উত্তম-সৌমিত্রের সমসাময়িক হয়েও স্বতন্ত্র অভিনয় প্রতিভায় অমর, ‘অযান্ত্রিক’-এর বিমল থেকে ‘বরযাত্রী’র গণেশ! ফুটবল, ক্রিকেট থেকে বক্সিং ও লাঠিখেলায় পারদর্শী, খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে শুরু, পরর্বতীতে কীভাবে বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা হয়ে উঠেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়? কিংবদন্তি শিল্পীর জন্মদিনে জেনে নিন, কেমন ছিল তাঁর জীবনযুদ্ধ ও শেষ অধ্যায়?

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু অভিনেতা রয়েছেন, যাঁদের অভিনীত চরিত্রগুলি সময় পেরিয়েও দর্শকের মনে থেকে গিয়েছে। কালী বন্দ্যোপাধ্যায় তাঁদেরই একজন। পর্দায় কখনও তিনি সরল, কখনও হাস্যরসিক, আবার কখনও গভীর জীবনবোধে ভরা কোনও সাধারণ মানুষের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। ২০ নভেম্বর তাঁর জন্মদিন। ১৯২০ সালের ২০ নভেম্বর কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন তিনি। যদিও কিছু সূত্রে তাঁর জন্মসাল ১৯২১ উল্লেখ করা হয়েছে। তাঁর আসল নাম ছিল কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। পরিবারের আদি নিবাস ছিল পূর্ববঙ্গের ঢাকা জেলার বিক্রমপুরে। বাবা মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী এবং মা ভবানীদেবী। ছয় ভাই ও পাঁচ বোনের বিশাল পরিবারের দ্বিতীয় সন্তান ছিলেন কালী। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি ছিল তাঁর প্রবল ঝোঁক। লন্ডন মিশনারিতে প্রাথমিক শিক্ষা এবং সত্যভামা ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীতে রিপন কলেজে ভর্তি হলেও পড়াশোনার চেয়ে খেলাধুলো, নাটক এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেই বেশি আগ্রহী ছিলেন তিনি।

অভিনেতা হওয়ার আগে কালী বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল বড় খেলোয়াড় হওয়ার। ফুটবল, ক্রিকেট, বক্সিং, লাঠিখেলা, ছোরাখেলা এবং জিমন্যাস্টিকে পারদর্শী ছিলেন তিনি। বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলতে গিয়ে একাধিকবার সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন। একবার কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পাল তাঁকে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে দেখে অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, তিনি আসলে কোন ক্লাবের সদস্য! তবে খেলাধুলোর পাশাপাশি ছোটবেলা থেকেই নাটকের প্রতিও আকর্ষণ তৈরি হয়েছিল তাঁর। স্কুলে পড়ার সময় থেকেই নাটকে অভিনয় শুরু করেন। দক্ষিণ কলকাতার শৌখিন অভিনেতা বিদ্যুৎ বসুর ডাকে ‘কেদার রায়’ নাটকে কার্ভালো চরিত্রে অভিনয় করে প্রথম রাতেই পুরস্কার পান। সেই থেকেই বন্ধুদের কাছে তাঁর নাম হয়ে যায় ‘কার্ভালো কালী’। পরবর্তীতে মহেন্দ্র গুপ্তর পরিচালনায় ‘শতবর্ষ আগে’, ‘টিপু সুলতান’ এবং ‘স্বর্গ হতে বড়’ নাটকে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের প্রতিও তাঁর আগ্রহ ছিল।

একসময় সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রশিক্ষণ নিতে পঞ্জাবেও চলে গিয়েছিলেন। পরে দিল্লির ওয়্যারলেস হেডকোয়ার্টার্সে যোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ১৯৪২ সালের আন্দোলন এবং স্বাধীনতার জন্য সাধারণ মানুষের লড়াই তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। শেষ পর্যন্ত ফিরে আসেন কলকাতায়। ১৯৪৬ সালের দাঙ্গার সময়ও পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছিলেন তিনি। অভিনয়ের জগতে তাঁর পথচলা শুরু হয়েছিল আর্থিক প্রয়োজন এবং জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে। ১৯৪৭ সালে হিরন্ময় সেনের ‘বর্মার পথে’ ছবিতে তুলসী নামে একটি নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এরপর ‘ধাত্রীদেবতা’, ‘পদ্মাপ্রমত্তা নদী’, ‘তথাপি’র মতো ছবিতে কাজ করেন। তবে শুধু সিনেমায় অভিনয় করেই সন্তুষ্ট ছিলেন না তিনি। থিয়েটারের প্রতি টান তাঁকে বারবার মঞ্চে ফিরিয়ে নিয়ে যেত। এই সময়েই অসিত বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ ছবির সূত্রে জ্যোতিরিন্দ্র মৈত্র, সলিল চৌধুরী এবং অন্যান্য প্রগতিশীল শিল্পীদের সঙ্গে পরিচয় হয় তাঁর।

