বিনোদন জগতে এমন অনেক শিল্পী থাকেন, যাঁরা নিজেদের প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটানোর আগেই আচমকা বিদায় জানান পৃথিবীকে। অল্প সময়ের অভিনয় জীবনেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। জীবনের কঠিনতম লড়াইয়েও বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। দু’বার মারণরোগ ক্যা*ন্সারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মস্তিষ্কে রক্তক্ষরণে থেমে যায় তাঁর জীবনের পথচলা। ২০২২ সালের ২০ নভেম্বর মাত্র ২৪ বছর বয়সে চিরবিদায় নেন এই অভিনেত্রী। দেখতে দেখতে চার বছর কেটে গেলেও আজও তাঁর স্মৃতি সমানভাবে জড়িয়ে রয়েছে অনুরাগী থেকে শুরু করে পরিবার এবং কাছের মানুষদের মনে। আজ ২০ নভেম্বর, ঐন্দ্রিলার চতুর্থ মৃত্যুবার্ষিকী।
২০২২ সালের ১ নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর টানা ২০ দিন ধরে চলে জীবন-মৃত্যুর লড়াই। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা এবং প্রিয়জনদের প্রার্থনা সত্ত্বেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি তাঁকে। ক্যানসারের মতো মারণরোগের বিরুদ্ধে দু’বার জয়ী হয়েও এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। ঐন্দ্রিলার জীবনের এই কঠিন লড়াইয়ে সবচেয়ে কাছের মানুষ হয়ে পাশে ছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক, অভিনেতা সব্যসাচী চৌধুরী। প্রেমিকার অসুস্থতার খবর থেকে শুরু করে হাসপাতালের প্রতিটি কঠিন মুহূর্তে তাঁর পাশে থেকেছেন সব্যসাচী। চিকিৎসার খোঁজখবর রাখা, অনুরাগীদের নিয়মিত আপডেট দেওয়া সব দায়িত্বই পালন করেছিলেন তিনি। একসঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন দু’জনে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। ঐন্দ্রিলার চলে যাওয়ার সঙ্গে থেমে যায় তাঁদের একসঙ্গে পথচলার গল্পও
ঐন্দ্রিলার মৃত্যুর পর চার বছর কেটে গেলেও মেয়েকে হারানোর শোক থেকে আজও বেরিয়ে আসতে পারেননি তাঁর মা শিখা শর্মা। মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। তাঁর কথায়, দেখতে দেখতে প্রায় চার বছর কেটে গেলেও এখনও মাঝেমধ্যে মনে হয়, এই তো সেদিনের ঘটনা। মিষ্টি আবার তাঁকে ‘মা’ বলে ডাকবে। নভেম্বর মাসটা তাঁর কাছে অত্যন্ত অভিশপ্ত। কারণ, এই মাসের সঙ্গেই জড়িয়ে রয়েছে জীবনের সবচেয়ে ভয়াবহ স্মৃতি। ২০২২ সালের ১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঐন্দ্রিলাকে। শিখা দেবী জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পর কয়েক দিনের জন্য জ্ঞান ফিরেছিল মেয়ের। এই সময়টুকুতে চোখ খুলে তাকিয়েছিল সে। কিন্তু ৪ নভেম্বর থেকে কোমায় চলে যায় ঐন্দ্রিলা। তারপর আর মায়ের দিকে তাকিয়ে ডাকেনি সে।
মেয়ের ছোটবেলার স্মৃতি মনে করেও আবেগ সামলাতে পারেননি শিখা শর্মা। জানিয়েছেন, ছোট থেকেই ভীষণ দুষ্টু এবং চঞ্চল ছিল তাঁর মিষ্টি। বহরমপুরের বাড়িতে একটি ঘোরানো সিঁড়ি ছিল। সেই সিঁড়ি দিয়ে নামার সময় এক ধাপ ছেড়ে অন্য ধাপে লাফিয়ে নামত সে। সারাক্ষণ নাচ, আবৃত্তি আর দৌড়ঝাঁপে মেতে থাকত। অথচ সেই প্রাণোচ্ছল মেয়েকেই হাসপাতালের বিছানায় কোমায় শুয়ে থাকতে দেখতে হয়েছিল তাঁকে। হাসপাতালের দিনগুলোর কথা বলতে গিয়ে শিখা দেবী জানান, মেয়ের বিছানার পাশে বসে প্রতিনিয়ত মনে হত, এই বুঝি ঐন্দ্রিলা চোখ খুলে বলবে, ‘মা, কী করছো? আমায় খেতে দাও বা আমার সঙ্গে একটু গল্প করো।’ মেয়ের এই ছোট ছোট আবদারগুলোই আজ তাঁর কাছে সবচেয়ে বড় শূন্যতা। আরও যন্ত্রণার বিষয়, সেই সময় শিখা দেবীর নিজেরও কেমোথেরাপি চলছিল। নিজের চিকিৎসার সময়টুকু বাদ দিয়ে বাকি সময় মেয়ের পাশেই বসে থাকতেন তিনি। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি না দিলেও বিশেষ অনুমতি নিয়ে মেয়ের বিছানা থেকে কিছুটা দূরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে থাকতেন। শুধু তাকিয়ে থাকতেন মেয়ের দিকে।
আরও পড়ুনঃ “যেভাবে ওকে ছুঁড়ে দেওয়া হল, মুখটাও ফেটে যেতে পারত!” “জিতু একজন খু*নি, ওর একটা ধ্বংসাত্মক মানসিকতা আছে, চিকিৎসার প্রয়োজন!” “কাউকে আ’ঘাত করে জেতার মানসিকতা সৌরভের নেই, আর ওই জেতায় কোনও আনন্দও নেই!” ছেলের ক্ষ’ত থেকে র*ক্তপাত দেখে আর চুপ থাকতে পারলেন না মা! শাস্তির দাবিতে, জিতুর বিরুদ্ধে একের পর এক কী গুরুতর অভিযোগ সৌরভ দাসের মায়ের?
এদিকে সামনে বড় মেয়ে ঐশ্বর্য শর্মা, যাঁকে বাড়িতে মিতুল বলে ডাকা হয়, তাঁর বিয়ে। আগামী জানুয়ারিতে বিয়ের প্রস্তুতি ঘিরে বাড়িতে নানা পরিকল্পনা চলছে। কিন্তু প্রতিটি আয়োজনেই আরও বেশি করে মনে পড়ছে ঐন্দ্রিলাকে। শিখা শর্মা জানিয়েছেন, দিদির বিয়েতে কী রঙের শাড়ি হবে, কী ধরনের গয়না পরবেন, তা নিয়ে অনেক পরিকল্পনা ছিল মিষ্টির। আজ সে সশরীরে নেই, অথচ পরিবারের প্রতিটি আনন্দের মুহূর্তে তার উপস্থিতি অনুভব করেন তাঁরা। মেয়েকে হারানোর যন্ত্রণা যে কোনও দিন মুছে যাওয়ার নয়, তা স্পষ্ট তাঁর কথায়। চার বছর পরেও ঐন্দ্রিলা পরিবারের কাছে শুধুই অতীতের স্মৃতি নন, তিনি তাঁদের প্রতিদিনের অনুভূতি। যে মেয়েটি নিজের জীবনের প্রতিটি কঠিন লড়াইয়ে সাহসের পরিচয় দিয়েছিল, তাঁর হাসি, স্বপ্ন আর অসমাপ্ত গল্প আজও অগণিত মানুষের হৃদয়ে বেঁচে রয়েছে।






