তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা নতুন কিছু নয়। তবে কখনও কখনও সেই আলোচনা গণ্ডি ছাড়িয়ে এমন জায়গায় পৌঁছয়, যা নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। সম্প্রতি তেমনই চর্চার কেন্দ্রে রয়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের দু’জনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একত্রবাসের গুঞ্জন। এমনকী এই খবর সামনে আসার পর মানসী নাকি ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক ছেড়ে দিতে পারেন, এমন কথাও ছড়িয়েছে। যদিও এই সমস্ত খবর নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন দুই অভিনেতা। মানসী ও বিশ্বরূপ দু’জনেই নিজেদের সম্পর্ক নিয়ে ছড়ানো নানা কথার প্রতিবাদ করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই না করে খবর ছড়ানো এবং কটাক্ষ করার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এরই মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী অনন্যা গুহ। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
অনন্যার সেই পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি। তবে নেটিজেনদের একাংশের ধারণা, তাঁর এই বক্তব্যের নিশানায় রয়েছেন মানসী সেনগুপ্ত। পোস্টে অনন্যা লেখেন, ‘আরে, খুব পিছনে লেগেছিলি না? এবার কী হলো ভাই? নিজের পিছনে লোক লাগলে কেমন লাগে, সেটা তো এবার বুঝতেই পারছিস।’ এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। আরও লেখেন, ‘আমার ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলে, কত ভিডিও বানিয়ে টাকা কামিয়েছিস। কিন্তু আমি সেটা করব না। কারণ আমার শিক্ষা, আমার রুচি আমাকে সেই জায়গায় নামতে শেখায়নি। তবে একটা কথা, ব্যাপারটা বেশ মজার হচ্ছে!’ তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই অনেকে জানতে চাইছেন, কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন অনন্যা? যদিও পোস্টে কোনও ব্যক্তির নাম বা পরিচয় স্পষ্ট করেননি তিনি, তবুও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে মিলিয়ে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
আসলে অনন্যা গুহ ও তাঁর স্বামী সুকান্ত কুণ্ডুর বিয়ের সময়ও একটি বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিয়েতে বাউন্সার নিয়োগ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন অনন্যা। সেই সময় মানসী সেনগুপ্তও নিজের এক সহ-অভিনেত্রীর সঙ্গে অনন্যাকে নিয়ে ট্রোল করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিয়েতে বাউন্সার রাখা নিয়ে তাঁদের সেই মন্তব্য ঘিরে হাসিঠাট্টা হয়েছিল নেটপাড়ায়। এবার অনন্যার নতুন পোস্টে পিছনে লোক লাগানো এবং অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার প্রসঙ্গ উঠে আসায় অনেকেই পুরনো ঘটনাটির সঙ্গে যোগসূত্র খুঁজছেন। তাঁদের ধারণা, আগের সেই বাউন্সার বিতর্কের কথাই হয়তো ঘুরিয়ে ফিরিয়ে মনে করিয়ে দিয়েছেন অনন্যা। বিশেষ করে পোস্টের ভাষা এবং সময়ের দিকে নজর রেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে তাঁর বক্তব্যের কোনও সম্পর্ক থাকতে পারে। তবে অভিনেত্রী নিজে কোথাও মানসীর নাম উল্লেখ করেননি।