তাঁদের হাত ধরেই ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ-র সঙ্গে যুক্ত হন কালী বন্দ্যোপাধ্যায়। সলিল চৌধুরীর লেখা ‘শান্তি চাই’ পথনাটিকা নিজের পরিচালনায় মঞ্চস্থ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তির উপায়’ ছাড়াও ‘লেখক’, ‘নয়ানপুর’, ‘সংকেত’, ‘ভাঙাবন্দর’, ‘বিসর্জন’ এবং ‘দলিল’ নাটকে অভিনয় করেন। গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সময়েই বামপন্থী নেতা অবনী লাহিড়ীর বোন প্রীতির সঙ্গে পরিচয় হয় তাঁর। ১৯৫১ সালে দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের বছর তাঁদের কন্যা তাপসীর জন্ম হয়। তবে এই সময় আর্থিক অনটন এবং আন্দোলনের নানা সমস্যার কারণে পেশাদার অভিনয়ের দিকে আরও বেশি করে ঝুঁকতে হয় তাঁকে। কালী বন্দ্যোপাধ্যায়ের অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সত্যেন বসুর ‘বরযাত্রী’ ছবি। ১৯৫১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তোতলা গণেশের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি।

তাঁর স্বাভাবিক অভিনয় এবং নিখুঁত হাস্যরস দর্শকদের মনে জায়গা করে নেয়। এরপর ১৯৫২ সাল থেকে পেশাদার অভিনেতা হিসেবে বাংলা ছবিতে নিয়মিত কাজ শুরু করেন। ‘অঙ্কুশ’, ‘টনসিল’, ‘রিকশাওয়ালা’সহ একাধিক ছবিতে অভিনয় করেন। ঋত্বিক ঘটকের ‘নাগরিক’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ এবং অন্যান্য বিশিষ্ট পরিচালকের ছবিতে কাজ করে নিজের অভিনয় প্রতিভার পরিচয় দেন। ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’ ছবিতে বিমল চরিত্রে তাঁর অভিনয় আজও বাংলা সিনেমার অন্যতম স্মরণীয় কাজ। সত্যজিৎ রায়ের ‘পরশপাথর’ ছবিতে প্রিয়তোষ হেনরি বিশ্বাসের চরিত্র, মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবিতে ওয়াংলু এবং ‘তিন কন্যা’র ‘মণিহারা’ পর্বে ফণীভূষণের চরিত্রেও তিনি দর্শকদের মুগ্ধ করেন।

এছাড়াও ‘লৌহকপাট’, ‘ডাকহরকরা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘হাঁসুলীবাঁকের উপকথা’, ‘বাদশা’, ‘কত অজানারে’ এবং ‘আরোগ্য নিকেতন’-এর মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। চরিত্রের প্রয়োজনে নিজের কথা বলার ধরন, শরীরী ভাষা এবং অভিব্যক্তি বদলে ফেলার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। বাংলা সিনেমার পাশাপাশি মঞ্চেও সমান দক্ষতার পরিচয় দিয়েছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। ‘আরোগ্য নিকেতন’ নাটকে শশী কম্পাউন্ডার এবং ‘ক্ষুধা’ নাটকে সদার চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। একটা সময় এমনও এসেছিল, যখন তাঁর অভিনয়ের জনপ্রিয়তা এবং পারিশ্রমিক বাংলা চলচ্চিত্রের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে পাল্লা দিত। উত্তমকুমারও নাকি তাঁকে নিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করতেন। পরবর্তীতে হিন্দি ছবিতেও কাজের সুযোগ আসে তাঁর। নবেন্দু ঘোষের ‘ডগদরবাবু’ এবং হৃষীকেশ মুখোপাধ্যায়ের ‘বাবর্চি’, ‘সব সে বড়া সুখ’ ছবিতে অভিনয় করেন। তবে মুম্বইয়ের কাজের পরিবেশে মন না টেকায় ফিরে আসেন কলকাতায়।

