বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। কখনও বন্ধুত্বের টানাপোড়েন, কখনও সম্পর্কের রসায়ন, আবার কখনও প্রতিযোগীদের মধ্যে মনোমালিন্য ঘিরে চর্চা চলছে দর্শকমহলে। বিশেষ করে প্রতিযোগী সৃজলা গুহকে নিয়ে আলোচনা যেন কিছুতেই থামছে না। একদিকে ঘরের অধিকাংশ প্রতিযোগীর সঙ্গে তাঁর বিরোধ, অন্যদিকে নিজের জায়গায় অনড় থেকে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে প্রায় ৭০ দিন পর বিগ বসের ঘরে কাছের মানুষদের সঙ্গে দেখা করার সুযোগ পান প্রতিযোগীরা। সেখানেই সৃজলার সঙ্গে দেখা করতে পৌঁছন তাঁর দিদি লিমা। বোনকে এতদিন পর সামনে পেয়ে আবেগে ভেঙে পড়েন দু’জনেই।
এবার সৃজলার খেলা থেকে শুরু করে জিতুর সঙ্গে তাঁর সম্পর্ক, সবকিছু নিয়েই মুখ খুললেন লিমা। বিগ বসের ঘরে সৃজলা ও জিতুকে ঘিরে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে। জিতুর তরফ থেকে সৃজলার প্রতি বিশেষ অনুভূতির ইঙ্গিত মিললেও সৃজলার মনোভাব নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কখনও জিতুর প্রপোজাল, কখনও তাঁর বলা ‘এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী’ সংলাপ, আবার কখনও দু’জনের একসঙ্গে সময় কাটানো, সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। অনেকেরই ধারণা, সৃজলার মনেও হয়তো জিতুর জন্য আলাদা কোনও জায়গা তৈরি হয়েছে। কিন্তু এই জল্পনায় এবার স্পষ্ট বক্তব্য রাখলেন সৃজলার দিদি লিমা। লিমার কথায়, জিতুর সঙ্গে তাঁর কথা হয়েছে একেবারেই স্বাভাবিকভাবে।
বোনের খোঁজ নেওয়া, ভালো করে খেলার পরামর্শ দেওয়া এবং মনোবল বাড়ানোর মতো সাধারণ কথাবার্তাই হয়েছে। জিতুকে ব্যক্তি হিসেবে তাঁর ভালো লাগলেও, তার কারণ একটাই, এই মুহূর্তে সে সৃজলার পাশে দাঁড়াচ্ছে এবং বোনের হয়ে কথা বলছে। তবে জিতুকে সৃজলার বন্ধু হিসেবেই দেখেন তিনি। লিমার স্পষ্ট বক্তব্য, সৃজলার তরফ থেকে জিতুর প্রতি বন্ধুত্ব ছাড়া অন্য কোনও অনুভূতি নেই। তাঁর কথায়, বন্ধুত্বের মধ্যে মান-অভিমান, ঝগড়া কিংবা আবেগ থাকতেই পারে। কিন্তু তার অর্থ প্রেম নয়। জিতু নিজের মনের কথা জানেন, আর সৃজলার অনুভূতি কী, সেটাও তাঁর জানা। এমনকী জিতু যখন সৃজলাকে প্রপোজ করেছিলেন, তখনও সৃজলা ইতিবাচক কোনও উত্তর দেননি বলেই জানান তিনি।
লিমার মতে, একই বাড়িতে থাকতে থাকতে কেউ যদি পাশে দাঁড়ায়, লড়াই করে, তখন তাকে সরাসরি না বলতে অনেক সময় অস্বস্তি হতে পারে। সেই পরিস্থিতিকে অন্যভাবে দেখানোও হতে পারে। তবে সৃজলার দিক থেকে সম্পর্কের সমীকরণ বদলানোর কোনও ইঙ্গিত তিনি দেখেননি। জিতুর অনুভূতি নিয়ে মন্তব্য করতে না চাইলেও বোনের অবস্থান নিয়ে যথেষ্ট স্পষ্ট লিমা। পাশাপাশি বিগ বসের ঘরে সৃজলাকে বারবার ‘ফেক’ বলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর দিদি। লিমার দাবি, প্রথম দিন থেকে এখনও পর্যন্ত সৃজলা নিজের স্বভাব বদলায়নি। অন্য প্রতিযোগীরা তাঁকে নানা কটূক্তি করলেও তিনি সবসময় পাল্টা একইভাবে আক্রমণ করেননি। বরং কেউ আঘাত করলে তবেই নিজের বক্তব্য জানিয়েছেন।
লিমার মতে, সৃজলা অন্যদের মতো নিচু মানসিকতার মন্তব্য না করায় অনেকেই তাঁকে ফেক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বোনের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি জানান, সৃজলা তাঁকে জড়িয়ে ধরে শুধু বলেছিল, ‘ট্রাস্ট মি, এদের বল আমি এরকম নই।’ এই কথাতেই বোঝা যায়, ঘরের পরিস্থিতি নিয়ে কতটা মানসিক চাপে রয়েছে সে। অন্যদিকে সৃজলার শারীরিক অবস্থার বিষয়েও আশ্বস্ত করেছেন লিমা। দুর্ঘটনার পর এখন ফিজিওথেরাপি চলছে, তবে বর্তমানে সে অনেকটাই সুস্থ এবং ফিট রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ পর্দা থেকে বাস্তব, সর্বত্র প্রেম চর্চা সুচিত্রা ও সাবিত্রীকে নিয়ে! কিন্তু ‘মাধু’র কাছে উত্তম কুমার ছিলেন শ্রদ্বেয় ‘দাদা’, বিয়ের দিন সাতসকালে হাজির হয়ে মাধবী মুখোপাধ্যায়ের কাছে কী খেতে চেয়েছিলেন মহানায়ক? হবু কনেকে দেখে স্নেহের সুরে কোন প্রশ্ন করেছিলেন?
সবশেষে বোনের খেলার প্রশংসা করে লিমা বলেন, সৃজলা যে মানসিক শক্তি নিয়ে এতদিন ঘরে টিকে রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পরিবারের প্রত্যেকেই তাঁর জন্য গর্বিত এবং নিয়মিত ভোটের মাধ্যমে তাঁকে সমর্থন করছেন। এমনকী লিমার বিশ্বাস, সৃজলা এভাবেই খেলতে থাকলে শেষ পর্যন্ত বিজয়ীর ট্রফি নিয়েই বাড়ি ফিরতে পারে। তাই জিতুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যতই আলোচনা হোক না কেন, লিমার বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, বোনের কাছে জিতু শুধুই একজন বন্ধু। প্রেমের কোনও সমীকরণ আপাতত নেই বলেই দাবি তাঁর।






