জুবিন গর্গের প্রতি ভালোবাসাই ‘লাভ ইউ জুবিন দা’-র সবচেয়ে বড় শক্তি! পুরোদমে এগোচ্ছে ছবির শুটিং, প্রধান চরিত্রে রয়েছেন কোন জনপ্রিয় অভিনেতা?

বাংলা ও অসম, দুই সংস্কৃতির আবেগকে এক সুতোয় গেঁথে তৈরি হচ্ছে পরিচালক ও সঙ্গীত পরিচালক শ্রী প্রীতম-এর নতুন বাংলা চলচ্চিত্র ‘লাভ ইউ জুবিন দা’। বর্তমানে কলকাতা ও তার আশপাশের বিভিন্ন লোকেশনে পুরোদমে চলছে ছবির শুটিং। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সঙ্গীতের অনুপ্রেরণাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই দর্শক এবং চলচ্চিত্র মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এমডি ফারুক উদ্দিন-এর প্রযোজনায় এবং গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড ও বর্ষা মুভিজ-এর উপস্থাপনায় নির্মিত এই ছবির গল্পে উঠে আসবে এক সংগ্রামী তরুণ শিল্পীর স্বপ্ন, ভালোবাসা এবং জীবনের কঠিন বাস্তবতার লড়াই।

তবে এই ছবির বিশেষত্ব শুধু গল্পেই নয়, ছবির সঙ্গে যুক্ত শিল্পীদের আন্তরিক আবেগেও। পরিচালক শ্রী প্রীতম জানান, “এই ছবির প্রতিটি শিল্পী কোনও না কোনওভাবে জুবিন দার সঙ্গে আবেগের সম্পর্কে জড়িয়ে আছেন। সেই কারণেই শুটিংয়ের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে শুধুমাত্র কাজ নয়, একটি অনুভূতির প্রকাশ। আমরা এমন একটি ছবি তৈরি করছি, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন থেকে যাবে।” ছবির অন্যতম আকর্ষণ পরাণ বন্দ্যোপাধ্যায়, যিনি ছবিতে জিনিয়ার দাদুর চরিত্রে অভিনয় করছেন। বাস্তব জীবনেও তিনি জুবিন গর্গের সঙ্গীতের একনিষ্ঠ অনুরাগী। পরিচালক জানান, জুবিন গর্গের প্রতি ভালোবাসার টানেই পরাণ বন্দ্যোপাধ্যায় গল্প শোনার আগেই এই ছবিতে অভিনয়ের জন্য সম্মতি জানান, যা পুরো টিমের কাছে অত্যন্ত অনুপ্রেরণার।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট পরিচালক ও অভিনেতা অভিজিৎ গুহ। বাংলা চলচ্চিত্রে প্রথমবার জুবিন গর্গকে সঙ্গীত পরিচালক হিসেবে নিয়ে আসার কৃতিত্ব তাঁরই। সেই দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকেই তিনি ‘লাভ ইউ জুবিন দা’-র সঙ্গে যুক্ত হয়েছেন এবং ছবিতে জিনিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন। অসমের জনপ্রিয় অভিনেত্রী গীতাবলী রাজকুমারী-ও এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ছবিতে তিনি জিনিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন। জুবিন গর্গের প্রতি ব্যক্তিগত ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই তিনি বিনা দ্বিধায় ছবিতে কাজ করতে সম্মতি জানান এবং অসম থেকে কলকাতায় এসে শুটিংয়ে অংশ নেন।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইকবাল রহিমি এবং এই ছবির মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন বর্ষা সেনগুপ্ত। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায়, মধুমিতা গুপ্ত-সহ একাধিক গুণী শিল্পী। প্রতিটি শিল্পী নিজেদের চরিত্রকে বাস্তব করে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। নির্মাতাদের আশা, এই ছবির অভিনয় এবং সঙ্গীত দুই-ই দর্শকদের মনে আলাদা ছাপ ফেলবে।

Abhijit Guha

আরও পড়ুনঃ “ওকে এক্ষুনি গু*লি করে মে’রে ফেল…” হুকুম দিয়েছিলেন দাদু! প্রাণের চেয়েও প্রিয় নাতনি ছন্দা চট্টোপাধ্যায়কে কেন মে’রে ফেলতে চেয়েছিলেন তিনি? জমিদার পরিবারে ছিল না কিছুর অভাব, তবুও আ’তঙ্কে কেটেছে প্রথম জীবন? সেইসব ভয়ংকর অভিজ্ঞতা পেরিয়ে, কীভাবে তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি অভিনেত্রী?

উল্লেখ্য, ‘লাভ ইউ জুবিন দা’ কোনওভাবেই জুবিন গর্গের জীবনীভিত্তিক চলচ্চিত্র নয়। এটি তাঁর প্রতি অগণিত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং সঙ্গীতের মাধ্যমে গড়ে ওঠা আবেগের এক আন্তরিক চলচ্চিত্র-নিবেদন। নির্মাতাদের বিশ্বাস, ছবিটি শুধু একটি মিউজিক্যাল ড্রামা হিসেবেই নয়, বাংলা ও অসমের সাংস্কৃতিক মেলবন্ধনের এক স্মরণীয় দলিল হিসেবেও দর্শকদের মনে জায়গা করে নেবে।

You cannot copy content of this page