বিগ বস বাংলার ঘরে পারিবারিক সপ্তাহে ছেলের সঙ্গে দেখা করতে এসে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে দুর্নিবার সাহার মা ডালিয়া বসু সাহা। পেশায় তিনি একজন পরিচিত বাচিকশিল্পী ও আবৃত্তিকার। ছেলের সঙ্গে যৌথ পারফরম্যান্সের পাশাপাশি নিজের স্পষ্ট কথা বলার ধরনেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। বিশেষ করে জিতু কমল ও সৃজলা গুহকে মিষ্টি কথার আড়ালে কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। ছেলের হয়ে মায়ের এমনভাবে কথা বলার বিষয়টি অবশ্য সকলের ভালো লাগেনি। নেটপাড়ার একাংশের মতে, বিশেষ করে সৃজলাকে নিয়ে কথা বলার আগে দুর্নিবারের কাছেই বিষয়টি জানতে চাওয়া উচিত ছিল তাঁর। অনেকের প্রশ্ন, ছেলের প্রতিটি আচরণকে সমর্থন না করে তাঁর ভুল থাকলে সেটাও কি মায়ের বলা উচিত ছিল না? এই নিয়েই যখন সমাজমাধ্যমে আলোচনা চলছে, ঠিক তখনই সামনে এল ডালিয়ার একটি পুরনো ফেসবুক পোস্ট। আর সেই পোস্ট ঘিরেই নতুন করে শুরু হয়েছে চর্চা।
দুর্নিবারের প্রথম স্ত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পরপরই ওই পোস্টটি করেছিলেন ডালিয়া। তখন মিনাক্ষীর সঙ্গে দুর্নিবারের বিবাহবিচ্ছেদ এবং পরবর্তীকালে মোহর ওরফে ঐন্দ্রিলার সঙ্গে গায়কের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। সেই সময় দুর্নিবার ও মোহরকে নিয়ে নেটপাড়ার একাংশের সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই মিনাক্ষীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন। আর সেই পরিস্থিতিতেই প্রাক্তন বউমার বিরুদ্ধে মুখ খুলেছিলেন ডালিয়া। সম্প্রতি নেটিজেনদের একাংশ তাঁর সেই পুরনো পোস্টটি খুঁজে বের করে আবারও সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেখানে মিনাক্ষীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি। বিশেষ করে ছেলের সঙ্গে বিচ্ছেদের সময় মিনাক্ষী কী কী জিনিস নিয়ে গিয়েছিলেন, সেই বিষয়ে বিস্তারিত লিখেছিলেন দুর্নিবারের মা। তাঁর সেই বক্তব্য সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে গায়কের প্রথম বিয়ের প্রসঙ্গ।
ডালিয়ার সেই পোস্টে লেখা ছিল, ‘যারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন ওই মেয়েটার জন্য তাদের কয়েকটা তথ্য দি, আমি দুর্নিবারের মা।’ এরপর তিনি টলিগঞ্জের মুর অ্যাভিনিউয়ের একটি সুসজ্জিত ফ্ল্যাটের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি ছিল, মিনাক্ষী সেই বাড়ি থেকে এসি-সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, নিজের গয়নার পাশাপাশি তাঁদের পরিবারের দেওয়া সমস্ত গয়নাও সঙ্গে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করেন ডালিয়া। এখানেই শেষ নয়, তাঁর বক্তব্য অনুযায়ী, দুর্নিবারের কাছে থাকা নগদ টাকার বেশিরভাগই মিনাক্ষীর কাছে থাকত। এমনকী, দুর্নিবারের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকাও পরিকল্পনা করে কিছুদিন আগে থেকেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। ডালিয়ার অভিযোগ, মিনাক্ষী বাড়ি ছাড়ার সময় এই সমস্ত জিনিস ও টাকা সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এমনকী, বাথরুমের আয়না থেকে শুরু করে বাসন মাজার প্রিল পর্যন্ত নিয়ে যাওয়ার অভিযোগও করেছিলেন তিনি। পাশাপাশি মিনাক্ষী বর্তমানে যে স্কুলে চাকরি করছেন, সেই চাকরিটিও দুর্নিবারের সাহায্যেই পেয়েছিলেন বলে দাবি করেছিলেন গায়কের মা।