অনন্যার পোস্টে আরও একটি বিষয় নজর কেড়েছে। নিজের সম্পর্কে খারাপ কথা বলা এবং সেই নিয়ে ভিডিও তৈরি করে অর্থ উপার্জনের অভিযোগ তুললেও তিনি জানিয়েছেন, পাল্টা একই পথে হাঁটতে চান না। তাঁর বক্তব্য, ব্যক্তিগত শিক্ষা ও রুচির কারণে তিনি অন্য কারও সম্পর্কে সেই ধরনের কথা বলতে চান না। তবে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা তাঁর কাছে বেশ মজার বলেই জানিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট ঘিরে মন্তব্যের ঘরে নেটিজেনদের একাংশও নিজেদের মতামত জানিয়েছেন। একজন লেখেন, ‘ওই যে কথায় আছে না সময় কিন্তু কথা বলে। ইউনিভার্সে যা দেবে তাই ফেরত আসবে।’ আরেকজন পুরনো বাউন্সার বিতর্কের প্রসঙ্গ টেনে লেখেন, ‘হ্যাঁ, সেই কথাটা মনে আছে, বিয়েতে কি বাউন্সার নিয়ে যাবি ভাই? বলে খিল্লি করেছিল। এবার ঠিক হয়েছে। একেই বলে কর্মফল।’ অর্থাৎ অনন্যার পোস্টকে ঘিরে পুরনো ঘটনাও নতুন করে আলোচনায় ফিরে এসেছে।
আরেক নেটিজেনের মন্তব্যেও উঠে এসেছে একই প্রসঙ্গ। তিনি লেখেন, ‘হ্যাঁ, ভিডিয়োটা দেখেও আমিও ঠিক এটাই ভাবছিলাম! ট্রোলারদের বিরুদ্ধে কথা বলছে, অথচ নিজেই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল করে, বিশেষ করে তোমাদের দু’জনকে নিয়ে তো দুই বান্ধবী মিলে সবসময়ই করে। এবার কর্মফল এসে আঘাত করেছে।’ এই মন্তব্য থেকে স্পষ্ট, অনন্যার পোস্টকে ঘিরে শুধু বর্তমান পরিস্থিতি নয়, অতীতের কিছু ঘটনাও টেনে আনছেন নেটিজেনদের একাংশ। বিশেষ করে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা এবং পরে নিজেরাই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়টি নিয়ে চলছে আলোচনা। যদিও সোশ্যাল মিডিয়ায় করা এই মন্তব্যগুলি নেটিজেনদের ব্যক্তিগত মতামত। অনন্যার পোস্টের সঙ্গে মানসীর সম্পর্ক রয়েছে কি না, তা অভিনেত্রী নিজে স্পষ্ট করেননি। ফলে বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে।
আরও পড়ুনঃ “বাবা নাম দিয়েছিলেন ‘দশভূজা’, ওঁকে যত দেখি অবাক হই…” জনপ্রিয় অভিনেত্রী থেকে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী, গৃহকর্মে নিপুণা অঞ্জনা বসু একা হাতেই সামলান সংসারের যাবতীয়! একসঙ্গে থাকেন না, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাড়ি ফিরেই স্ত্রীকে পাশে নিয়ে মুখ খুললেন সুমন্ত বসু! জানালেন, অঞ্জনার কোন বিশেষ গুণে মুগ্ধ তাঁর স্বামী? কতটা মিস করেন স্ত্রীকে?
অন্যদিকে, মানসী ও বিশ্বরূপকে নিয়ে ছড়ানো একত্রবাসের গুঞ্জন ইতিমধ্যেই তাঁদের দু’জনের কাছ থেকেই প্রতিবাদের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে অনন্যার পোস্ট সামনে আসায় টলিপাড়ার দুই অভিনেত্রীর পুরনো সমীকরণ নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো খবরের বিরুদ্ধে সরব মানসী, অন্যদিকে কাউকে নাম না করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনন্যার। ফলে নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন, সত্যিই কি মানসীকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছেন অনন্যা, নাকি অন্য কোনও ঘটনার কথা বলতে চেয়েছেন অভিনেত্রী? আপাতত এই বিষয়ে অনন্যার তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে তাঁর পোস্টের প্রতিটি বাক্য ঘিরে যে নেটপাড়ায় আলোচনা শুরু হয়েছে, তা বলাই বাহুল্য। পুরনো বাউন্সার বিতর্কের সঙ্গে নতুন পোস্টের যোগসূত্র নিয়েই এখন কৌতূহলী দর্শকরা।






