা সামাজিক মাধ্যমে খুব একটা দেখা যাচ্ছিল না। তাঁর এই হঠাৎ অনুপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই নিজের শারীরিক অবস্থার কথা জানালেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি জটিল শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি। সেই কারণেই সবকিছু থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন। একই সঙ্গে তিনি জানান, সম্প্রতি তাঁর অস্ত্রোপচারও হয়েছে এবং এখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।
সুমনা জানান, বহু বছর ধরে তিনি এন্ডোমেট্রিওসিস সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ সময় ধরে ওষুধ এবং অন্যান্য চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। অভিনেত্রীর কথায়, “এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে, অন্য কোনও উপায় ছিল না।” তিনি জানান, গত ৪ মে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসার পরবর্তী সময়টাও সহজ ছিল না। শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই কারণেই গত দু’মাস তিনি নিজের সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
অভিনেত্রী আরও লিখেছেন, “গত দু’মাস আমি যেন পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। ইচ্ছে করেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। এই সময়টা কেটেছে নিজেকে সুস্থ করে তোলার লড়াইয়ে। শারীরিক ও মানসিকভাবেও লড়াই করেছি।” তবে এখন তিনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন বলেও জানিয়েছেন। এই দীর্ঘ চিকিৎসার সময় যাঁরা তাঁর পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে চিকিৎসক এবং গোটা মেডিক্যাল টিমের প্রশংসা করে সুমনা বলেন, তাঁরা শুধু চিকিৎসাই করেননি, তাঁর মানসিক অবস্থাও বুঝেছেন এবং প্রতিটি মুহূর্তে সাহস জুগিয়েছেন।
এই অভিজ্ঞতার পর জীবনকে নতুনভাবে দেখতে শিখেছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। তিনি স্বীকার করেছেন, এমন একটা সময় এসেছিল যখন সামাজিক মাধ্যম থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ভেবেছিলেন। এমনকি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম মুছে দেওয়ার ইচ্ছাও হয়েছিল তাঁর। কিন্তু পরে তিনি উপলব্ধি করেন, বাস্তব জীবন এবং ডিজিটাল জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে জরুরি। কারণ তাঁর জীবনে এখনও পরিবার, বন্ধু, কাজ এবং ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। সেই উপলব্ধিই তাঁকে নতুনভাবে এগিয়ে চলার শক্তি দিয়েছে।
আরও পড়ুনঃ ‘আমার মা যখন মারা গেলেন… প্রায় কুড়িটা শাড়ি, একটা কম্বল, আর অগুন্তি বই…’ বরাবর নিজের দায়িত্ব নিজেকে নিতে শিখিয়েছিলেন মা, প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্তকে স্মরণ করে আবেগে ভাসলেন সোহিনী সেনগুপ্ত! মায়ের ত্যাগের অজানা গল্প ভাগ করতে গিয়ে চোখের জলে ভাসলেন অভিনেত্রী!
ভবিষ্যতে সামাজিক মাধ্যমকে অন্যভাবে ব্যবহার করতে চান বলেও জানিয়েছেন সুমনা চক্রবর্তী। তাঁর কথায়, এখন আর লাইক, কমেন্ট বা ফলোয়ারের সংখ্যা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং এমন মানুষের সঙ্গে যুক্ত থাকতে চান, যাঁরা একে অপরকে সাহস দিতে পারেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন। বিশেষ করে নারীদের জন্য এমন একটি নিরাপদ পরিসর গড়ে তুলতে চান, যেখানে তাঁরা নিজেদের শারীরিক ও মানসিক সমস্যার কথা কোনও সংকোচ ছাড়াই বলতে পারবেন। কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ফিরে এসে অভিনেত্রীর এই বার্তা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।