পোস্টে আরও বেশ কিছু ব্যক্তিগত অভিযোগ করেছিলেন ডালিয়া। তাঁর দাবি ছিল, মিনাক্ষী তাঁকে এবং তাঁর স্বামীকে দুর্নিবারের সঙ্গে ঠিকমতো কথা বলতে দিতেন না। অর্থাৎ, ছেলের সঙ্গে মা-বাবার যোগাযোগের ক্ষেত্রেও বাধা তৈরি করা হত বলে অভিযোগ করেছিলেন তিনি। নিজের বক্তব্যের শেষে ডালিয়া লিখেছিলেন, ‘এইসব বলতে রুচিতে বাধে। তবে আপনাদের কান্না দেখে মনে হল কিছু বলা উচিত। প্রার্থনা করি আপনাদের মতো দরদীদের বাড়িতে যেন এইরকম বেচারি বউ আসে। কিছু না জেনে ড্রামাবাজদের নাটক আর সিরিয়াল দেখে মন্তব্য করবেন না। আপনাদের একটা মাথাও আছে এটা মনে রাখবেন। দুর্নিবার কোনোওদিন তার ডাক পেটায় না।’ নিজের ছেলের হয়ে সাফাই দিতে গিয়ে প্রাক্তন বউমাকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগ ডালিয়ার নিজের ফেসবুক পোস্টে করা দাবি, সেগুলিকে স্বাধীনভাবে প্রমাণিত তথ্য হিসেবে তুলে ধরা হয়নি। এতদিন পর সেই পোস্ট আবার ভাইরাল হওয়ায় দুর্নিবারের প্রথম বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে পুরনো বিতর্ক নতুন করে সামনে এসেছে।
আরও পড়ুনঃ “এই উৎসব এবার বন্ধ হোক”, কালীপুজোর শব্দদূষণ নিয়ে মন্তব্য সায়ন্তনীর! “শুধু কালীপুজো নিয়েই এত আপত্তি কেন বাঙালিদের? ছটপুজো, রমজান, নিউ ইয়ারের সময়ও তো দূষণ হয়, সমস্যা না এড়িয়ে সেগুলি নিয়েও আপত্তি জানানো হোক” পাল্টা প্রতিবাদ পৃথা চক্রবর্তীর! প্রাণীদের কষ্ট নিয়ে উদ্বেগ থাকলে সব উৎসবের ক্ষেত্রেই কি একই প্রতিবাদ হওয়া উচিত না? সুদীপ-পত্নীর যুক্তিতে সহমত নেটপাড়া!
এদিকে বিগ বস বাংলার ঘরে এবারও ছেলের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ডালিয়াকে। বিশেষ করে দুর্নিবারের চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুললে কীভাবে নিজের বক্তব্য জানাতে হবে, সেই পরামর্শও দিয়েছিলেন তিনি। জীতু ও সৃজলার সঙ্গে কথা বলার সময় সৃজলাকে উদ্দেশ্য করে বলেন, ‘শুনলাম, তুমি নাকি দুর্নিবারকে ভয় পেয়েছ?’ তাঁর এই প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন সৃজলা। এরপর ডালিয়া বলেন, ‘যদিও আমরা কিছুই শুনিনি। সেটা দেখানো হয়নি। তবে ওকে ভয় পাওয়ার কিছু নেই। ও প্রতিবাদ-ঝগড়া করতে পারে না। কেঁদে ফেলে। আর ও সবার জন্য কেয়ারিং।’ অর্থাৎ, ছেলের স্বভাব বোঝাতে গিয়ে তাঁর পক্ষেই কথা বলতে দেখা যায় মাকে। শুধু সৃজলাই নন, জিতু কমলের সঙ্গেও কথা বলতে গিয়ে দুর্নিবারের হয়ে প্রতিবাদ করেন ডালিয়া। জিতুর করা ‘কর্মা’ মন্তব্যের প্রসঙ্গ তুলে তাঁকে বলেন, ‘জিতু একটা কথা, কারও কর্মা, কেরিয়ার নিয়ে কথা বোলো না, শুনতে খারাপ লাগে। আসলে ও কী করেছে, কতটা করেছে, তুমি তো সেটা জানো না, তাই বলবে না।’ একদিকে বিগ বসের ঘরে ছেলের হয়ে মায়ের এমন অবস্থান, অন্যদিকে প্রাক্তন বউমাকে নিয়ে তাঁর পুরনো বিস্ফোরক পোস্ট, সব মিলিয়ে ফের আলোচনায় দুর্নিবারের পরিবার।






