বিগ বস বাংলার ঘর মানেই সম্পর্কের টানাপোড়েন, প্রেম, অভিমান আর বিতর্কের একের পর এক নতুন সমীকরণ। প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ঘরের অন্দরমহলে তাঁদের আচরণ, সবকিছু নিয়েই দর্শকদের কৌতূহল তুঙ্গে। সম্প্রতি নন্দিনী দত্তের বিদায়ের পর থেকেই বিগ বসের ঘরে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা জিতু কমল এবং সৃজলা গুহ। তাঁদের দু’জনের মধ্যে তৈরি হওয়া ঘনিষ্ঠতা এবং জিতুর প্রকাশ্যে ভালোবাসার কথা বলা ঘিরে এখন সরগরম রিয়্যালিটি শোয়ের অন্দরমহল। তবে এই নতুন সমীকরণের মাঝেই আলোচনায় উঠে এসেছে সৃজলার অতীত সম্পর্ক এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা।
নন্দিনী দত্তের বিগ বসের ঘর থেকে বিদায়ের পর থেকেই দর্শকদের নজর এখন অনেকটাই জিতু ও সৃজলার রসায়নের দিকে। বেশ কিছুদিন ধরেই দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছিল। কিন্তু সম্প্রতি সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করেন জিতু। বিগ বসের বাগান এলাকায় ক্যামেরার সামনেই সৃজলাকে সরাসরি নিজের ভালোবাসার কথা জানান তিনি। শুধু মুখে বলা নয়, একা বসে থাকা সৃজলার দিকে একটি হাতে লেখা চিরকুটও ছুড়ে দেন অভিনেতা। তাতে লেখা ছিল, ‘আই লাভ ইউ’। যদিও জিতুর এই প্রেম নিবেদনের কোনও সরাসরি উত্তর দেননি সৃজলা। বরং চিরকুটটি সৌরভ দাসকে দেখান তিনি। এর আগে ক্যামেরার সামনে নিজের মনের টানাপোড়েনের কথা বলতে গিয়ে সৃজলাকে বলতে শোনা যায়, ‘চাইনি ভালবেসে ফ্যালো।’
ফলে জিতুর এই প্রকাশ্য প্রেম নিবেদন এবং সৃজলার নীরবতা ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। তবে জিতু-সৃজলার এই নতুন সমীকরণের মাঝেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৃজলার সম্পর্কের ভবিষ্যৎ। ‘মন ফাগুন’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই শন ও সৃজলাকে ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার পর সৃজলা নিজেকে সিঙ্গল বলে দাবি করলেও গত বছর থেকে তাঁদের মধ্যে ফের ঘনিষ্ঠতা বাড়ার খবর সামনে আসে। এমনকি অভিনেত্রীর পারিবারিক বিপদের সময়েও পাশে ছিলেন শন। কয়েক মাস আগে শোনা যাচ্ছিল, চলতি বছরের শেষের দিকে শন ও সৃজলা বাগদান পর্ব সারতে পারেন।
তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। শুধু তাই নয়, দু’জনের একসঙ্গেই বিগ বসের ঘরে প্রবেশ করার কথা ছিল। কিন্তু শোয়ের এন্ট্রি সিনের পারফরম্যান্স করতে গিয়ে শনের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। সেই কারণেই শেষ পর্যন্ত বিগ বসের ঘরে প্রবেশ করা হয়নি অভিনেতার। এখনও ক্রাচের সাহায্যে হাঁটছেন তিনি এবং ডিসেম্বর মাসে কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। এদিকে জিতু ও সৃজলার ঘনিষ্ঠতা নিয়ে শনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বেশ সংযতভাবেই নিজের বক্তব্য জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “বিগ বসের ঘরে যা ঘটছে, তা দেখে মনে হচ্ছে আমার ওখানে না গিয়ে ভালই হয়েছে।
কারণ, ওই ঘরে যা ঘটছে তা একেবারেই আমার চরিত্রের সঙ্গে যায় না।” জিতু-সৃজলার সম্পর্ক নিয়ে আগাম কোনও মন্তব্য করতেও চাননি তিনি। শন স্পষ্ট জানিয়েছেন, “এটা একটা গেম শো। সেখান থেকে বেরিয়ে এসে কী হবে, তা সময় বলবে। এখনই এ নিয়ে কিছু মন্তব্য করার সময় হয়নি।” পাশাপাশি সৃজলাকে এই গেম শোয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তবে বাগদান নিয়ে চলা জল্পনায় জল ঢেলে শন জানিয়েছেন, আপাতত এমন কোনও পরিকল্পনা নেই। ভবিষ্যতে কিছু হলে সকলেই জানতে পারবেন। অর্থাৎ, সৃজলার সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে, এমন কোনও ঘোষণা করেননি অভিনেতা।
আরও পড়ুন: “এই ধরণের ভুল আর কখনও হবে না, আমাকে ক্ষমা করে দাও” রাজবীরের ভাইকে ফোন করে অঝোরে কান্না, ছেলের গায়ে হাত তোলা নিয়ে মায়ের কাছেও ক্ষমা চাইলেন নন্দিনী! “আন্টি আমার উপর রেগে আছে তবে… রাজবীরের ভাই ওঁর থেকেও বেশি ম্যাচিওর” বিগ বসের ঘর থেকে বেরিয়েই প্রেমিকের পরিবারের সঙ্গে আর কী কী কথা হয়েছে অভিনেত্রীর? কীভাবে সামলালেন সম্পর্কের তিক্ততা?
সব মিলিয়ে বিগ বসের ঘরে জিতুর প্রকাশ্য প্রেম নিবেদন, সৃজলার রহস্যময় নীরবতা এবং শনের সংযত প্রতিক্রিয়া ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। একদিকে জিতু নিজের অনুভূতি প্রকাশ্যে জানাচ্ছেন, অন্যদিকে সৃজলা এখনও কোনও স্পষ্ট উত্তর দেননি। আর শনও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও সিদ্ধান্তের কথা জানাতে নারাজ। ফলে বিগ বসের ঘরের এই রসায়ন কি শুধুই খেলার অংশ, নাকি শোয়ের বাইরে গিয়েও নতুন কোনও সম্পর্কের সূচনা হবে, তার উত্তর আপাতত সময়ের হাতেই।






