দুর্গাপুজোর আবহে বইয়ের স্টল ভাঙা ও তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এবার সমাজমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বামপন্থীদের বইয়ের স্টল বসানো নিয়ে বাধা এবং স্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে যখন বিতর্ক চলছে, তখনই ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্যে উঠে এসেছে সমাজের একাধিক অপরাধ, দুর্নীতি এবং অসঙ্গতির প্রসঙ্গ। কোথায় প্রশাসনের নজরদারি ও পদক্ষেপ বেশি জরুরি, আর কোথায় মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়, সেই প্রশ্নই নিজের পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন তিনি।
সুদীপ্তার পোস্টে প্রথমেই উঠে এসেছে গাঁ’জা ও অন্যান্য নেশার ঠেক, জু’য়ার আসর এবং পাড়ার মোড়ে মহিলাদের উত্যক্ত করার মতো সমস্যার কথা। পাশাপাশি রে’ভ পার্টির আসর, সিগারেট ও মদ তৈরির কারখানা এবং ভেজাল খাবার ও পানীয় তৈরির সঙ্গে যুক্ত চক্রের বিরুদ্ধেও সরব হয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, সমাজে এমন বহু জায়গা রয়েছে, যেখানে বেআইনি কাজ এবং মানুষের ক্ষতি করার মতো কার্যকলাপ চলে। সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। অথচ বইয়ের স্টল ভাঙার মতো ঘটনা কেন ঘটবে, সেই প্রশ্নও তাঁর লেখায় স্পষ্ট হয়ে উঠেছে।
শুধু অপরাধমূলক কাজই নয়, রাজনৈতিক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও নিজের পোস্টে তুলে ধরেছেন সুদীপ্তা। অসৎ নেতা-নেত্রীদের বেআইনি কাজকর্ম চালানোর অফিস, অবৈধভাবে নির্মিত ফ্ল্যাটবাড়ি এবং অসৎ মন্ত্রীদের অনৈতিক উপায়ে তৈরি অট্টালিকাসম বাসভবনের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। ধর্মীয় বিভাজন তৈরির জন্য মানুষের মনকে প্রভাবিত করার প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তাঁর এই তালিকায় রয়েছে মিড-ডে মিলের ডিম চুরি করে বিক্রি করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক ও অশিক্ষাকর্মীদের চক্র এবং সরকারি হাসপাতালের ওষুধ, যন্ত্রপাতি ও অঙ্গ পাচারের মতো গুরুতর অপরাধের প্রসঙ্গও। হাসপাতালের বাইরে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার জন্য সক্রিয় দালালচক্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এরপর বিনোদন জগতের অন্ধকার দিক এবং পরিবেশ ধ্বংসের বিষয়টিও সামনে এনেছেন সুদীপ্তা। সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে মহিলাদের অপমান ও শোষণের অভিযোগ রয়েছে, এমন প্রযোজনা সংস্থাগুলিকে নিশানা করেছেন তিনি। টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ বা অডিশনের প্রতিশ্রুতি দিয়ে নারী-পুরুষের আপত্তিকর ভিডিও তৈরি করে অনলাইনে বিক্রির চক্রের কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। পাশাপাশি অনুদানের অর্থ আত্মসাৎ করে তরুণ-তরুণীদের শোষণ করার অভিযোগে অভিযুক্ত নাট্যদলগুলির প্রসঙ্গ তুলেছেন। গাছ, পুকুর, পাহাড়, নদী ও জঙ্গল ধ্বংস করে উন্নয়নের নামে যে কর্মকাণ্ড চলছে, তার বিরুদ্ধেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। অর্থাৎ, সমাজের যে সমস্যাগুলি মানুষের জীবন, নিরাপত্তা ও পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলে, সেগুলির বিরুদ্ধে পদক্ষেপের প্রয়োজনীয়তাই তাঁর পোস্টে গুরুত্ব পেয়েছে।
আরও পড়ুনঃ ‘আমাদের পরিবার হয়তো নিখুঁত নয়’, দুই সন্তানকে নিয়ে ঘুরতে গিয়ে আবেগঘন বার্তা মানসীর!
পোস্টের শেষ অংশে গণতন্ত্র ও ভোটাধিকার নিয়েও সরব হয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তাঁর অভিযোগ, অসংখ্য মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে রাজনৈতিক দুষ্টচক্র। এরপরই তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, “ভাঙতে হলে এগুলো ভাঙুন। এগুলো ভাঙা জরুরী। বইয়ের স্টল ছেড়ে দিন। কোন সভ্য দেশের সভ্য সরকার বই সরাতে বুলডোজার আনে না।” এই বক্তব্যের মধ্য দিয়েই বইয়ের স্টল ভাঙার ঘটনার বিরুদ্ধে নিজের প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। তাঁর পোস্টের মূল বক্তব্য, সমাজের অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, কিন্তু বইয়ের স্টলকে সেই পদক্ষেপের লক্ষ্য করা উচিত নয়। দুর্গাপুজোর সময় বইয়ের স্টল ঘিরে তৈরি হওয়া বিতর্কে তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।