সব মিলিয়ে প্রায় দেড়শো ছবিতে এবং ৩১টি নাটকে অভিনয় করেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনেও ছিলেন বেশ অন্যরকম। অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অসাধারণ। শুটিংয়ের সময় চরিত্রের মধ্যে সম্পূর্ণ ডুবে যেতেন। এমনকী শুটিংয়ের বিরতিতে অন্যদের সঙ্গে আড্ডা না দিয়ে হ্যারিকেনের আলোয় বই পড়তেও দেখা যেত তাঁকে। বই পড়ার পাশাপাশি কবিতা লেখার অভ্যাসও ছিল। জীবনের শেষদিকে নিজের দুই নাতনি শাওন ও সুদেষ্ণাকে একটি অঙ্গীকারপত্র লিখে দিয়েছিলেন। সেখানে নিজের কিছু অভ্যাস বদলানোর প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তাঁদের উদ্দেশে লিখেছিলেন, “তোমরা আমার আনন্দের উৎস। তোমাদের সকলের কাছে আমি ঋণী। এ ঋণের সুদ এ জন্মে পাবে। আসল পরের জন্মে দিব কথা দিলাম।” জীবনের শেষ অধ্যায় অবশ্য খুব একটা সুখের ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাংলা চলচ্চিত্রের কাজের ধরন বদলাতে থাকে।

Actor Life

আরও পড়ুনঃ “মা, আমায় খেতে দাও, একটু গল্প করো!” মেয়ের মৃ’ত্যুর চার বছর পরেও সেই ডাক কানে বাজে মায়ের! দু’বার মা’রণরোগ ক্যা*ন্সারকে হারিয়ে ফিরেছিলেন জীবনযুদ্ধে, কিন্তু ২০২২-এই লেখা ছিল সমাপ্তি! মাত্র ২৪ বছরেই চিরঘুমের দেশে ঐন্দ্রিলা শর্মা, অসমাপ্ত ভালোবাসার গল্প আজও কাঁদায় সব্যসাচীকে? অভিনেত্রীর চতুর্থ মৃ’ত্যুবার্ষিকীতে চোখের জলে স্মৃতিচারণ পরিবার ও অনুরাগীদের, কী বললেন মা শিখা শর্মা?

ভালো চরিত্রের অভাব নিয়ে কাছের মানুষদের কাছে আক্ষেপও করতেন তিনি। তাঁর মনে হত, অভিনয়ের মাধ্যমে আরও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। অথচ সেই সময় তাঁর মতো শক্তিশালী অভিনেতাকে কাজে লাগানোর মতো চরিত্র ক্রমশ কমে আসছিল। আর্থিক প্রয়োজনেও কিছু এমন চরিত্রে অভিনয় করতে হয়েছিল, যা নিয়ে তাঁর শুভাকাঙ্ক্ষীদের মন খারাপ হয়েছিল। তবুও অভিনয় থেকে সরে দাঁড়াননি। জীবনের শেষ ছবি ছিল ‘তান্ত্রিক’। সেই ছবির শুটিং করতে গিয়ে বৃষ্টিতে দীর্ঘক্ষণ ভিজতে হয়েছিল তাঁকে। এরপর ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত হন অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ১৯৯৩ সালের ৫ জুলাই প্রয়াত হন কালী বন্দ্যোপাধ্যায়। তাঁর চলে যাওয়ার সঙ্গে বাংলা চলচ্চিত্র হারিয়েছিল এমন একজন শিল্পীকে, যিনি নায়ক হওয়ার প্রচলিত সংজ্ঞার বাইরে থেকেও নিজের অভিনয়ের জোরে দর্শকদের মনে স্থায়ী জায়গা তৈরি করেছিলেন। আজও ‘অযান্ত্রিক’-এর বিমল, ‘বরযাত্রী’র গণেশ কিংবা ‘নীল আকাশের নীচে’র ওয়াংলুর মতো চরিত্রের মধ্যে দিয়েই বেঁচে রয়েছেন তিনি। বাংলা সিনেমার ইতিহাসে কালী বন্দ্যোপাধ্যায়ের নাম তাই শুধু একজন অভিনেতা হিসেবে নয়, বরং এক স্বতন্ত্র অভিনয় প্রতিভার পরিচয় হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।

You cannot copy content of this page